ওয়ানডের র্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডারের স্থানটা বারবার হাতবদল হচ্ছে মোহাম্মদ হাফিজ আর সাকিব আল হাসানের মধ্যে। গত মে মাসে সাকিবকে পেছনে ফেলে শীর্ষে উঠেছিলেন হাফিজ। তবে খুব বেশি দিন দুই নম্বর হয়ে থাকতে হচ্ছে না সাকিবকে। এক মাসের ব্যবধানেই আবার ফিরে পেয়েছেন শীর্ষ স্থানটা। আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে সাকিবের ঝুলিতে জমা হয়েছে ১৮৭ পয়েন্ট। পাঁচ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছেন হাফিজ।
এ বছরের শুরু থেকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডারের স্থানটা পরিবর্তিত হয়েছে চারবার। গত জানুয়ারিতে সাকিবকে সরিয়ে শীর্ষে এসেছিলেন হাফিজ। মার্চ মাসে দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তানি এই অলরাউন্ডারের ব্যর্থতায় আবারও সাকিব ফিরে পান শীর্ষ স্থানটা। মে মাসে জিম্বাবুয়ে সফরে ভালো পারফরম্যান্স দেখাতে পারলেই শ্রেষ্ঠত্বটা ধরে রাখতে পারতেন বাংলাদেশের এই অলরাউন্ডার। কিন্তু সেখানে ব্যর্থ হওয়ায় আবারও সেরা অলরাউন্ডারের আসনে বসে যান হাফিজ। এ বছর দ্বিতীয় দফায় সাকিবের শীর্ষে ফেরার পেছনেও প্রধান ভূমিকা হাফিজের ব্যর্থতার। চ্যাম্পিয়নস ট্রফিতে সফল না হতে পারায় শীর্ষ স্থান হারাতে হয়েছে তাঁকে। সাকিব ফিরে পেয়েছেন ওয়ানডের সেরা অলরাউন্ডারের মর্যাদাটা।
টেস্টে অবশ্য এখনো দ্বিতীয় স্থানেই আছেন সাকিব। শীর্ষ স্থানটা ধরে রেখেছেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

