সম্প্রতি বাজারে এসেছে অর্থহীনের নতুন অ্যালবাম "অসমাপ্ত ২" আর নেমেসিসের দ্বিতীয় একক অ্যালবাম "তৃতীয় যাত্রা"। গত কয়েকদিন এই দুটোই শুনছিলাম। মনে হল একটা রিভিউ লিখলে কেমন হয়!
অসমাপ্ত - ২
মোট ট্র্যাক ১১ টি।
ট্র্যাক ১ "উড়ু উড়ূ মন"
সুন্দর কম্পোজিশন। লিরিকটাও সুন্দর। গানটা বেশ ভাল লেগেছে। অডিও টিউনার ব্যবহার না করলেও চলত মনে হয়।
ট্র্যাক ২ "আলো আর আধার"
সুমন ভাইয়ের গীটার সলোগুলো ভালো। কিন্তু কিছুটা একই সুরের গান। অর্থহীনের এরকম সুরের বেশ কিছু গান হয়ে গ্যাছে।
ট্র্যাক ৩ "আনমনে ২"
আনমনে গানটায় অনেক বেশি মেলোডি ছিলো। এই ভার্শনে এসে সেটা আগের ধারা বজায় রেখেছে বলা যেতে পারে। ভাল লেগেছে গানটা। রাফার ভয়েস অতুলনীয়। গীটার সলো গুলোও সুন্দর।
ট্র্যাক ৪ "যাক না"
মিস্টি প্রেমের সফট রক গান। ভালো লেগেছে। একটা ব্যপার খেয়াল করলাম। সুমন ভাইয়ের লিরিক গুলোতে একই কথা ঘুরে ফিরে আসছে ইদানীং!
ট্র্যাক ৫ "গল্পের শুরু (অদ্ভুত সেই ছেলেটি)"
এটা অদ্ভুত সেই ছেলেটি সিরিজের প্রিক্যুয়াল। স্ল্যাপ বেজের কাজগুলো বরাবরের মতই ভাল হয়েছে। গানটা সুন্দর। শেষে কি-বোর্ডের একটু কাজ আছে। সব শেষে "জোছনায় অজানা পথে চলা, এখানে আছে যে আমার ভালোবাসা" না গাইলে বোধহয় গানটাই অপূর্ণ থেকে যেত! অবশ্য কোরাসে এটা হারমোনাইজ হতেই থাকে।
ট্র্যাক ৬ "মাঝে মাঝে"
বেশ একঘেয়ে লেগেছে শুনতে গিয়ে... সুরে কোন ভেরিয়েশন নেই। সুমন ভাইয়ের এই বিষয়টা দেখা উচিত। একই রকম সুরের গান হয়ে যাচ্ছে অনেক।
ট্র্যাক ৭ "আবার"
শুরুর রিফটা শুনে ৯০'র দশকের কিছু রক গানের কথা মনে পড়ে গ্যালো। সুন্দর গান। রাফার অনবদ্য কন্ঠ। রাফা যথার্থই একজন মাল্টিট্যালেন্টেড মিউজিশিয়ান। এই অ্যালবাম এ উনি অ্যাকোয়েস্টিক গীটার, গীটার সলো সেতার, ড্রামস বাজিয়েছেন।
ট্র্যাক ৮ "আকাশের তারা"
কোরাস বাদে পুরো ভার্সটাই "উড়ু উড়ু মন" গানটার মতো। বেশি ভালো লাগেনি।
ট্র্যাক ৯ "সুর্য্য ২"
গানটার ইন্ট্রো রিফ শোনার পর মনে হচ্ছিল দারুণ একটা গান হবে। এটা অবশ্য সুর্য্য গানটার সিক্যুয়াল, কিন্তু আমি বলব রিমিক্স। রিফ শেষ হবার পরেই ক্যানো যেনো একটা ফুয়াদের মিক্সিং ফ্লেভার পেলাম! যদিও ফুয়াদ এই অ্যালবাম এ কাজ করেন নি! অভার অল ভালো গান, ক্রসিং গুলো সুন্দর, ফ্রিকুয়েন্ট রিদম চেঞ্জিং টাও ভাল লাগেছে। কিন্তু আমার কাছে "সুর্য্য" টাই বেশি ভালো লাগে।
ট্র্যাক ১০ "ক্যান্সার"
