আমার প্রিয় পোস্ট
- সময় - রথো রাফি
- এক্সপি জেনুইন করার একটি সহজ উপায়। - অমিত০৯৭
- ওই বুট ওই লাথি, ওই আমাদের শিক্ষক, ওই পড়ে মার খায় জনতার লোক - ফারুক ওয়াসিফ
- কার্ল মার্কস ও তথাকথিত প্রকৃতি বিজ্ঞান (Natural Science) - পি মুন্সী
- ইস্নিপস থেকে ডাউনলোডের নয়া সিস্টেম! - রাশেদ
- গৌরাঙ্গ নামা- বাংলাদেশে সংখ্যালঘুর পরাজয় - রাসেল ( ........)
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- আমরা নতুন কোনভাবে বিডিআরের ইতিহাস পড়ব - রিফাত হাসান
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- রিফাত হাসানের 'ফাজলামীর সীমা' এবং ফুটনোটের গবাক্ষপথে রাজনীতির মারেফত দর্শন - ফারুক ওয়াসিফ
- উপমহাদেশে হিংসার হাওয়া : ভারতের ফ্যাসিবাদের উত্থান - ফারুক ওয়াসিফ
- 'সামনে আসছে শুভ দিন'...কিন্ত কার জন্য? - ফারুক ওয়াসিফ
- আশার সমাধিতে আমরা অপেক্ষা করছি... - ফারুক ওয়াসিফ
- চমস্কির সাক্ষাতকার: আমি কোণঠাসা নই, আমাকে চালিত করে সংগ্রামী আশাবাদ - ফারুক ওয়াসিফ
- পরশুরামের কুঠার অথবা জিন্দা লাশের আয়ুষ্কাল - ফারুক ওয়াসিফ
- অনিঃশেষ দেশভাগের কথকতা : সুধা কি সাদিয়ার কথা শুনছে - ফারুক ওয়াসিফ
- সাম্প্রতিক খাদ্য সংকট ও আমাদের কৃষি - দিনমজুর
হাঁটা পথে আমরা এসেছি তোমার কিনারে হে সভ্যতা। আমরা সাত ভাই চম্পা মাতৃকাচিহ্ন কপালে দঁড়িয়েছি এসে _এই বিপাকে, পরিণামে। আমরা কথা বলি আর আমাদের মা আজো লতাপাতা খায়।

আশার সমাধিতে আমরা অপেক্ষা করছি...
১৯ শে মে, ২০০৮ বিকাল ৫:১২
আশার সমাধির নাম বাংলাদেশ। অপেক্ষার ডাকনামও এই বাংলাদেশ। আসে আসে করেও কোনো কিছুই এখানে আসে না, কিন্তু অমানিশার মধ্যেও তার আবির্ভাবের সম্ভাবনা ফুটে থাকে ধ্রুবতারার মতো। নাক চেয়ে নরুণ পেলেও আমাদের আশা, একদিন নাক মিলবে। আমরা অপেক্ষা করছি, একদিন অপেক্ষার বোন আশা ফিরে আসবে। আমাদের প্লাটফর্মে ইতিহাসের ট্রেন থামবে।
আমরা অপেক্ষা করি। এই অকহতব্য বাস্তবতায় এই আমাদের বেঁচে থাকার সঞ্জীবনী। আশার সমাধিতে জলসিঞ্চন করে তাতে আমরা বেদনার ঘাস ফলাই। আশার ভাই অপেক্ষা আমাদের জাগিয়ে রাখে। এক একটি যুগ আমরা পেরিয়ে আসি। পেরিয়ে আসি লোকক্ষয়, মারি ও মন্বন্তর। ক্ষোভে ও তাপে আমাদের বুক বসে যায়। আমাদের পদ্মা আর তিস্তার মতো খর হয়ে ওঠে চোখ_ আঁশু ঝরে না।
শত শত বছর ধরে যার যার স্বল্পায়ুর মধ্যে পেতে চেয়েছি অনেক কিছু, কিন্তু ইতিহাস যত আদি তেমনি দীর্ঘ আমাদের জাতীয় লাঞ্ছনার পরিসীমা।
আমাদের ট্রেন আর যেন আসে না, আমাদের মঙ্গা আর যেন কাটে না। আমাদের ফৌজি উপদ্রব আর যেন শেষ হয় না। তবুও আমরা অপেক্ষা করি। ফাঁসির দড়ি গলায় নিয়ে যেমন অপেক্ষা করে দণ্ডিত পুরুষ। তেমনি আমরা অপেক্ষা করছি আরো কিছু নিঃশ্বাসের, আরো কিছু আলোর, আরো কিছু প্রিয় মুখচ্ছবির_আরো কিছু মরণশীল আস্বাদনের। অন্তিম দীর্ঘশ্বাসের জন্য জমিয়ে রাখি দম। অভিজ্ঞতার বিষে ভরে যায় আমাদের রোমকূপ। সেই ব্যথার মোচন নাই।
