আমার প্রিয় পোস্ট

বাংলা ব্লগ দিবস: একটি প্রস্তাবনা

১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০১

শেয়ারঃ
0 3 0

আজ ১৫ ডিসেম্বর। সাধারণভাবে দেখতে গেলে দিবসটির বিশেষ কোন গুরুত্ব নেই, কিন্তু দেশ-বিদেশের যেসব বাংলা ভাষাভাষী ব্লগিংয়ের সাথে জড়িত, তাদের কাছে সামান্য হলেও দিনটির একটি তাৎপর্য থেকে যায়। ১৫ ডিসেম্বর প্রথম বাংলা কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়্যারইন ব্লগ তার যাত্রা শুরু করে। শুরুতে ১০০ জনেরও কম ব্লগার নিয়ে শুরু করা সাইটটটির বর্তমান নিবন্ধিত সদস্যই ৩৮,০০০। কিন্তু এরচেয়েও বড় কথা হলো, সামহোয়্যারইন ব্লগের শুরু করা কমিউনিটি ব্লগিং এখন বাংলা ভাষাভাষী ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলা ব্লগিংয়ের জগতে আবির্ভূত হয়েছে সচলায়তন, প্রথম আলো ব্লগ, আমারব্লগ, ক্যাডেট কলেজ ব্লগ। প্রতিটিই তার স্বতন্ত্র্য বৈশিষ্ট্য নিয়ে একটি শক্ত অবস্থান করে নিয়েছে, হয়ে উঠেছে সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষীদের মিলনমেলা, মত প্রকাশের মাধ্যম, হয়তো গড়ে তুলেছে অদৃশ্য আত্মার বন্ধনও।

একটা ব্যাপার স্বীকার করতেই হবে, ব্লগিং এখন আর হেলাফেলা করার মত কোন বিষয় নয়, বা চরিত্রে শৌখিন হলেও বিষয়বস্তুর দিক দিয়ে মোটেই শৌখিন নয়। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, কোন খবর বা তথ্য দরকার হলে আজকাল আর বাইরের কোন সাইটে খুঁজি না, ব্লগেই পেয়ে যাই, বা না পেলেও ব্লগারদের সাহায্য চাইলে মিলে যায়। বাংলাতে কিছু লিখে সার্চ করলেও সবার আগে এই কয়টা বাংলা ব্লগেরই কোন পোস্টের লিংক চলে আসে। নিশ্চিতভাবেই বলা যায়, কয়েক বছরের মধ্যেই বাংলা ব্লগ মত প্রকাশের একটা বড় মাধ্যম হয়ে দাঁড়াবে, ব্লগাররা হয়ে যাবেন একটা গুরুত্বপূর্ণ "প্রেশার গ্রুপ"। বিশেষ করে, কর্পোরেট আর ব্যক্তিমালিকানাধীন মূলধারার মিডিয়ার জাঁতাকলে হাঁসফাঁস করা জনতার ব্লগের শরণ নেয়া সময়ের ব্যাপার মাত্র।

কাজেই, ব্লগ এখন শুধুমাত্র একটি বা দু'টি সাইট নয়, ব্লগিং এক নতুন যুগের সূচনা, সারা বিশ্বের সাথে তাল মিলানোর পথে আরেকটা পদক্ষেপ। এর জন্য দরকার ব্লগিংকে সবার মাঝে ছড়িয়ে দেয়া, এবং যতদূর বুঝি, "ব্লগ দিবস"-এর প্রয়োজন সেখানেই। প্রশ্নটা হলো, সেই ব্লগ দিবসটা কবে হবে? তার কার্যক্রমই বা কি হবে? ব্লগে এর মাঝেই এই নিয়ে বেশ কিছু পোস্ট চলে এসেছে, একজন সাধারণ ব্লগার হিসেবে নিজের মতামত জানানোর একটা চেষ্টা করার ইচ্ছা হলো তাই। ব্যক্তিগতভাবে, আমার মতামত সামহোয়্যারের জন্মদিনের পক্ষেই। খানিকটা পক্ষপাত আছে, অস্বীকার করি না, কারণ এখানেই আমার এবং আমার মত অনেকের ব্লগিংয়ের শুরু, এমনকি যারা এখন অন্য ব্লগ সাইটে লেখালেখি করেন বা সেগুলোর স্রষ্টা, তাদেরও যাত্রা শুরু এই ব্লগেই। যে পথ দেখায়, তাকে সেটার স্বীকৃতি দেয়ার মাঝে অগৌরবের কিছু তো দেখি না, কাজেই বাংলা ব্লগ দিবস সামহোয়্যারের জন্মদিনকে কেন্দ্র করে হলে সেখানে সামহোয়্যার ব্লগের আধিপত্যের কিছু আমি অন্তত খুঁজে পাই না।

এবার দেখি, ঐ দিনটা পালনে সমস্যাগুলো ঠিক কোথায়। ১৫ ডিসেম্বর আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দু'টো দিবসের মাঝে স্যান্ডউইচ হয়ে যায়, স্বাভাবিকভাবেই, যেকোন দিবসের চেয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস বা বিজয় দিবসের গুরুত্ব বহুগুণে বেশি। এখানে ব্লগিংকে সবার মাঝে ছড়িয়ে দেয়া একটা উদ্দেশ্য, কাজেই সেটা যেন সবাই গুরুত্ব দিয়েই গ্রহণ করে সেটাও দেখা জরুরী। সেজন্য সবাই উদযাপন করতে পারে, এমন একটা দিনেই ব্লগ দিবস হওয়া উচিত, এবং সেজন্য ডিসেম্বরের ৩য় বা ৪র্থ শুক্রবার (সাপ্তাহিক ছুটি, সবার উদযাপনের সুবিধা) ব্লগ দিবস পালন করা যায়, আর ১৫ ডিসেম্বরকে সামহোয়্যারের জন্মদিন হিসেবে পালন করাই শ্রেয়। আবার এর পাল্টা যুক্তি হিসেবে, অনির্দিষ্ট কোন দিনকে ব্লগ দিবস হিসেবে পালন করায় অনেকের আপত্তি আছে, প্রতি বছর দিন পাল্টে গেলেই বা কেমন লাগে? সেক্ষেত্রে, ১৬ থেকে ২৫ ডিসেম্বরের মাঝামাঝি কোন একটা দিন উপযুক্ত হতে পারে, সেটা ১৮, ১৯, ২০ বা ২১ ডিসেম্বর হতে পারে, যা কিনা বাংলা ব্লগিংয়ের যাত্রা শুরুর আশেপাশেই থাকে, একই সাথে গুরুত্বপূর্ণ দু'টো জাতীয় দিবসের মাঝখানে বসেও বাগড়া বাধায় না।