বেইজবাবা'র খুব কাছের এক প্রিয় বন্ধু সারাহ হাফিজ। উনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। অর্থহীন পুরো অ্যালবাম টাই ওনাকে ডেডিকেট করেছে। আর এই গানটাও ওনাকে ডেডিকেট করেই লেখা। পুরো অ্যালবাম এ এটাই আমার সবচেয়ে প্রিয় গান! রিফগুলো দারুণ। ডার্ক একটা ভাব আছে গানটাতে। সেই ধ্রুবক...'র অনেকদিন পর সুমন ভাইয়ের হার্শ ভয়েস শুনলাম। ভোকাল কর্ডে সমস্যার কারণে ডাক্তার ওনাকে এরকম হার্শ ভয়েছে গাইতে নিষেধ করেছেন বলে শুনেছিলাম। কোরাসে রাফা দারুণ। আর শেষে সুমন ভাইয়ের বেইজের কাজ ভালো লেগেছে। সলোটাও সুন্দর।
ট্র্যাক ১১ "নিকৃষ্ট ২ _।_"
গানটার নাম হচ্ছে _।_ কারণ নিকৃষ্ট ২ লিখে কেটে দেয়া! হেভি মেটাল বলব না মেলোডিক ডেথ বলবো? লিরিকে অনেকগুলো এক্সপ্লিসিট শব্দ (আসলে ততটাও এক্সপ্লিসিট না!) ব্যবহার করা হয়েছে। অই শব্দগুলোর যায়গায় বিপ শব্দজুড়ে দেয়া!
ও আরেকটা ট্র্যাক আছে অ্যালবাম এ। বাংলালিঙ্ক এর থীম। অর্থহীনের বাজানো। জেনে থাকবেন হয়তো অর্থহীন আর ওয়ারফেইজ বাংলালিঙ্কের ব্র্যান্ড আম্বাসডর ব্যান্ড।
ভালোই গানটা। একনাগাড়ে শুনতে খুব একটা ভালো লাগেনা যদিও। রাফার স্ক্রীম ভালো ছিল। এওসব গানে স্ক্রীম না থাকলে ঠিক ফ্লেভার আসে না!
ওভার অল অ্যালবামটা ভালো। তবে আমি অর্থহীনের বেস্ট অ্যালবাম বলব না এটাকে। এমনকি সেকেন্ড বেস্ট ও না। শুনলাম অ্যালবাম শেষ করতে না-কি ৯৬ ঘন্টা মোটে সময় লেগেছে। মানে ৪ দিন। আরেকটু বেশি সময় দিলে হয়ত আরো ভালো হত!
তৃতীয় যাত্রা
নেমেসিসের দ্বিতীয় একক। নাম ক্যানো তৃতীয় যাত্রা হলো তা জানি না! টাইটেল ট্র্যাকের জন্যে কি? অ্যালবাম এ মোট ট্র্যাক ৯ টা।
ট্র্যাক ১ "কবে"
দারুণ একটা অল্টার রক গান। কোরাস বার বার রিপিট হবার পরও দারুণ লেগেছে। যথার্থই নেমেসিস ময় গান। গীটার সলোটা ভালো লেগেছে। যোহাদের স্ক্রিমটা দরকারি ছিল। যদিও স্ক্রিম না বলে টান বলাই ভালো। ড্রামসের কাজ সুন্দর।
ট্র্যাক ২ "বীর"
ইন্ট্রো রিফটা সুন্দর। লিরিক দারুণ। শুধু দারুণ না চমৎকার! কোরাসটা অনবদ্য। সেকেন্ড কোরাস শেষে থার্ড কোরাসে যাবার আগের ক্রসিং টা ভালো লাগল।
ট্র্যাক ৩ "তৃতীয় যাত্রা"
টাইটেল ট্র্যাক। নাইস লিরিক। সুন্দর একটা অল্টার রক। ওয়ান আপ গীটারের কাজগুলো সুন্দর। সলো নিয়ন্ত্রিত। কোন কিছুই আরোপিত লাগেনি।
ট্র্যাক ৪ "কল্পরাজ্য"
লিরিক সুন্দর। মিউজিক ও ভাল। যোহাদ ভালোই গেয়েছেন।
ট্র্যাক ৫ "এগিয়ে নাও"
ইন্ট্রো রিফটা সুন্দর। সবচেয়ে টানলো লিরিকটাই। যোহাদ নেমেসিসের জন্য পারফেকট ভোকাল। এই গানের শেষে রাতুলের অল্প একটু বেজ সলো আছে। যদিও হাই নোটস এ বাজানো।
ট্র্যাক ৬ "অ-বসবাস"
গানটার ভেতর ক্যামন যেন একটু বৈরাগ্য বৈরাগ্য ভাব আছে! আর কিছু বললাম না। শুনে দেখুন!
