গতকাল রাত ৮ টায় যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের ফাঁসির রায় কার্যকর করার প্রক্রিয়া চলছিল, জাতির কলঙ্ক মুক্ত হওয়ার সেই মাহেন্দ্রক্ষণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন জায়নামাজে বসে শোকরানা নামাজ ও কোরআন তেলওয়াতে ব্যস্ত ছিলেন ঠিক তখনই তাঁর সরকারের পাঁচ মন্ত্রী ঢাকা ক্লাবে ডুবে ছিলেন মদের আড্ডায়। জাতির জনকের খুনীদের ফাঁসির মাহেন্দ্রক্ষণে পাঁচ মন্ত্রীর ঢাকা ক্লাবে দামী ব্র্যান্ডের মদের ককটেল পার্টি ও উন্মাতাল আনন্দ কিসের আলামত?
ঘটনাটি ছিল, একজন ভারতীয় সাংবাদিককে কেন্দ্র করে । কূলদীপ নায়ার নামে এই ভারতীয় কলাম লেখকের সম্মানে বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী জনাব আবুল কালাম আজাদ ঢাকা ক্লাবে এক হট-ককটেল পার্টির আয়োজন করেন। এই পার্টিতেই যোগ দিয়েছিলেন সরকারের পাঁচ সিনিয়র মন্ত্রী।
প্রশ্ন হচ্ছে, মুসলিম প্রধান বাংলাদেশ সরকারের আয়োজিত কোন অনুষ্ঠানে মদ পরিবেশন নিষিদ্ধ থাকলেও কূলদীপ নায়ারের সম্মানে আয়োজিত ওই অনুষ্ঠানে বিদেশী ব্র্যান্ডের দামী মদ বিপুল পরিমাণে পরিবেশন করা হয়েছিল। মন্ত্রীদের ভারত তোষণনীতি বাংলাদেশের সংস্কৃতি এবং মূল্যবোধ থেকেও কি উর্দ্ধে?
অন্যদিকে কূলদীপ নায়ার একজন সাংবাদিক মাত্র। তার সম্মানে মন্ত্রী পর্যায়ে অনুষ্ঠান আহ্বান এবং সে অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ(যাদের চারজনই আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য) উপস্থিত ছিলেন। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে একজন সাংবাদিকের সম্মানে আয়োজিত মদের পার্টিতে পাঁচ সিনিয়র মন্ত্রীর উপস্থিতি ও রাষ্ট্রীয় প্রটোকল বাংলাদেশের মর্যাদার জন্য কতটুকু অনুকূল ? অবশ্য এই মন্ত্রীদের সবাই আওয়ামীলীগে বহিরাগত।
ওই অনুষ্ঠানে যখন আমন্ত্রিত হয়েও ভারতীয় রাষ্ট্রদূত পর্যন্ত যোগ না দিয়ে তার দূতাবাসের অধঃস্তন কর্মকর্তাদের পাঠিয়েছেন তখন সেই অনুষ্ঠানে বাংলাদেশের পাঁচ সিনিয়র মন্ত্রীর যোগদান রাষ্ট্রের মর্যাদাকে ভূলুণ্ঠিত করেছে। এভাবেই বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ভারতীয় কোন ব্যক্তি বা বিষয়ের নাম শুনলেই ভারত প্রেমে আত্মাহারা হয়ে নিজেদের এবং দেশের মর্যাদা ও সম্মানকে ভূলুণ্ঠিত করতে মোটেও কুণ্ঠাবোধ করেন না।
বিশেষ করে জাতি যখন কলঙ্ক মোচনের অপেক্ষায়, প্রধানমন্ত্রী যখন জায়নামাযে ক্রন্দনরত তখন তাঁর পাঁচ সিনিয়র মন্ত্রীর মদ্যপ হয়ে আনন্দে অবগাহন করা কিসের আলামত?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