এবার উদযাপনের কথা বলি ২-১টা। একটা জমায়েত হতেই পারে, সাথে অনলাইনেও লেখালেখি হতে পারে সেদিন। হতে পারে, সেদিন প্রত্যেক ব্লগার তার নিজের নিজের বলয়ে ব্লগিংকে প্রমোট করবেন। একই সাথে, ব্লগিংয়ের যারা ভবিষ্যৎ, তাদের ব্লগিং সম্পর্কে ধারণা দেয়ার জন্য ব্লগারদের পক্ষ থেকে কয়েকটি দল কোন কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেতে পারেন, ঠাকতে পারে লাইভ রেজিস্ট্রেশনের ব্যবস্থা এবং ব্লগে তার উপর তাৎক্ষণিক পোস্ট এবং অন্যান্য ব্লগারদের ফিডব্যাক ও মন্তব্য করার কার্যক্রম। নিশ্চিতভাবে বলা যায়, এমন একটি দারুণ ইন্টারঅ্যাকটিভ মাধ্যমে সরাসরি মতবিনময়ের সুযোগ তরুণ প্রজন্মকে আকৃষ্ট করবেই। একটা ব্লগ দিবসে ১০টা কলেজ-ভার্সিটি থেকে যদি ৫০০ জনকেও রেজিস্ট্রেশন করানো যায়, তাদের ২০% টিকে গেলেও কিন্তু সেটা ভবিষ্যতের ভিত্তি হয়ে থাকবে।

ব্লগাররা কি একজন সামান্য ব্লগারের সামান্য কথাগুলো একটু বিবেচনা করে দেখবেন?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগিংবাংলা ব্লগ দিবস ;
প্রকাশ করা হয়েছে: ব্লগ নিয়ে হল্লা  বিভাগে ।

 

১. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১০
জানজাবিদ বলেছেন: সহমত। ........................যেমনটা বলেছেন, মাধ্যম হিসেবে ব্লগটাকে জনপ্রিয় করতে ব্লগারদেরই এগিয়ে আসতে হবে।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৩

লেখক বলেছেন: স্বাভাবিক, যেহেতু এটা ঠিক মূলধারার মিডিয়া নয়।

২. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১১
কৌশিক বলেছেন: চমৎকার আইডিয়া। কোনো ন্যাশনাল ইভেন্টেও পার্টিসিপেট করতে পারে।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৫

লেখক বলেছেন: একটু ব্যাখ্যা দরকার কৌশিকদা।

৩. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৩
বাবুনি সুপ্তি বলেছেন: ভাইয়া, ঠিক বলেছেন।

বিজয় দিবসের শুভেচ্ছা ...
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৬

লেখক বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।

৪. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৩
বিডি আইডল বলেছেন: আইডিয়া ভালোই..

কথোপকথনের পোষ্টটা ড্রাফট থেকে বের করেছিলাম....প্রথম পাতায় আসার কথা না....গোলমাল হয়েছে কোথাও....তাই সরিয়ে রাখলাম আপাতত...
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৭

লেখক বলেছেন: ব্লগিংটা আর ঠিক উড়ায়া দেয়ার বিষয় না, এতদিন আছি, চাইলেও ছাড়তে পারি না এখন।

আপনারে আনব্যান দেখে ভাল লাগছে।

৫. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৩
একরামুল হক শামীম বলেছেন: ভালো প্রস্তাব। আমি সুনির্দিষ্ট তারিখ রাখার পক্ষে।
সেক্ষেত্রে ১৯, ২০, ২১ ডিসেম্বর যেকোন একটা তারিখ হতে পারে।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪২

লেখক বলেছেন: ১৫ সবচেয়ে ভাল হতো, কিন্তু সুদূরপ্রসারী পরিকল্পনার জন্য সেটা ভাল হবে না। ১৯,২০,২১ এর মাঝে কোন একটা হতে পারে।

৬. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৭
মনজুরুল হক বলেছেন:

ব্লগিং এখন আর কোন সখের বা সময় কাটানোর মাধ্যম নয়। অথবা স্রেফ আড্ডার ক্ষেত্রও নয়। এটা এখন বিশ্বজুড়ে একটি স্বীকৃত মিডিয়া। প্রিন্ট, ইলেকট্রিক এর পরই ব্লগের অবস্থান। সেই বিবেচনায় বাংলা ব্লগের সূচনা হিসেবে একটি দিনকে ব্লগ ডে ঘোষণা করা এখন আর সৌখিনতাও নয়। প্রয়োজন।

আপনার আলোচনার সূত্র ধরে আমার মতামত দিচ্ছি- ১৮ থেকে ২২ এর ভেতর থেকে আমি ১৯ ডিসেম্বরকেই ব্লগডে ঘোষণার আহ্বান রাখছি।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৬

লেখক বলেছেন: সারা বিশ্বে ব্লগ একটা বড় জায়গায় চলে গেছে, একটা সময় মূলধারাও হয়ে উঠতে পারে, কারণ এখানে মুদ্রার দুই পিঠের কথাই শোনা যায়। ব্লগ দিবস যে একটা হওয়া উচিত, সেটা নিয়ে সবাই একমত দেখা যায়, দেখা যাক, দিন তারিখ নিয়ে কি বলেন।

৭. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩২
'লেনিন' বলেছেন: ব্লগাররা প্রেশার গ্রুপ হয়ে পড়তে পারে তবে নাও তো হতে পারে?

আমার সর্বশেষ পোস্টটি একটু পড়ে দেখুন।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৭

লেখক বলেছেন: দেখছি।

৮. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৪
মিহির আহমেদ বলেছেন: সুনির্দিষ্ট তারিখ রাখার পক্ষে। আমার ভোট - ১৯ ডিসেম্বর।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: ১৯ কেন?

৯. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৪
লাভলুদা বলেছেন: আমি ১৯শে ডিসেম্বরের পক্ষে :)
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: আপনে তো ডেভেলপার, এই পাড়ায় পয়লা আসলেন। কিন্তু ১৯ কেন সেইটা বলেন। :)

১০. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৭
পান্থজন বলেছেন: লাভলুদা বলেছেন: আমি ১৯শে ডিসেম্বরের পক্ষে। আমিও ১৯ এর পক্ষে।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: সবাই ১৯ কেন?

১১. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৫
সুনীল সমুদ্র বলেছেন:


চমৎকার লেখা। এতো চমৎকার ভাবে ব্লগ-ডে ঘোষণার ক্ষেত্রে উদ্ভূত সবগুলো সমস্যার আদ্যোপান্ত তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ফারহান।

আমি মনজুরুল ভাইয়ের সাথে একমত হয়ে ১৯ ডিসেম্বরকেই ব্লগডে ঘোষণার পক্ষে মতামত দিলাম।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: বিজয় দিবসের আনন্দ উদযাপনের রেশ থাকতে থাকতেই করা ভাল মনে হয়েছে, এমনিতেও ডিসেম্বর বিজয়ের মাস, সেটার একটা আবেদন থাকেই।

১২. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫০
সাইফ হাসনাত বলেছেন: ভালো লাগলো অনেক। এমন হতেই পারে...
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: পারেই।

১৩. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫০
জাতেমাতাল বলেছেন: আমি মনে করি সব দিক বিবেচনা করে ১৯শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস উদযাপন করা যেতে পারে।

ফারহানকে অনেক ধন্যবাদ বিষয়টি আলোচনায় আনার জন্য।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: সবাই ঐদিকে যাচ্ছেন দেখি, তারিখটা অবশ্য মাঝামাঝি, কিন্তু স্পেসিফিক কারণটা জানালে ভাল হয়।