ট্র্যাক ৭ "নির্বাসন"
চমৎকার ইন্ট্রো রিফ। অ্যালবাম এ "কবে"র পরে আমার সবচেয়ে ভালো লেগেছে এটাই। যোহাদ ভালো গেয়েছেন। কোরাসটা দারুণ। রাতুলের চমৎকার একটা বেজ সলো আছে। গীটার সলো টাও সুন্দর।
ট্র্যাক ৮ "Hold On"
নেমেসিসের প্রথম অ্যালবাম এ দুটো ইংরেজী গান ছিলো। এবারে একটা আছে। এটাই সেই গান। ঠান্ডা মেজাজের একটা মুড দিয়ে শুরু হয়। সুন্দর গান। সুন্দর লিরিক। বেশ অনুপ্রেরণাদায়ক একটা গান।
ট্র্যাক ৯ "শেষ গান"
অ্যাকুয়েস্টিক গীটারের কাজে তৈরী এই গানটা হঠাত করে শুনলে অর্ণবের গান মনে হতে পারে। সলোটা সুন্দর। আর কিছু বললাম না। নিজেই শুনুন।
অ্যালবাম এর লিরিক গুলো বেশ। খুব সহজ কথায় দুর্বোধ্য ছন্নছাড়া মনের কথকতা বলেছেন যোহাদ। অবশ্য কয়েকটা গানে রায়িন ও মাহের ও হাতের ছাপ রেখেছেন। এই অ্যালবামটাকে আমি বলব একটা পারফেক্ট অল্টার রক অ্যালবাম। প্রতিটা গানই সুন্দর। যোহাদ অনেক ভালো গেয়েছেন।
ডাউনলোড লিঙ্কঃ
কি???
অ্যালবাম টা কবে বের হয়েছে জানেন? এক সপ্তাহ ও হয়নি! ডাউনলোড লিঙ্ক চাচ্ছেন কি হিসেবে?
- সবাই তো দেয়!
সবাই যদি কোপ দিয়ে নিজের পা কেটে ফ্যালে তো আপনিও কাটবেন নাকি!
দেশী মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ। এখন যদি আমরা অ্যালবাম না কিনি তো কারা কিনবে বলুন? আর আমি তো আপনাকে পিস অফ ক্র্যাপ, লোডেড উইথ বুলশিটস টাইপ কোন অ্যালবাম কিনতে বলছি না। এই দুটো অ্যালবাম কিনলে আপনার কোন লস হবে না। ভাল মিউজিক কিনে শোনার একটা আলাদা আনন্দ আছে। সেটা থেকে নিজেকে বঞ্চিত করবেন না।
যারা দেশে আছেন তারা তো স্টোর থেকেই কিনতে পারবেন। যারা বাইরে আছেন তারাও চাইলে অনলাইন থেকে সামান্য কিছু টাকার বিনিময়ে অ্যালবাম গুলো কিনতে পারেন। অনলাইনে কিনতে ভিজিট করুন আমাদেরগান ডট কম।
দেশী মিউজিক প্রমোট করুন, অ্যালবাম কিনে শুনুন।
বোনাসঃ
নেমেসিসের "কবে"র অফিসিয়াল মিউজিক ভিডিও। দারুণ একটা ভিডিও। এডিটিং অ্যানিমেশন চোখে পড়ার মতো। প্রযোজনা করেছে স্টুডিও বাঙ্গি (নেমেসিসের নিজেদের প্রোডাকশন)।
লক্ষ্য করুনঃ এই রিভিউ টা কোনো বোদ্ধার অনুভূতি না। একজন শ্রোতার অনুভূতি।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



