আমি কি ধরনের বই পাগলা ছেলে, সেটা অন্য আর একদিন বলব। আজকে বলি, জীবনের প্রথম চুরি করা বই নিয়ে।
আব্বুর চাকরীর সুবাদে, কুষ্টিয়াতে আমার জীবনের একটা দীর্ঘ সময় কেটেছে। ক্লাস ফোর থেকে ইন্টারমেডিয়েট পর্যন্ত, এই দীর্ঘ সময়ে আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল বই। যাই হোক, কাজের কথায় আসি। কুষ্টিয়াতে বইমেলা নামে একটা বইএর দোকান আছে। সবচেয়ে বড় বইয়ের দোকান। কোন বই কিনতে যেয়ে কখনো খালি হাতে ফিরে আসতে হয় নাই। আমি যখন জিলা স্কুলে পড়তাম, তখন ই বন্ধুদের কাছ থেকে শুনতাম ওরা কিভাবে বইমেলা থেকে বিভিন্ন বই (তিন গোয়েন্দা সিরিজের) গায়েব করে দিত। আমি খালি শুনে যেতাম, কখনো বই চুরির চিন্তা করতাম না।
যখন ইন্টারমেডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, তখন জগতের সব কিছু রঙ্গিন চশমা দিয়ে দেখা শুরু করেছি, কলেজে পড়ি না? তো একদিন, কলেজের ক্লাস শেষে বইমেলায় গিয়েছি, বই কিনব বলে। গিয়ে দেখি, ২টা নতুন বই এসেছে - জাফর ইকবালের ১টা আর হূমায়ুন আহমেদের ১টা। আমার আনন্দ দেখে কে? কিন্তু হটাত আমার মনটা খারাপ হয়ে গেল। কারন আমার কাছে যে পরিমান টাকা আছে, তাতে ১টা বই কিনা যাবে। কি করা যায়, চিন্তা করতে করতে হটাত মনে হলো রিস্ক কি একটা নিয়ে নিব নাকি? কিন্তু পরক্ষনেই মনে হলো, ধরা পড়লে মান-সম্মান আর কিছু থাকবে না। আব্বু আবার বিশ্ববিদ্যালয়ের টীচার, তার ছেলে হয়ে এই কাজ করা ঠিক হবে না।
এইসব ভাবছি, কিন্তু দোকান থেকে আর বেরিয়ে আসতে পারছি না। পুরা নেশার মত একটা ব্যাপার, যে করেই হোক আমাকে ২টা বই ই নিতে হবে। শেষে সিদ্ধান্ত নিয়েই ফেললাম। ওই যে বললাম, সব কিছু রঙ্গিন চশমা দিয়ে দেখা শুরু করেছি।
যাই হোক, আমি যখন বই কিনতে যেতাম, তখন একসঙ্গে ১০/১২ টা বই হাতে নিয়ে দেখে-শুনে কিনতাম। দোকানের কর্মচারী ও আমাকে চিনত - রেগুলার বই কিনতাম বলে। তাই, সে কখনো কিছু মনে করতো না। আমার হাতে তখন ১০/১২ টা বই, চারপাশ টা ভালভাবে একবার দেখে নিলাম। না মালিক ব্যাটা ফোনে আলাপ করতেছে, কর্মচারী কি একটা বই আনতে ভিতরে গেছে। এই সুযোগে আমি বই দেখার নাম করে একটা বই (দিত্বীয় মানব - হূমায়ুন আহমেদ) আমার কলেজ ব্যাগে চালান করে দিলাম। না কেউ দেখে নাই। আমার আনন্দ তখন দেখে কে? একটু পরে কর্মচারী আসলে, জাফর ইকবালের বই টার দাম দিয়ে দোকান থেকে বেরিয়ে আসলাম। উফফ, বই চুরি করার মাঝে যে এতো আনন্দ, আগে জানতাম না।
আমার লাইফের আনন্দঘন মুহূর্তে গুলোর মধ্যে ওই টা ছিলো একটা। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ৩/৪ দিন পরে আমি বইমেলায় গিয়ে বইটা ফেরত দিয়ে এসেছি। আমার বই পড়াও হলো, আর বইমেলার ও কোন লোকসান হলো না - খারাপ কি? তবে বইটা কিভাবে ফেরত দিয়েছি এটা নিশ্চয় বুদ্ধিমান পাঠক বের করে ফেলেছেন।
সবাইকে ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