১৪. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫২
কৌশিক বলেছেন: মানে আমি বলছিলাম বৎসর জুড়ে বিভিন্ন সেনসেটাইজেশন ডে আছে কোনটা প্রতিবন্ধীদের জন্য, কোনটা আদিবাসীদের জন্য, কোনটা শিশুদের জন্য। এসব দিবসগুলোতে ঐ বিষয়গুলোতে আরো মানুষের ফোকাসের জন্য নানা উদ্যোগ, আয়োজন হয়ে থাকে। ব্লগাররা সেসব দিবসের নিজস্ব আয়োজন করতে পারে। ব্লগের বাইরে।
১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: এর মাঝেই ব্লগাররা প্রাপ্তি বা উপমা বা ভ্যালেরি টেইলরের বেলায় তাদের শক্তি প্রমাণ করেছেন, কাজেই এমন যে নিয়মিতই হবে সেটা নিয়ে কোন সন্দেহ নেই।

১৫. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৯
একরামুল হক শামীম বলেছেন: ১৯ ডিসেম্বরের ব্যাপারে ভেবে দেখা যেতে পারে।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: সবাই বললে, সমস্যা তো নেই।

১৬. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০০
কৌশিক বলেছেন: ১৯ তারিখের স্পেসিফিক কারণটা আপনিই লিখেছেন "সেক্ষেত্রে, ১৬ থেকে ২৫ ডিসেম্বরের মাঝামাঝি কোন একটা দিন উপযুক্ত হতে পারে, সেটা ১৮, ১৯, ২০ বা ২১ ডিসেম্বর হতে পারে, যা কিনা বাংলা ব্লগিংয়ের যাত্রা শুরুর আশেপাশেই থাকে, একই সাথে গুরুত্বপূর্ণ দু'টো জাতীয় দিবসের মাঝখানে বসেও বাগড়া বাধায় না।"

কাজেই দেখা যাচ্ছে একটা দিনে মতৈক্য হওয়া হচ্ছে এখন বিষয়। আমিও সেজন্য ১৯ তারিখকে ভোট দিলাম (পূর্ববর্তী ২০ তারিখের প্রস্তাব উইড্রোড)।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৫

লেখক বলেছেন: মতৈক্য ভাল লজিক। ব্লগাররা কি বলেন?

১৭. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৪
কালপুরুষ বলেছেন: লেখা ভাল হয়েছে। সহমত।

১৯শে ডিসেম্বর "ব্লগ ডে" হতে পারে।
১৮. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৫
মুনশিয়ানা বলেছেন: আমার মনে হয় ১৬ তারিখ আর ২৫ তারিখের মাঝামাঝি যদি কোন একটা দিন নির্দিষ্ট করতে হয়, তবে ১৯ ২০ অথবা ২১ তারিখ এসেছে প্রস্তাব হিসাবে। এর মধ্যে ১৯ আর ২১টা শুনতে ভাল লাগে।

কিন্ত যেহেতু আমাদের মহান ভাষা দিবস হিসাবে ২১ আছেই, সেক্ষেত্রে ১৯শে ডিসেম্বর বিবেচনা করা যেতেই পারে।

আমার ভোট তাই ১৯শের পক্ষে...
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৬

লেখক বলেছেন: ধন্যবাদ। দেখা যাক অন্য ব্লগাররা কি বলেন, কর্তাপক্ষেরই বা কি মতামত।

১৯. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৯
পারভেজ বলেছেন: নির্দিষ্ট করে দিলেই ভালো হয়; সেক্ষেত্রে ১৫ই ডিসেম্বর হতে পারে।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৭

লেখক বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ।

২০. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: কারণ থাকে না অনেক সময় । যেহেতু , ১৫ তে অনেক প্রোবলেম হচ্ছে , সেকারণে আমিও ১৯ কে ভোট দিলাম
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৮

লেখক বলেছেন: ১৯ এ লোক বেশি দেখি!

২১. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৬
তারার হাসি বলেছেন:
খুব ভাল প্রস্তাব।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩১

লেখক বলেছেন: তাইলে একমত?

২২. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৭
কালপুরুষ বলেছেন: ১৯ তারিখ হলে ভাল হয়। ১৯ (১৯ = ১+৯ = ১০ = ১+০ = ১)সংখ্যার একক সংখ্যা হলো ১। আর ১ সংখ্যা দিয়েই গণনার শুরু। ১ সংখ্যার নিয়ন্ত্রক গ্রহ হলো সূর্য, যা আলো ও তাপের উৎস। জীব জগতের বেঁচে থাকার উৎস হলো সূর্য। ১৯ সংখ্যা হলো ক্ষুদ্র (১) ও বৃহত্তম (৯) সংখ্যার সমন্বয়, যার মাঝে সব সংখ্যার অবস্থান অর্থাৎ ১৯ সংখ্যা হলো স্থান, কাল ও পাত্র ভেদে ছোট ও বড় সবার সম্মীলন বা সম্প্রীতির নিদর্শন।

তাই ১৯শে ডিসেম্বরকে "ব্লগ ডে" বা "ব্লগার্স ডে" হিসেবে ঘোষণা দেয়া হোক।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৩

লেখক বলেছেন: দাদা দেখি গ্রহ-নক্ষত্র বিচার করে দিলেন।:)

২৩. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৬
'লেনিন' বলেছেন: কালপুরুষদা'র ব্যাখ্যা কিছুটা ১৯ দিয়ে কোরআনের সত্যতা প্রমাণের মতো লাগছে। যাই হোক আমিও ঊনিশের পক্ষে, কারণ ১৫ আসলেই স্যান্ডউইচ ডে।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৪

লেখক বলেছেন: হুম।

২৪. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৮
এরশাদ বাদশা বলেছেন: সামুর তাইলে আইজ হেপি বাড্ডে!! নুটিশবুর্ড পুস্ট দ্যায় নাই?
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৭

লেখক বলেছেন: নুটিশবুর্ড লটকায়া রাখসে তো, দেখেন নাই? :)

২৫. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:২১
মনজুরুল হক বলেছেন:

"উনিশে এপ্রিল" নামে একটা অসাধারণ মুভি আছে। সে কারণে হোক বা শ্রুতিমধুরতার জন্য হোক উনিশ নামের সংখ্যাটায় একটা ছন্দময় ঝংকার আছে , যেমন ইংরেজিতে থার্টিফাস্ট!

১৯ এ আবারও ভোট দিয়ে গেলাম।
২৬. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:২১
ফিউশন ফাইভ বলেছেন: ১৫ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস পালনের পক্ষপাতি। ব্লগার জীবনানন্দদাশের ছায়া এ প্রসঙ্গে কিছু দুর্দান্ত যুক্তি তুলে ধরেছেন তার একটি মন্তব্যে। তার কিছু অংশ তুলে ধরছি-

১৫ তারিখটি উঠে এসেছে সামহোয়ার-এর যাত্রা যেহেতু এদিনে শুরু এবং বাংলা ব্লগ জগতের শুরুটা যেহেতু আমাদের সামহোয়ার ইন ব্লগ দিয়েই। স্যান্ডউইচ হবার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায়না। কিন্তু সব দিক বিচার করে দেখুন ১৯, ২০ বা অন্য কো দিন... ... কোন যুক্তিতে? একটা কনসেপ্টকে বিশ্ববাসীর মাঝে প্রমোট করতে গেলে শক্ত লজিক নিয়ে এগিয়ে যাওয়া উচিত। কোন কন্ডিশন রেখে দিবস পালনের পক্ষপাতি ব্যাক্তিগত ভাবে আমি না; এবং অনেকের মতামতে তা স্পষ্ট উঠেও এসেছে।