আমরা ফুটপাথবাসী অপেক্ষা করি, একদিন গ্রামে ফিরব। আমরা গরিব মানুষ অপেক্ষা করি একদিন কিছু একটা হবে, আর ভাত তুলে দেব সন্তানের মুখে। সে হাসবে তখন বিজ্ঞাপনশোভিত অমলিন হাসি। হতভাগ্যা নারীটি অপেক্ষা করে তার মেয়ে এই পতিত জীবন থেকে পালাবে। এভাবে একজীবন কেটে গেলে সে ভাবে, তার মেয়ের মেয়ে, কিংবা তার মেয়ের মেয়ের মেয়ে নিশ্চয়ই অন্যজীবন পাবে। তারপর কবরে গিয়ে অপেক্ষা করে কখন খুলে যাবে বেহেশতের দরজা। আর দুনিয়ার মাবুদকে পাবে কাঠগড়ায়। অপেক্ষা ছাড়া মানুষ পারে না, পশুর দশাকে মেনে নিতে নিতে পশু হয়ে যাওয়া থেকে এই তাকে বাঁচিয়ে রাখে।
দিনবদলের অপেক্ষা না থাকলে আমরা জীবিত প্রেত হয়ে ঘুরতাম। আর হায় প্রেতেরাই বসায় আজ দিনবদলের রঙিন মজমা। একদিন দুঃশাসনের অবসান হবে এই ভরসা না থাকলে কলমকে নিজ নিজ পশ্চাদদেশে ঢুকিয়ে বাহ্য করা বন্ধ করে দিতাম। দিতে দিতে পেটের ভেতর মল জমতে জমতে জমতে জমতে পাথর হতে হতে একদিন পাথরপ্রতিম হয়ে যেতাম। সেই মলজমাট পাথর দিয়ে জাতির পিতা-ভাই-বোন-ভাবিদের ভাস্কর্য বানাতাম।
আমরা অপেক্ষা করি। আমাদের মা ভোর রাতে বাসরাস্তায় গাড়ি থামার শব্দে জেগে ওঠে। আমাদের বাবা অপেক্ষা করে মনি অর্ডারের জন্য আর স্বপ্নে কাকে দেখে যেন হুহু করে কেঁদে ওঠে। 'বাবা বাবা' করে রব করে। আমি অপেক্ষা করি, একদিন বাড়ি যাব, একদিন মায়ের কোল নেব। একদিন কাঁদব। একদিন শিশু হতে হতে ছোট হতে হতে জরায়ুতে ফিরে গিয়ে জলজ ঘুম দেব।
আর সেই ঘুমের স্বপ্নে দেখব এক আশার পৃথিবী। কেমন ঘোরের মত রোদের পৃথিবী। আবার তোমার সন্তান হয়ে সেখানে জন্ম নেব 'আশা' কিংবা 'অপেক্ষা' হয়ে। আমরা হব সেই পৃথিবীর আদম ও হাওয়া। তারপর দুজন মিলে ত্যাজ্য করে দেব ইতিহাস, এবং হে খোদা তোমাকেও।
আমাদের আশার কোনো পরকাল নাই।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হাসিব মাহমুদ বলেছেন:
লেখাটা কোথাও ছাপাইছেন ?
রাজামশাই বলেছেন:
হাসিব মাহমুদ বলেছেন: লেখাটা কোথাও ছাপাইছেন ?
ফারুক ওয়াসিফ বলেছেন:
ছাপাই নাই, অন্য একটা ব্লেগ দেয়া ছিল দুই দিন আগে।
সাধক শঙ্কু বলেছেন:
আমরা তো আসলে শুধু অপেক্ষাই করি না। লগে কামও করি। তারপর আমাগো পোলারা করে তারপর তাগো পোলারা করে। বাইচা থাকা মানেই দৌড়ের উপর থাকা।
ফারুক ওয়াসিফ বলেছেন:
না, তবে এগুলা ছাপাবার জন্য না, অফিস টাইমের বাইপ্রডাক্ট।
শিবলী নোমান বলেছেন:
অনেক দিন পর এই ফারুক ওয়াসিফরে পাইলাম।
ভ্রুক্ষেপিত জ্ঞান বলেছেন:
আপনার লেখা ভালো লাগে। নিয়মিত লিখুন।
ফারুক ওয়াসিফ বলেছেন:
ধন্যবাদ ভাই, আপনাদের কথা আমল করার চেষ্টা করবো। সময় পাই কম। সবাই মিলে এক তালে লেখা দরকার।
আলফ্রেড খোকন বলেছেন:
ভাইয়ের ছবিখান তো মাশাল্লা! কোন আমলে তোলা?
ফারুক ওয়াসিফ বলেছেন:
ভাই সাহেব কি ছবি ছাড়া আর কিছু পাইলেন না মন্তব্য করার!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














