তুমিতো এমনই চেয়েছিলে?
দু’জনে মিলে আমরা একটা বীজ বুনবো
জীবনের মরুময় পথে...
সেই বীজ থেকে চারা হবে ভালোবাসার
ভালোবাসার সেই শিকড় ছড়াবে আমাদের হৃদয়ে
আষ্টেপৃষ্ঠে বেধে ফেলবে
আর বিচ্ছিন্ন হতে পারবনা কোনদিন!
ভালোবাসার বেড়ে উঠবার স্বপ্নও দেখেছিলে-
মরুদ্যানে আমাদের ভালোবাসার ফসল
হাসছে-খেলছে-গাইছে!
তুমিতো এমনই চেয়েছিলে?
আমাকে জীবনের মানে শেখাবে
জীবনটা কত সুন্দর...
আমিও সেটা শিখতে চেয়েছি
অবিন্যস্ত জীবনকে সাজাতে চেয়েছি-
শত কষ্ট হলেও সিগারেট খেয়েছি বারান্দায়,
বেডরুমে নয়!
তুমি বলেছ বেডরুমে থাকবে অর্কিডের সুঘ্রান-
সেই গন্ধে মাতোয়ারা হবে আমাদের ভালোবাসাবাসি
চুম্বন-আনন্দ-অক্লান্তি!
তুমিতো এমনই চেয়েছিলে?
আবারও দেখা হবে কাল
প্রতিদিনকার মতো...
সময়জ্ঞানহীন কথা, খুনসুঁটি, ঝগড়া,
অভিমানের জল, চুম্বন,
একটু ভালোবাসা
কাছে আসা...অনুভবতায়
জড়াজড়ি শুধু দু’জনে!
সেই তুমি আর এলেনা
সময়ের কাছে সঁপে দিলে আমায়
ফিরিয়ে দিলে সেই চেনা অবিন্যস্ত জীবন...
ভবঘুরে আমি আটটি নীলপদ্ম হাতে দাঁড়িয়ে আছি
তুমি আসবে সেই প্রতীক্ষায়!
পাথুরে নদীতে ঝড়ছে অবিরাম বর্ষন
খরস্রোতা শুধুই ভয়ঙ্কর রুপ ধারন করছে...
মোহনার দেখা আর পাওয়া হলোনা;
তুমি আর আসনি......শেষ পর্যন্ত!
বেডরূমে সিগারেট হাতে করে এই কবিতা লিখছি
আর মনে একটাই প্রশ্ন জাগছে...
তুমি কি এমনই চেয়েছিলে?
রাত ১২-০৯
অগাষ্ট ১৯, ২০০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