ভিশন কিন্তু সুদূরপ্রসারী হওয়া উচিত। সামনের ৫ বা ১০০ বছর নয়; ধ্বংসের আগ পর্যন্ত ভাবা উচিত, শুধু দেশের গন্ডীর মাঝে নয়, বিশ্বব্যাপী চিন্তা করা উচিত। SWOT এনালাইসিস বলতে একটা টার্ম আছে। ১৫ তারিখের স্ট্রেংন্থ কিন্তু অনেক বেশি। উইকনেস বলতে স্যান্ডউইচ হবার সম্ভাবনা, কিন্তু সেটা একটা প্রবাবিলিটি ফ্যাক্টর। এখানে অপারচুনিটি টা কি; বাংলা ব্লগ দিবসের সাথে সামহোয়ারের শুরুটার ফিউশন। যতদিন বাংলা ব্লগ থাকবে সামহোয়ারের নাম মনে রাখতে হবে, মনে থাকবে। এবং এটা অনেক বড় প্রাপ্তি; আবেগী দৃষ্টিকোন থেকে এবং টু সাম এক্সটেন্ট বানিজ্যিক দৃষ্টিকোন থেকেও। আর থ্রেট বলতে এখানে অন্য কোনো কমিউনিটি ব্লগের উঠে আসা প্রথম সারীতে; সেক্ষেত্রে সামুকে মানসম্মত ব্লগিং সেই সাথে সার্ভিস প্রদানের মাধ্যমে এগিয়ে যেতে হবে।

তারিখ ছাড়া ফারহানের অন্যান্য প্রস্তাব ভালো লেগেছে।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:০১

লেখক বলেছেন: তারিখটা নিয়ে আমি নিজেও একটু দোটানায় আছি, তবে একটা ব্যাপার বলতে পারি, ব্লগ দিবস শুরু করা উচিত এবং সেটা তাড়াতাড়িই,অন্তত এ ব্যাপারে কারো দ্বিমত নেই।

২৭. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:২৮
ফিউশন ফাইভ বলেছেন: ১৯ তারিখের সপক্ষে যেসব যুক্তি পেলাম মন্তব্যে, তার একটি সারাংশ দিলাম-

কালপুরুষ বলেছেন: ১৯ তারিখ হলে ভাল হয়। ১৯ (১৯ = ১+৯ = ১০ = ১+০ = ১)সংখ্যার একক সংখ্যা হলো ১। আর ১ সংখ্যা দিয়েই গণনার শুরু। ১ সংখ্যার নিয়ন্ত্রক গ্রহ হলো সূর্য, যা আলো ও তাপের উৎস।

মনজুরুল হক বলেছেন: "উনিশে এপ্রিল" নামে একটা অসাধারণ মুভি আছে। ...১৯ এ আবারও ভোট দিয়ে গেলাম।

মুনশিয়ানা বলেছেন: ....এর মধ্যে ১৯ আর ২১টা শুনতে ভাল লাগে। কিন্ত যেহেতু আমাদের মহান ভাষা দিবস হিসাবে ২১ আছেই, সেক্ষেত্রে ১৯শে ডিসেম্বর বিবেচনা করা যেতেই পারে।

--
আবারও সবার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, একটা কনসেপ্টকে বিশ্ববাসীর মাঝে প্রমোট করতে গেলে শক্ত লজিক নিয়ে এগিয়ে যাওয়া উচিত। এবং ভিশন সুদূরপ্রসারী হওয়া উচিত।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:০২

লেখক বলেছেন: ব্লগারদের মতামত মোটামুটি পাওয়া গেছে, দেখা যাক এবার উদ্যোক্তারা কি করেন।

২৮. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪১
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: একটাই প্রশ্ন ১৯ তারিখ কেন? মুনশিয়ানার যুক্তি বড্ড বেশি হালকা, মনজুরুল হকের যুক্তি ছেলেমানুষি ছাড়া আর কিছু কিনা কে জানে, কালপুরুষ আপনি অংকের যে যুক্তি দিলেন তা মানতে না পারলেও ব্যাখ্যার শেষ অংশটা ভাল লেগেছে; মানে ইনডিরেক্ট কিছু রিলেশানশীপ পাওয়া গেলো।

নামকরণ, দিবস নির্ধারণ এগুলো সব একধরনের ব্র্যান্ডিং একটিভি যার উদ্দেশ্য কোন একটি পণ্য, ধরণা, সেবা-কে প্রমোট করা। শক্ত একটা যুক্তি চাই ১৯ তারিখের জন্য। তা না হলে ১৯ তারিখ বাংলা ব্লগ দিবস হিসেবে ধোপে টিকবে কিনা আমার সন্দেহ আছে। ১৯ তারিখের সাথে আপনি কোন জিনিসটাকে কো-রিলেট করতে চাচ্ছেন যা সামহোয়ার ইন, বাংলা ব্লগের সৃষ্টিকে একটি আমব্রেলা টার্ম হিসেবে সবার সামনে উপস্থাপন করবে?

ধন্যবাদ।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৮

লেখক বলেছেন: ব্যক্তিগতভাবে সামহোয়্যারইন ব্লগকে পথপ্রদর্শকের স্বীকৃতি হিসাবে ঐ দিন বাংলা ব্লগ দিবস পালন করতে আমার আপত্তি নেই, তবে উদ্যোক্তারা কি বলেন সেটাই ব্যাপার।

২৯. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫৫
পারভেজ বলেছেন: ১৯ এর পক্ষে যে যুক্তিগুলি উঠে আসছে, সবগুলির ভেতরে ১৫ এর বিপক্ষের ব্যাপারটাই বেশী ভাবনা দাবী করে।
১৪ ও ১৬ এর মধ্যে বলে এটাকে কেউ অস্বস্তিকর কেন ভাবছে?!
বিজয়ের কথা কিংবা বুদ্ধিজীবিদের কথা কি অন্য মাসেও , সারা বছরেও আসতে পারেনা?
প্রতিটি দিন প্রতিটি মাসের এক একটা আলাদা মূল্য থাকতেই পারি। কিন্তু আমদের ইতিহাস অনুভুতিগুলিকেও আমরা এভাবে দিনের অনুভুতিতে লুপ্ত করে ফেলছি। ফেব্রুয়ারী মাসে বাংলার চল বেড়ে যায়!

ব্লগের প্রথম পোস্ট এসেছিল ১৫ তারিখে; এটাই ১৫ই ডিসেম্বরকে আলাদা করে ফেলেছে আর ৩৬৪ দিন থেকে।
এর সাথে আগের পরের দিনের কোন দ্বন্দ নেই; থাকা উচিত না।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫২

লেখক বলেছেন: এর সাথে আগের পরের দিনের কোন দ্বন্দ নেই; থাকা উচিত না।
একমত।

৩০. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫৯
পারভেজ বলেছেন: তবে এখানে একটা প্রশ্ন আসে, ১৫ তারিখে পোস্ট টা তো ছিল সামু ব্লগের শুরু!
তাই ব্লগ দিবস আর সামু জন্মদিবস এক সাথে পালিত হওয়াটা হয়তো কিছুটা সামু ব্লগের প্রতি পক্ষ পাতিত্বকে নির্দেশই করবে।
এই ভাবনা থেকে দেখলে শুধু ডিসেম্বর মাস কেন, অন্য যেকোন মাসেই ব্লগ দিবস হতে পারে।
( এতো কিছু ভাবতে গিয়ে দেখি দিনের অপশন খালি বেড়েই যাচ্ছে :| )
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: আপনারা ভাবেন, আমি রিটায়ার করলাম। :(

৩১. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২০
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: তবে এখানে একটা প্রশ্ন আসে, ১৫ তারিখে পোস্ট টা তো ছিল সামু ব্লগের শুরু! তাই ব্লগ দিবস আর সামু জন্মদিবস এক সাথে পালিত হওয়াটা হয়তো কিছুটা সামু ব্লগের প্রতি পক্ষ পাতিত্বকে নির্দেশই করবে।


সামু ব্লগের শুরু মানেই বাংলা ব্লগের, বাংলা কমিউনিটি ব্লগিং-এর শুরু- তো পক্ষপাতিত্ব দোষে কি করে দুষ্ট হলো। @ পারভেজ

যাকে যার প্রাপ্য সম্মান দেয়াকে পক্ষপাতিত্ব বলে না ন্যায়বিচার বলে?

