পারস্পরিক যৌথ উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের চরিত্র সংশোধন এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখার প্রচেষ্টার আহ্বান জানালেন সউদী আরবস্থ বাংলাদেশ এম্বেসীর কনসুলেট জেনারেল।
গত ২৪ অক্টোবর শুক্রবার সউদী আরবে নিযুক্ত বাংলাদেশের কনসুলেট জেনারেল মোঃ গোলাম সরওয়ার মদীনা ইসলামিক সেন্টারের প্রধান শাইখ মোবারাক আল-হারেসীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সউদী আরবে বাংলাদেশী প্রবাসীদের উপর নেমে আসা বিপর্যয়ের প্রতিবিধান কল্পে বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরামর্শ প্রদান করাই ছিল উক্ত সাক্ষাতের বিশেষ লক্ষ্য। বিভিন্ন বড় বড় কোম্পানীর ভিলাসমূহে, ইসলামিক সেন্টারে, জেলখানায় এবং এ ধরনের অন্যান্য স্থানগুলোতে ইসলামী দাওয়াতী কাজকে আরো সম্প্রসারণ করার আবেদন রাখেন কনসুলেট জেনারেল। উভয় পক্ষ থেকে পারস্পরিক ভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন উক্ত সাক্ষাতে এবং বিভিন্ন সংস্থা প্রধানদের নিয়ে মাঝে মাঝে অপরাধ নিয়ন্ত্রণ বিষয়ের উপর সেমিনার বা আলোচনা সভার আয়োজনের পরামর্শ আদান-প্রদান হয়।
এ সময় ডঃ সাইফুল্লাহ্ বিন আহমাদ কারীম মদীনার জেলখানায় বিগত দিনের দাওয়াতী কাজের অভিজ্ঞতা থেকে এমন কিছু বাংলাদেশীর কথা উল্লেখ করেন, যাদের সাজা সমাপ্ত হবার পরও জেল খেটে চলেছেন। এ ব্যাপারে শাইখ মোবারাক মদীনার আদালতের কাযী হারামের মুহতারাম ইমাম আব্দুল মুহসীন আল-কাসেম-এর দৃষ্টি আকর্ষণ করবেন বলে কথা দিয়েছেন।
বাদ আসর মদীনা ইসলামিক সেন্টারের মসজিদুন্ নববী সংলগ্ন শাখা অফিসে সাক্ষাতকালীন সময় আরো উপস্থিত ছিলেন মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পিএইচডি ডিগ্রী প্রাপ্ত কৃতি ছাত্র ডঃ সাইফুল্লাহ্ বিন আহমাদ কারীম, এই প্রতিবেদক এবং জেদ্দাস্থ বাংলাদেশ এম্বেসীতে কর্মরত কর্মকর্তা জনাব ইউসুফ; যিনি দোভাষীর দায়িত্বও পালন করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


