জৈব হাত, স্পেসবারে বুড়ো আঙুল। দুরালাপনীতে - যখন সঙ্কেত শুনবেন বেলা... টা বেজে ২৩ মিনিট ..সেকেণ্ড, তারপর বীপ। সিজিয়ামের রশ্মি ঝলসে যাচ্ছে লেজারে। আরেকটি নিখূঁত সেকেণ্ড গুণে ফেলল আণবিক নির্ঝরিনী। রাউজকের সামনে রিক্সাকে ধাক্কা দিয়েছে মালিক সমিতির কোষাধ্যক্ষের গাড়ি, বচসায় ঘি ঢালল জনৈক পথচারী, আউটার স্টেডিয়ামের মাইকের দোকানে মাইজভাণ্ডারীর ক্যাসেট প্যাচ খেয়ে থেমে গেল। শিশু হয়রানীর জন্য সিডনীতে শিক্ষকের বিরুদ্ধে স্থানীয় স্কুলে বিক্ষোভ, ব্যস্ত সড়কে আইপড ২ এর বিজ্ঞাপন দেখে দীর্ঘশ্বাস ফেলল একজন। সপাটে দরজা বন্ধ হল এজিবি কলোনীর দোতলার দরজা, মতির মা কালা সাবানের মূল্য বাবাদ একুনে ৭ টাকা ২৫ গুনে পয়সা কোমরে গুঁজে নিল, বাতিতে গলানো সেন্ডেলের ফিতা ঠিক করল। ফার্নেস জ্বলছে, বড় চোঙে গলিত লোহা ঢালছে ধোলাইখাল, এসিডদগ্ধ দস্তার পাত খুলে শুকাতে দেয় ব্যাটারীর মেকানিক্স শপ। নিটিং ফ্যাক্টরীর শ্যাফটের মাপ মিলছে না বলে কম টাকা পেল। মাউন্ট পলেমারের উত্তল কাচ রাত জেগে আছে। নিউ ইয়র্কে সুপার সেন্টারের কনভেয়ার বেল্টও জেগে আছে । ছোট শহরের সরাইখানায় ঢুলছিল খদ্দেরেরা, লাল নীল বাতি ঝিলিক দিচ্ছে, কড়া চুরুটের গন্ধে কাশি দিয়ে উঠল একজন। পুলিশের সাইরেন শুনে ফিলির ৩১ নং স্ট্রীটে কাপড় মুড়ি দিয়ে ঘুমন্ত একজন হোমলেস নড়ে চড়ে বসল। শীতের মুঠো থেকে বাঁচতে সাবওয়ের সিঁড়িতে ঢুকে পড়ল। মালদ্বীপের শাংগ্রিলা হোটেলের লবী, দুলছিল অর্কিড, সমুদ্রের মাছের আহারের সুগন্ধ আসছে হেঁসেল থেকে, কক্ষের চাবি ফেরত দিয়ে যেতেই প্রিন্টারে রিসিট প্রিন্ট হল। প্যাসিফিকের মহীসোপান, তিমির পরিসংখ্যানে ব্যস্ত ডিসকভারী চ্যানেল, সৈকতে কাৎরাচ্ছে পথভোলা জেলিফিশ । সূর্যস্নানের রমনীরা উপুর হয়ে থাকল নির্মল ফুকেট বীচে, বাতাসে সমুদ্র মধ্যবর্তী টিলার ঘাস নড়তে থাকল, ব্যোমচারী এক প্যারাস্যুট জাম্পার স্পীডবোটের গতি বাড়তেই শূণ্যে হাত নেড়ে উঠল। মেঘের বার্গারে চিজের মতো যাত্রীবাহী মালয়শিয়ান বিমানে মিট মিট বাতি জ্বলছে। ভিতরে রেস্টরুমের ফ্লাশ বর্জ্য শুষে নিল, কেউ বেরিয়ে এল, উপর েসবুজ সংকেত জ্বলে উঠল । রিক্সা কাপড়ে মুড়ি দিয়ে স্বামীর বাড়িতে আসছিল নাগেশ্বরী গ্রামের মেম্বরের দ্বিতীয় বউ, অমনি হাফ প্যাণ্ট পরিহিত বালক ফুরকান পিছনে চাকায় উঠে গেল, তার পেট যেন ঈদের বেলুন, কৃমির অভয়ারণ্য। মাঝির বউ কলাগাছের আড়াল উঁকি দিচ্ছিল, বেগানা পুরুষ দেখে ঝট করে বাড়িতে ঢুকে গেল, নাকে পালক গোঁজা ডিমবন্ধা