ডেমিং-এর পিডিসিএ সাইকেলে চারটা টার্ম আছে- প্লান+ডু+চেক+অ্যাক্ট। আমরা প্লানিং-এর গুরুত্বপূর্ন অংশটা শেষ করে কর্ম সম্পাদনের দিকে এগিয়ে যেতে চাই। সামওয়ান মাস্ট লিড; আর সামহোয়ারের-ই সেই লিডারশীপ নেয়া উচিত। দিস ইজ নট ফিকশন, দিস ইজ ফ্যাক্ট।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৭

লেখক বলেছেন: সামহোয়্যার কর্ত্বপক্ষ কি বলে?

১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৮

লেখক বলেছেন: দেখছি।

১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৮

লেখক বলেছেন: দেখা যাক।

৩৪. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০২
ফিউশন ফাইভ বলেছেন: ২৮ এবং ২৯ নম্বর মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ।
--
১৯ তারিখকে কিন্তু এটিমের জন্মদিন বলা হয়ে থাকে। খুউব খিয়াল কৈরা! :)
৩৫. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৬
ম্যাভেরিক বলেছেন: ১৯ ডিসেম্বর।
১৯ হচ্ছে চমৎকার মৌলিক সংখ্যা।
ইশাঙ্গো হাড়ে ১৯ সংখ্যাটি আছে। :)
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: আবার গণিত? :) ১৯ নিয়ে একটা লেখা চাই।

৩৬. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০৯
মনজুরুল হক বলেছেন:

@জীবনানন্দদাশের ছায়া। ভাই আমার "ছেলেমানুষী" যুক্তিটার পেছনের কারণ এই........

ব্লগডে মানেই খুব কম পরিসরে হলেও কিছুটা সেলিব্রেশন। ১৪ আর ১৬ তারিখে অধিকাংশ ব্লগার বিভিন্ন কর্মসূচীতে ব্যস্ত থাকেন। তাদের সেই প্যাক্ট কর্মসূচীর ভেতর ১৫ তারিখে একটা অনুষ্ঠান করার বাস্তবতা, মানসিকতা কোনটাই থাকবে না । এ বিষয়ে একটা স্টিকি পোস্টও দেওয়া যাবে না, কারণ ১৪ আর ১৬ জন্য একটা গুরুত্বপূর্ণ পোস্ট স্টিকি হতে হবে।

হাজার বছরেও ১৪ আর ১৬ পরিবর্তন হবে না।

১৬'র পর ১৭,১৮ এ দুদিন বিজয় দিবসের রেশ থেকে যায়।

২১, ২২, ২৩ হতে পারে। কিন্তু ২৫ নয়, কারন সেটি ধর্মীয় উৎসবের দিন।

যেহেতু ১৫ডিসেম্বরে ব্লগের যাত্ররম্ভ সেহেতু ডিসেম্বরের বাইরে যাওয়ার কারণ নেই।

এ কারণেই ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪ থেকে ১৯ কে বেছে নেওয়া হচ্ছে। "উনিশে এপ্রিল" ছবির কথা স্রেফ কাকতালীয় কারণে।

কর্তৃপক্ষ কোন ব্যাখ্যা ছাড়াই যে কোন একটি দিন নির্বাচন করলেই বা ক্ষতি কি?
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৪

লেখক বলেছেন: "কর্তৃপক্ষ কোন ব্যাখ্যা ছাড়াই যে কোন একটি দিন নির্বাচন করলেই বা ক্ষতি কি?"

এই কথাটা মন্দ না। যেমন, ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এটার ব্যাখ্যা কি? আমার অন্তত পেছনের কোন ঘটনা জানা নেই। সুবিধামত ডিসেম্বরের একটা দিন ধরতেও অসুবিধা দেখি না। তবে সেটা ছুটির দিন হলেই ভাল হতো।

৩৭. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:১৮
মনজুরুল হক বলেছেন:

গতবছর এমন ভাবনাচিন্তা ছাড়াই ১৬ ডিসেম্বর ব্লগডে করার পরের পরিস্থিতির কথা মাথায় রাখা দরকার পারভেজ/ফিউশন ফাইভ। ১৫ করলেও এমন কথা উঠতে পারে..." মহান বিজয় দিবসের ঠিক আগের দিনে কেন এধরণের একটি দিবস হবে"?

ধরুন, ব্লগডে'র স্টিকি পোস্টের বয়স ১২ ঘন্টা হলেই বিজয় দিবসের পোস্ট স্টিকি করতে হবে!

সেই সাথে ব্লগডে তে ব্যানার চেঞ্জ করার সাথে সাথে বিজয় দিবসের জন্য ব্যানার চেঞ্জ করতে হবে!

১৪ ডিসেম্বর শোকমূলক একটা ব্যানার যদি হয়, সেটা পরদিনই বদলাতে হবে...

আবার ১২ ঘন্টা মত রেখে আবার ১৬ 'র জন্য আরেক দফা বদলাতে হবে......

এবার বিষয়টা একটু ভাবুন @পারভেজ, @ফিউশন ফাইভ।
৩৮. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩২
এমিল বলেছেন: আমি ব্যক্তিগত ভাবে ডিসেম্বরের ১৪,১৫,১৬ এবং ২৫ বাদে যেকোনো দিনেই বাংলা ব্লগ দিবসের পক্ষপাতি।

১৪,১৬,২৫ এর বিপক্ষে কেন সেটা অলরেডি অনেকেই বলে ফেলেছেন।

১৫ এর বিপক্ষে কেন সেটা মনজু ভাই অনেকটাই বলে দিয়েছেন।

আমি একটু যোগ করতে চাই, যে,
১৫ তারিখ হলে আমরা অনেকেই প্রশ্ন তুলবো বিজয় দিবসের যাস্ট আগের দিনই কেনো বাংলা ব্লগ দিবস করা হ'লো? এটা কি বিজয় দিবসকে ব্যবহার করার চেষ্টা? বা দু'টো জাতীয় দিবসের মাঝে নতুন আরেকটা কর্পোরেট দিবসের ঔদ্ধত্য সামু কোথায় পেলো?

