ইন্টারনেটে ভোটের হাওয়া
২২ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৪৭
জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হাওয়ায় মুখর এখন পুরো দেশ। শুধু প্রার্থী, সমর্থকরাই নন, নির্বাচনের প্রচারণা এবং আরও খবর নিয়ে ব্যস্ত এখন ইন্টারনেটের ওয়েবসাইটগুলোও। নির্বাচন নিয়ে কোনো ওয়েবসাইটের কথা বলতে গেলে প্রথমেই আসবে নির্বাচন কমিশনের সাইটের (http://www.ecs.gov.bd) কথা। একদিকে এটি নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ওয়েবসাইট, অন্যদিকে সবচেয়ে তথ্যবহুল সাইট এটি। সাইটটিকে সাজানো হয়েছে নির্বাচনের সব ধরনের তথ্য দিয়ে এখানে পাওয়া যাবে বাংলাদেশ নির্বাচনের কমিশনের নানা তথ্য। জানা যাবে সংসদীয় এবং উপজেলা নির্বাচন সম্পর্কে, জাতীয় নির্বাচনের চুড়ান্ত প্রার্থীদের তালিকা, প্রতীক ইত্যাদি।ভোটারদের নিবন্ধন, সংসদীয় ও উপজেলা নির্বাচনের সময়সুচি এবং ব্যবস্থাপনাসহ আরও বিভিন্ন বিষয়ের ওপর তথ্য আছে এতে। নির্বাচনের বিভিন্ন খবর পাওয়া যাবে এখানে। এ ছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামীর ইশতেহার দেখা যাবে। দেখা যাবে নির্বাচনী এলাকাভিত্তিক মোট ভোটারের সংখ্যা এবং ভোটকেন্দ্র। সাইটটির তথ্য ইংরেজি ও বাংলায় প্রকাশ করা হয়েছে।
ইলেকশনবিডি (http://www.electionbd.com) নির্বাচনী ও রাজনৈতিক তথ্যভিত্তিক ওয়েবসাইট। এর প্রথম পাতাতেই আছে নির্বাচন নিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আছে অনলাইন জরিপের ব্যবস্থা। যদি একটু পেছন ফিরে দেখতে চান, তাহলে নির্বাচনের পুরোনো তথ্যে ক্লিক করলেই ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনকে দেখা যাবে। নির্বাচন ছাড়াও দেশের সংবাদপত্র, ব্যাংক, শিক্ষাব্যবস্থা, আন্তর্জাতিক সংবাদপত্রের সংযোগও পাচ্ছেন এ সাইটে। পরিবর্তন ফাউন্ডেশন এ ওয়েবসাইটটি প্রকাশ করেছে।
আমার ব্লগ (http://amarblog.com/election) ইতিমধ্যেই অর্জন করেছে জনপ্রিয়তা। এতে প্রার্থীদের সম্পুর্ণ তালিকা, প্রতীক প্রকাশ করা হয়েছে।
বৃহত্তর কুষ্টিয়া এবং নোয়াখালীর আসনগুলোর নির্বাচনী খবর দিয়ে সাজানো হয়েছে দুটি ওয়েবসাইট (http://www.kushtiainfo.com এবং http://www.noakhaliweb.com.bd)। এ দুটি সাইটে নির্বাচনের আরও কিছু তথ্য আছে।
ভোটারদের সচেতন, সংগঠিত ও সোচ্চার করার লক্ষ্যে ‘সুজন−সুশাসনের জন্য নাগরিক’ ওয়েবসাইটটি (http://www.shujan.org) তৈরি করা হয়েছে। এতে জানা যাবে সুজনের বিভিন্ন কর্মশালা, ভোটার তালিকা, হাইকোর্টের রায় এবং আপিল বিভাগের রায় সম্পর্কে।
দেশের বিভিন্ন পত্রপত্রিকার প্রকাশিত খবর নিয়ে বিভিন্ন ওয়েবসাইট সাজানো আছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সংবাদপত্র এবং প্রতিষ্ঠানগুলো কী ভাবছে, তা জানা যাবে ইলেকশন গাইড (http://www.electionguide.org)। পিছিয়ে নেই ফেইসবুকও। ফ্যান ক্লাবের মাধ্যমে পছন্দের প্রার্থীদের প্রচারণা দেখা যাচ্ছে প্রায়ই। এ ছাড়া আছে http://www.votebd.com, http://www.bangladeshnews.com.bd ঠিকানার ওয়েবসাইট। এসবে উঠে এসেছে নির্বাচনের বিভিন্ন প্রসঙ্গ।
-তথ্য সূত্রঃ দৈনিক প্রথম আলো (২২.১২.২০০৮)
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাফা বলেছেন:
ধন্যবাদ ,তথ্যগুলো জানানোর জন্য। ইলেকশন পর্যন্ত বিভিন্ন তথ্যের জন্য প্রিয়তে রাখলাম।
রাজীব বলেছেন:
ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