মুরগী শামুক ঠোকরালো । স্যাটেলাইট এন্টেনায় চায়ের ছাকনির মতো জাল, উড়ে এসে বসল দুটো দাঁড় কাক। মরা গরুর ভূড়ির ভেতর স্পষ্ট দেখা গেল কয়েকটা শকুনের মাথা। ক্ষুদে গানরাজের বিজয়ী একটি মেয়ে কার্ডফোনে গল্প করছে, ছাদে ডেকে উঠল একটা টিকটিকি। ডেডসীর জলে পর্যটকদের ভেতর ফেলে যাওয়া পানীয়ের বোতল দুলে উঠল। মুম্বাইয়ের বিকাশ স্টুডিওতে এ আর রহমানের বিরক্তির ভাষণ, শব্দ ইঞ্জিনিয়ারেরা ব্যস্ত, মেঝেতে পড়ে থাকল কয়েকটা ডিভিডি । নিউ দিল্লী সার্কাস একটি হাতি শুড় দিয়ে প্রশিক্ষককে অভিবাদন জানাতে যাচ্ছে, দিল্লীর লাল কেল্লায় লাইট এণ্ড শোয়ের বাল্ব বদলাতে আসল একজন। ভলগা নদীর উপর গাছের ছায়া টলমল করে উঠছে। কালো ডেকচিতে ভাত ফুটছে তেজগাঁয়, হলের বারান্দায় ডিম কসাচ্ছে একজন, ঝোলে তেল ভেসে উঠল। হুকার ললনা গাড়ির দিকে ইঙ্গিত করতেই লিমুজিনের কাচ নামতে লাগল। সৌদি আরবের রিয়াদে বহুতল মার্কেটের উস্তাগার হুসেনালী, ভাঙা কনুইয়ে কঁকিয়ে উঠতেই তেলের বোতল এগিয়ে দিল রমজান। গোয়ানডং প্রদেশে তোষিবা ট্যাবলেট কম্পিউটারের প্যাকেজিং। এই মাত্র কয়েকশত শ্রমিক ছাটাই হল, পরিশ্রমী লোকগুলো দলবদ্ধ ভাবে সড়কে নেমে এল। ব্যবহৃত জন্মনিরোধক ড্রেনে ফেলে তিনতলার জানলা সশব্দে বন্ধ হল, একটি নারী কণ্ঠ অসহায় ভাবে কাঁদল। সকালের রেলগাড়িটা নি:শব্দে থেমেছে বুখারেস্টের ক্যালিয়া প্লেভনেইতে , স্বর্ণচুলের তরুণী গন্তব্যে পৌছার আগে দেখে নিল তার সুতোর ব্যাগটি। অলক্তরাগ রবির কিরণ আবীর ছড়াতে শুরু করেছে, ইস্তাম্বুলের খামার বাড়িতে সচকিতে ডেকে উঠল লালঝুঁটি মোরগ, একব্রিক দুরাগী সৈকতে জাহাজের নাবিক বহু দেখা আকাশটি ফের দেখতে থাকল । বুড়িমারীতে যে ট্রাকগুলো থিতু হয়েছিল লম্বা জট থামতেই তারা এগিয়ে গেল, হেডলাইট জ্বলছে, ড্রাইভারের পাশের সীটে দৈনিক কাগজ, ত্রিপলে ঢাকা ট্রাকের পিছনে দাঁড়িয়ে থাকল ১৩ বছরের জুলহাস । মায়ানমারে বিএনআই এর রিপোর্টার অনুবাদে ব্যস্ত, এই মাত্র মনিটরে খবর ভাসল যে শীতলতম বামন তারার খোঁজ মিলেছে ৭৫ আলোকবর্ষ দুরে। আইপিস ফোকাস বদলাল, গবেষক দেখছে মাইক্রোসকোপের নিচে ড্রসেফিলা মাছির ডানা জীবাণু আক্রান্ত, ক্লান্ত হয়ে বেরিয়ে যেতেই অর্ধ সমাপ্ত রিপোর্ট স্ক্রীন সেভারে ঢেকে গেল। এরিজোনার ডেপুটি শেরিফ জেসন অর্গান আইসিইউতে দাঁড়িয়ে, দুর্ঘটনায় মুমুর্ষু শিশুর হৃদযন্ত্রের গ্রাফ ওঠানামা হতে থাকল ন্যাসড্যাকের শেয়ারের মতো। ফ্রান্সের পাঁরিতে ক্যাটওয়াকের প্রস্তুতি চালিয়ে গেল একজন অস্থিসার