আর অন্য একটা সাইটে বাংলা ব্লগ দিবসের প্রস্তাবনা আসছে যেকোনো প্রমিনেন্ট বাংলা মাসে। আমি সেটারও বিপক্ষে। কারণ এমনিতে আমাদের প্রমিনেন্ট বাংলা মাস গুলোতে এত উপলক্ষ থাকে সেখানে নতুন আরেকটা উপলক্ষ বা দিবস ওভাবে কোনো ইফেক্ট ফেলতে পারবে না।

এজন্যই নির্দিষ্ট একটা দিন জানতে চাইলে ১৯শে ডিসেঃ এর পক্ষে।
৩৯. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪১
ফিউশন ফাইভ বলেছেন:
মনজু ভাই @
১. " মহান বিজয় দিবসের ঠিক আগের দিনে কেন এধরণের একটি দিবস হবে?" - এরকম প্রশ্ন যদি আসলেই উঠে, তাহলে বিজয় দিবসের তিন দিন পর ১৯ তারিখ কেন এ ধরনের একটি দিবস হবে- সেই প্রশ্নও ওঠার একটা আশঙ্কা থেকে যায়। আমার তো বরং মনে হয়, ১৪, ১৫, ১৬- ব্লগারদের কাছে টানা তিনটি দিন প্রতিবছরই আলাদা তাৎপর্য নিয়ে আসবে, যদিও ১৪ ও ১৬ তারিখের ১৫ তারিখ খুবই তুচ্ছ এবং তুলনাযোগ্য নয়।
তাছাড়া একটু ভেবে দেখুন, ব্লগদিবসে প্রকৃতপক্ষে কিন্তু তেমন বড়ো কিছু করার সুযোগ নেই। এবং বড়ো কিছু করার সুযোগ তৈরি হবেও না। আমি বাজি ধরে বলতে পারি, আগামী অন্তত ২০ বছর ব্লগদিবসের কর্মসূচি হবে বড়জোর একটি মাঝারিগোছের আনন্দ মিছিল, খুব বেশি হলে একটি আলোচনা সভা বা আড্ডা বা পিকনিক। বাস্তবতা হল এটাই যে, এর বাইরে আর কিছুই করার সুযোগ নেই। সুতরাং স্যান্ডউইচ হওয়ার মতো কিছু নেই, ভয়েরও কিছু নেই।
২. একইসঙ্গে দুটি স্টিকি পোস্ট ব্লগে নতুন কোনো বিষয় নয়। আপনি জানেন, প্রায়ই এইরকম থাকে। মাত্র গতকালও আপনি নিশ্চয়ই দেখেছেন, চতুর্থ বর্ষপূর্তির পোস্ট এবং শহীদ বুদ্ধিজীবী দিবস বিষয়ক একসঙ্গে ছিল। তাতে কোনো ব্লগার অস্বস্তি বোধ করেছে- এরকম মনে হয়নি।
৩. ব্যানার চেঞ্জ এমন কোনো বিষয় নয়। ডেভেলপারদের জন্য এটা একটিমাত্র ক্লিকের মামলা। এইরকম টুকটাক পরিবর্তন আনতে তাদের কোনোই অসুবিধা হওয়ার কথা নয়।

আবারো বলি, শক্ত লজিক নিয়ে, ভিশন নিয়ে এগুনো দরকার। সেক্ষেত্রে ১৫ ডিসেম্বরের কোনো বিকল্প দেখছি না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, বলধা গার্ডেনের আড্ডার তারিখ নির্ধারণের মতো করে অন্তত ব্লগ দিবসের তারিখ ঠিক করবেন না।
৪০. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:

খুব ভালো লিখেছো।
বাংলা ব্লগ দিবস কবে হবে সেটা কি শুধু সামহোয়ারইনের জড়িত সবার চাওয়াতেই হবে নাকি সব ব্লগ সাইটের ব্যবহারকারীদের মতামতে হবে?

যেদিনই হোক ব্লগ দিবস ............
আমার আনন্দ..........বাংলাভাষায় লিখবার ,পড়বার।
শুভকামনা ফারহান.......আমরা সবাই যেনো ব্লগ পরিবার মিলেমিশে থাকতে পারি.......
আমাদের সবার মিলনমেলা এই ব্লগ।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৪

লেখক বলেছেন: কাউকে না কাউকে শুরু করতে হবে, সেটা বাংলা কমিউনিটি ব্লগিংয়ের পথিকৃৎ সামহোয়্যারইন শুরু করলেই ক্ষতি কি?
ভাল থাকবেন।

৪১. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৬
মনজুরুল হক বলেছেন:
ফিউশন ফাইভঃ

হাঃহাঃহাঃ আমার এই তারিখ নিয়ে কোন প্রেজুডিস নাই। বৃহত্তর ক্ষেত্রে দেখলে "আজ দিনটা সুন্দর" বলারও কারণ নেই, সঠিক অর্থে বললে বলতে হবে...."আজ এখানে দিনটা সুন্দর" কারণ আজ সারা বিশ্বেই কিন্তু দিন নয়।

যা হোক, ব্লগ দিবসে কি হতে পারে সে ব্যাপারে আপনার সাথে সম্পূর্ণ একমত। তবে আমি গত দুই দিনে চার-পাঁচটি ব্লগে ঘুরে তাদের এডমিন বা সাধারণ ব্লগারদের যে ভিউজ দেখলাম তাতে ১৫ তারিখ ধার্য হলে কথা উঠবেই। এখন প্রশ্ন হচ্ছে সামইন সেই "কথা ওঠা" কে কতটুকু গুরুত্ব দেবে বা আদৌ গুরুত্ব দেবে কি-না?

আমি ৩৬ নম্বরে বলেছিঃ "কর্তৃপক্ষ কোন ব্যাখ্যা ছাড়াই যে কোন একটি দিন নির্বাচন করলেই বা ক্ষতি কি"?
৪২. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৮
বোহেমিয়ান কথকতা বলেছেন: সহমত ।
বিজয় দিবসের শুভেচ্ছা ভাইয়া :D
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৬

লেখক বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা।:)

৪৩. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৬
ফিউশন ফাইভ বলেছেন:
মনজু ভাই @
আমি ৩৬ নম্বরে বলেছিঃ "কর্তৃপক্ষ কোন ব্যাখ্যা ছাড়াই যে কোন একটি দিন নির্বাচন করলেই বা ক্ষতি কি"?

এর উত্তরে ব্লগার জীবনানন্দদাশের ছায়ার মন্তব্যটি (৩১ নম্বর) তুলে ধরছি-
সামু ব্লগের শুরু মানেই বাংলা ব্লগের, বাংলা কমিউনিটি ব্লগিং-এর শুরু।...
ডেমিং-এর পিডিসিএ সাইকেলে চারটা টার্ম আছে- প্লান+ডু+চেক+অ্যাক্ট। আমরা প্লানিং-এর গুরুত্বপূর্ন অংশটা শেষ করে কর্ম সম্পাদনের দিকে এগিয়ে যেতে চাই। সামওয়ান মাস্ট লিড; আর সামহোয়ারের-ই সেই লিডারশীপ নেয়া উচিত। দিস ইজ নট ফিকশন, দিস ইজ ফ্যাক্ট।
৪৪. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৯
আমি রোদের ছেলে বলেছেন:
আঁতলামি ছাড়া অন্য কিছু নয়।

জানার পোস্টেই আলোচনা করা যেতো।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৬

লেখক বলেছেন: রোদের পোলা, ব্লগ কি তোমার বাপের নাকি? না তোমার মত লোকরে তেলায়া পয়সা কামাই যে নিজে পোস্ট দিতে পারবো না? পছন্দ না হইলে দূরে গিয়া মরো, ২ দিন পরে পরে রঙ বদলানি লোকজনরে আমার ব্লগে দেখতে চাই না।

১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৬

লেখক বলেছেন: আর তোমারে আটকায়া দিলাম, ম্যালা কাজকর্ম আছে, তিন নম্বুরি লোকজনের সাথে ফাল পাড়ার টাইম নাই। দূরে গিয়া মরতে কইলাম, লাথি খায়া আবার আসো ক্যান?

