তুমি হয়তো আমায় খোঁজো,
দুই চোখে ভারী অনুযোগ-
অনন্তকালের এই বিলম্ব কেন?
কত সময় কেটে গেছে,
অপেক্ষার প্রহরে রাখী বেঁধেছো;
চোখের নিচে ক্ষণিক আগের অশ্রুধারাটি
বাষ্পীভূত হওয়ার আগে
রেখে গেছে ঠিকই
অযাচিত স্মৃতিচিহ্ন।
আসবো তো বলিনি কখনো,
আসবো না - সেও কি বলেছি?
যেমনটি তুমিও বলো নি- চেয়ে রবে পথের পানে,
নাকি ফিরে যাবে অন্য উঠোনে!
তবু রোজ নিয়ম করে ব্যাকুল হবেই-
অভ্যাগতের মাঝে যদি দেখা হয়ে যায়
কাঙ্খিত প্রিয়মুখটির সাথে;
আলতো সাজে নিজেকে রাঙাবে-
সঙ্গোপনে, আমার তরে।
তবু আসা হয় না আমার,
এক হৃদয়গত অহমিকায় ডাকো না তুমি-ও,
শুধু চেয়ে থাকো দূরপানে..
নীরবে, মন পুড়িয়ে-
হয়তো সবার চোখ এড়িয়ে ।
ফেরার আমি, অথচ আমার পলাতক ভালোবাসা
আজো বাঁধা-পড়া
তোমার মনের কনডেম-সেলে;
তবু দূরে আছি-
তুমি... আমি...
বলো কোন্ ভাবাবেগে
অবিরাম ভালোবেসে?
তুমি ভাবো-
তুমি একা, প্রচন্ড নিঃসঙ্গ-
অথচ আমিও যে জুড়ে থাকি তোমার একাকীত্ব;
তোমার প্রতীক্ষায় আছি, আছি নোনা দৃষ্টিতে...
একটু খোঁজ......... আমি আছি....
নিশ্চিত জেনো....
তোমার হৃদয় সীমান্তে।
*** প্রিয় ব্লগার রাগ ইমনের কষ্ট-ছোঁয়া কবিতার পোস্টগুলো পড়ে অন্য পাঠকদের মতো আমিও সব সময় বিষন্ন হয়েছি, বিষাদে ডুবেছি, ভালোলাগায় আচ্ছন্ন হয়েছি............. তবে আজ এ কবিতাটি লেখার পর কেন যেন মনে হলো কবিতাটি তাকেই উৎসর্গ করা উচিৎ। তাই ব্লগার রাগ ইমনের প্রতি দেবদারু-র শ্রদ্ধাভরা নিবেদন এই কবিতাটুকু।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