মডেল। রাক্ষসের মতো দম্ভে উড়ে গেছে মার্কিন বিমান, যুদ্ধের আতঙ্কে ত্রিপলীতে হাসপাতালে ঢুকে গেল একজন মাঝবয়সী। তিউনিশিয়ার শৌশা ক্যাম্পে খাস্তা বিস্কুট নিয়ে ঢুকলো জাতিসংঘের ট্রাক। সারা রাত খোলা থাকা এক ম্যাগডোনাল্ডসে দামদর করে ২ ডলারে স্যাণ্ডউইচ চিবাচ্ছে জনৈক হ্যাণ্ডিম্যান, গায়ের জ্যাকেটে নীল গাধার ছবিটা বিবর্ণ। সিএনজি ওয়ালা ২০ টাকার জন্য বক বক করছে এয়ারপোর্ট রোডে। কার্টুনিস্ট লুরী ক্যারিকেচারের খাতায় ওবামার মুখে ফাইনাল টাচ শেষ করল । পার্বত্য চট্টগ্রামের রাউজানে জেএমবির প্রশিক্ষণ চলছে, আড়াল করা মসজিদের ওজুর কলটা খোলা রেখে একজন চলে যেতেই গল গল পানি ঝরল । আমিরখানের বদনাম করতেই মোবাইল ফোন রাগে ছুড়ে ফেলল একজন । উত্তর জাপানের এক দ্বীপে তাবুর ভেতর শুয়ে থেকে শুধুই বিড় বিড় করতে থাকল এক অশীতিপর বৃদ্ধ, তন্দ্রায় কারও নাম মনে করতে চাইল। স্পার্ক প্লাগ পরিষ্কার করে চাইনিজ বাইকে পা ঠুকল একজন পেশাদার খুনি। তখনই গোলাপশাহ মাজারে বহুদিনের টাকাপয়সার স্তুপে রুপালী একটা আধুলি ঝুন করে পড়ল, কেউ একজন সালাম করল। দমকলের ঘন্টা বেজে ওঠে বুয়েন্স আয়ার্সের এক বস্তিতে, হাহা জারি শুরু হয়। কুচি কুচি করে কাটা সিগেরেট ধরানোর কাগজ জ্বলে উঠল। নীল ফিতার মেয়েরা স্কুলের সামনে হাটল, ঘাড় ঘুরিয়ে চেয়ে থাকল পানের দোকানদার, বোঁটায় চুন নিয়ে মুখে পুরল এক দীর্ঘশ্মশ্রু হুজুর, পেটে হাত বুলাতে বুলাতে বেপর্দা নারীর আজাবের কথা ভাবল। বেতন বৃদ্ধির আশ্বাসে অনশন ভাঙলো অনশনকারীরা। হিমালয় বেজ ক্যাম্পে উঠলো নতুন অভিযাত্রী। সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেনে গেটে একগোছা বেগুনী পিটুনিয়া ফুটল। এই মাত্র উইকেট পড়ল নিউজিল্যাণ্ডের । শিলিগুঁড়ি তেনজিং স্টেশন থেকে কার্শিয়াং এর বাস ছাড়ল, নতুন একজন উঠতেই এক যাত্রী চেপে বসল। সোমালিয়ার জলদস্যুদের জাহাজ দেখে আতঙ্কিত হল ফিলিপিনো নাবিক । কানাডার জেসিকা স্ট্রসার ফেসবুকে ক্যাম্পিং এর ছবি আপলোড করল, আইভরিকোস্টের ১ জন পছন্দ করে ফেলল। জরায়ুর ক্যান্সারে মুমুর্ষু ইসমত আরার আত্মীয়রা হাসপাতালে ভিড় করল, একদিন পর তার জ্ঞান ফিরল, ফিরেই কোলের সন্তানের নাম ধরে ডাকল। মাকড়সা তার জাল শেষ করল, দেয়াল ঘড়ির কাঁটা ঘুরে চলল। কেউ যেন শুনল, যখন সংকেত শুনবেন...বেলা... টা বেজে ২৩ মিনিট ..সেকেণ্ড
--
ড্রাফট ১.২
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১১ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