৪৫. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫২
মুক্ত বয়ান বলেছেন: ১৫ তারিখের ব্যাপারে আমার নিজের ব্যক্তিগত অপছন্দ। যদিও সেদিন সামু'র জন্ম আর, সাথে সাথে বাংলা ব্লগিং এর যাত্রা শুরু। কিন্তু, তারপরও সেদিনটা থাকুক শুধু মাত্র সামু'র জন্যই। আর, আম্রা বরং ১৯ তারিখের দিকে এগুই। আমার ব্যাক্তিগত অভিমত।
আগামী ২০ বছরের কথা বললেন মহামান্য ফিফা। কিন্তু, ঐ ২০ বছর পরও ১৪ আর ১৬ তারিখের মাঝে পরে স্যান্ডুইচ হওয়ার ব্যাপারটা থেকেই যায়। কাজেই সকলে মিলে যেটা পছন্দ করে, সেটাই হওয়া উচিত।
আর, জানা আপুর পোস্টে যেটা বলেছি.. অন্যান্য সকল ব্লগের সাথে আলোচনাটাও আবশ্যক।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০৮

লেখক বলেছেন: অন্য ব্লগের রেসপন্সটা কিন্তু ইন্টারেস্টিং, পারলে দেখে নিও।:)

৪৬. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১০
মুক্ত বয়ান বলেছেন: দেখছি ভাইয়া। এন্টি-ডিসেম্বর। ফাল্গুন, বৈশাখ নিয়া মাতামাতি। ;) ;)
১৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:০৩

লেখক বলেছেন: ঐটা অ্যান্টি-সামু সিনড্রোম। B-)

৪৭. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২০
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: @ লেখক

৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এটার ব্যাখ্যা কি?

৫ ই জুন কে বেছে নেয়া হয়েছিল কারন ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘ কনফারেন্স অন হিউম্যান এনভাইরনমেন্টের ওপেনিং ডে ছিল ৫ জুন। কনফারেন্সটি ছিল ৫ থেকে ১৬ জুন পর্যন্ত। ১৯৭২ সালের ১৫ ই ডিসেম্বার জেনারেল অ্যাসেম্বিতে রেজুলেশন ২৯৯৪ (XXVII)-এর মাধ্যমে ৫ ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষনা দেয়। REPORT OF THE UNITED NATIONS CONFERENCE ON THE HUMAN ENVIRONMENT

এটাকে কি শক্ত যুক্তি মনে হয়না?

১৯ তারিখের পক্ষে বা বিকল্প অন্য কোন দিনের পক্ষে শক্ত একটা লজিক দাঁড় করান।

ফিউশন ফাইভের কমেন্টের (৩৯) ব্যাপারে আপনার মন্তব্য আশা করছি।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১২

লেখক বলেছেন: আরে ভাই, আপনি এমনভাবে বলছেন যেন আমি বিতর্ক প্রতিযোগিতায় নেমেছি, জিততেই হবে। সিদ্ধান্ত আমার না, ১৫ হোক বা ১৮,১৯,২০,২১, ২২, আমার কোন সমস্যাই নেই। ব্লগারদের মতামত দেখাই এই পোস্টের উদ্দেশ্য, আর কিছু না।

১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১২

লেখক বলেছেন: মাহবুব ভাই,ম্যালাদিন পরে। আমারে বলে লাভ কি, উদ্যোক্তারা যা বলেন আর আপনারা যা বলেন। :)

৪৯. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৬
কৌশিক বলেছেন: একটা ব্যাখ্যা দিলাম।

"১৯ ডিসেম্বর বাংলা ব্লগ দিবস হবার কারণ হচ্ছে প্রথম কমিউনিট ব্লগ চালু হয়েছিলো ডিসেম্বর মাসেই, কিন্তু সেই দিনটি বাংলা ব্লগ দিবস হিসাবে পালন করা হলে তা কেবল উক্ত ব্লগের জন্মদিন হিসাবে উদযাপনের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়তে পারে। এজন্য ডিসেম্বর মাসের অন্য একটা সুবিধাজনক দিবস ১৯শে ডিসেম্বর বেছে নেয়া হয়েছে।"
১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: ১৯ আর ১৫ নিয়েই তাহলে তর্ক এখন।

৫০. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৭
কৌশিক বলেছেন: আরকেটা ব্যাখ্যা দেয়া যায়। (এগুলো সব কারণ ও ব্যাখ্যার টেমপ্লেট হিসাবে পড়তে হবে, ১৫ তারিখ ছাড়া যেকোন একটা দিবস নির্ধারণ হবার পরে)।

"অমুক ডিসেম্বর বাংলা ব্লগ দিবস নির্ধারণ করা হয়েছে বিজয়ের মাসে বাংলা কমিউনিটি ব্লগ চালু হয়েছিলো বলে"।
৫১. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৯
আরিফুর রহমান বলেছেন: ব্লগ দিবস সার্বজনীন হলেই হয়..

কোন একটা পার্টিকুলার ব্লগের জন্মদিনে করার কোন যৌক্তিকতা দেখি না..
৫২. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৭
তাজা কলম বলেছেন: কালপুরুষ বলেছেন: ১৯ তারিখ হলে ভাল হয়। ১৯ (১৯ = ১+৯ = ১০ = ১+০ = ১)সংখ্যার একক সংখ্যা হলো ১। আর ১ সংখ্যা দিয়েই গণনার শুরু। ১ সংখ্যার নিয়ন্ত্রক গ্রহ হলো সূর্য, যা আলো ও তাপের উৎস। জীব জগতের বেঁচে থাকার উৎস হলো সূর্য। ১৯ সংখ্যা হলো ক্ষুদ্র (১) ও বৃহত্তম (৯) সংখ্যার সমন্বয়, যার মাঝে সব সংখ্যার অবস্থান অর্থাৎ ১৯ সংখ্যা হলো স্থান, কাল ও পাত্র ভেদে ছোট ও বড় সবার সম্মীলন বা সম্প্রীতির নিদর্শন।

তাই ১৯শে ডিসেম্বরকে "ব্লগ ডে" বা "ব্লগার্স ডে" হিসেবে ঘোষণা দেয়া হোক
৫৩. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৬
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: @ লেখক, আলোচনার কারনে আলোচনা করছিলাম। আপনি হয়ত পার্টিসিপেসানটাকে ভালো চোখে দেখছেন না।

@ কৌশিক, আলোচনা চলুক। আপনার প্রস্তাবনা সুনির্দিষ্ট দিনের তাৎপর্য নির্দেশ করেনা। মাস হলে ঠিক আছে। তাহলে মাসব্যাপী হোক!! অবশ্য জানার পোস্টে বাংলা ব্লগ সপ্তাহ পালনের বিষয়ে আমার একটা প্রস্তাব আছে।

@ আরিফুর রহমান, আপনি কোন যৌক্তিকতা দেখি না বলে ইনডিফিনিট একটা টার্মে চলে গেলেন। কোন একটা পার্টিকুলার ব্লগ বলে সামহোয়ারকে আর সব ব্লগের সাথে এক সারীতে নিয়ে আসলেন। সামহোয়ার স্টার্টেড দ্য জার্নি, তাকে অনুসরন করে এসেছে বাকিরা। তাই সামহোয়ারের জন্ম দিনে ব্লগ ডে হলে তা সার্বজনীন হবেনা কেন জানতে ইচ্ছা করে।
১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩১

লেখক বলেছেন: যেভাবে আপনি "অমুক কমেন্ট" এর জবাব দাবী করেছিলেন তাতে মনে হয়েছিল আদালতের জেরা, আমি ঠিক বিতর্কে উৎসাহী নই, এখানে নিজের সিদ্ধান্তও চাপাতে চাইছি না, শুধু ব্লগারদের আলোচনার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়ার উদ্দেশ্যে পোস্ট টা দেয়া, ব্যক্তিগত কোন তর্কে যাবোই না।

মতামত বিনিময় চলতে থাকুক।

৫৪. ১৭ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৮
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ধন্যবাদ ফারহান। আসলে কমেন্টে কিছু প্রশ্ন ছিল তার ব্যাপারে আপনার মতামত চাচ্ছিলাম। শেষ পর্যন্ত আপনার আমার বা আমাদের উদ্দেশ্য বা গোল একই; একটি বাংলা ব্লগ দিবস। আর যে দুটো প্লাটফর্ম পেয়েছি একটিভ পার্টিসিপেশনে গিয়েছি। জানার পোস্ট ১ম পেজে বেশিক্ষন ছিলনা। নতুন একটি মন্চ নিয়ে কেউ নেগেটিভ ভাইব্রেশন দিলেও আমি নিজে মনে করি ইউ ডিসার্ভ লট থ্যান্কস। জানার পোস্ট বা আপনার পোস্ট, প্রথম পাতায় ২/৩ দিনের জন্য স্থায়ীকরণ করা উচিত।

আলোচনা চলুক, মতামত বিনিময় চলতে থাকুক।
১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:২১

লেখক বলেছেন: শেষমেশ দেখি দিবস নির্ধারিত হয়ে গেল। আমার নিজের কাছে যদিও দিনটা বেখাপ্পা লাগছে, কিন্তু উদ্যোক্তারা যা বুঝবেন, কি আর করা!

৫৫. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫১
সামী মিয়াদাদ বলেছেন: সবার উপরে ১৯ ...

জয়তু ব্লগ দিবস। ফারহানকে ধন্যবাদ সুন্দর প্রস্তাবনার জন্য।
১৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: আজকাল আবার পত্রিকা পড়ি, দেখা যায় যে ছোট করে হলেও বিভিন্ন ব্লগের রেফারেন্স থাকে রিপোর্টগুলোতে, তারমানে ব্লগ এখন "ভিনগ্রহের" কোন মাধ্যম নয়, আস্তে আস্তে মূলধারাতে জায়গা করে নিচ্ছে, একে অবহেলা করার আর উপায় নেই।

৫৬. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৪
জেরী বলেছেন: ভালো প্রস্তাবনা
১৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৭

লেখক বলেছেন: তাই তো দেখি।

১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৪

লেখক বলেছেন: যাই হোক শুরু হলো।

৫৯. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০২
লুকার বলেছেন:


আস্তিকঃ কোরানে আছে ১৯।
নাস্তিকঃ ১৯ একটি উল্লেখযোগ্য মউলিক সংখ্যা।
আওয়ামীলীগঃ বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল।
বিএনপিঃ ম্যাডামের যে কোন একটা জন্মদিবসে করাই ভাল হবে।
সুশীলঃ ব্লগদিবসের ঘোষক নিয়া জাতি আবারো বিতর্কে জড়াইবে?
স্পীকারঃ আমার মনে হয় ১৯ জয়যুক্ত হয়েছে, ১৯ জয়যুক্ত হয়েছে, ১৯ জয়যুক্ত হয়েছে।
১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৫

লেখক বলেছেন: হাহাহাহাহাহা, শুরু তো হইসে। অন্য ব্লগগুলার প্রতিক্রিয়া দেইখা মজা পাইসি, ২ বাঙ্গালি কোন কিছু নিয়া একমত হইসে এইটা অসম্ভব ঘটনা, দোযখের বাঙ্গালির কড়াইতে দারোয়ান লাগে না। :)

৬০. ২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৩
আসফাকুল আমিন বলেছেন: ব্লগ দিবস আইডিয়াটা তাহলে আপনার মাথা থেকেই বের হৈসে ।সাবাশ , অভিনন্দন এবং ধন্যবাদ।
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪০

লেখক বলেছেন: উঁহু, পুরাপুরি ভুল ধারণা। এইটা গতবারের আইডিয়া, সামহোয়্যারইন টিমের, কিন্তু তারিখটা (১৬ ডিসেম্বর) নিয়ে কুরুক্ষেত্র হয়ে গেছিল, আমাদের অনেকের, আমার নিজেরও ভাল লাগে নাই তারিখটা। এইবারও এই পোস্টের ১ দিন আগেই "জানা" একটা পোস্ট দিয়েছেন ব্লগ দিবস হবে ঘোষণা দিয়ে, তবে তারিখটা নিয়ে ব্লগারদের মতামত জানতে চাওয়া হয়েছে। সেইটা পড়ার পরে মনে হলো, আমাদেরও মতামত আছে, একটা প্রতিক্রিয়া পোস্ট দিয়ে আর নিজেদের কিছু আইডিয়া দিয়ে সেটা যাচাই করা যাক। সেইজন্যই এই পোস্ট, আশা করি বুঝাতে পেরেছি।

৬১. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৬
কিরণময়ী বলেছেন: ব্লগে আমার একটা সেফ একাউন্ট আছে ! আর আমি পাত্তাই দিতামনা। চ্যানেল আই রিপোর্ট দেখে বুঝলাম দাঁত থাকতে আমি দাঁতের মর্যাদা বুঝতেসিনা
২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৪

লেখক বলেছেন: কে জানে, হতেও পারে! :)

৬২. ২৫ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৪
আসফাকুল আমিন বলেছেন: হ ......... বুঝবার পারলাম :||
২৫ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪

লেখক বলেছেন: পোস্টের সাবজেক্ট পাইতাসিলাম না আরকি, খানিক পাকনামি করলাম। :)

৬৩. ১২ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:০১
জনৈক আরাফাত বলেছেন: অনেক দিন কোন পোস্ট নেই দেখি এই ব্লগপট্টিতে! ?
১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩০

লেখক বলেছেন: কোন জায়গাতেই নাই। সবকিছু নিয়া ডিস্টার্বড, কনফিউজড, টেনসড। একটু স্থির হয়ে নেই।

 

মোট সময় লেগেছে ১.১৭৪৬ সেকেন্ড

 

© somewhere in net ltd | terms of use | privacy policy
খুব সাধারণ মানুষ ..এখনো বেকার,পড়ছি পুরকৌশল এ। মাথা একটু গরম,একটু বোকাও,তবে মানুষটা মনে হয় আমি খারাপ না।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