আমার প্রিয় পোস্ট

পানি ও বিদ্যুতের অপচয় রোধে এগিয়ে আসুন!

ডানহাত/বামহাত------বাঁহাতিদের দুনিয়া

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৬

শেয়ারঃ
0 13 0

"খবরদার, বাম হাতে টাকা দেবেনা কিন্তু!"

ক্লাস টু, নতুন স্কুলে ভর্তি হয়েছি, প্রথমদিন। ক্লাসে বেতন নেওয়া হবে, বাবা-মা রাও ঐদিন ক্লাসে। গম্ভীর চেহারার এক শিক্ষক বেতন নিয়ে লিখে রাখছেন। আব্বা আমাকে আগেই সাবধান করে রেখেছেন, অশ্যই যেন ডান হাতে টাকা দেই।

আমার ডাক এল। অবলীলায় বাঁহাতে টাকাটা বাড়িয়ে দিলাম। শিক্ষক সাহেব টাকাটা নিয়েই যখন ভুরু কুঁচকে ফেললেন, তখনি মনে পড়ল, এই রে! ডান হাত! পিছনে বসা বাবার দিকে তাকালাম। চোখ কটমট করে আমার দিকে তাকিয়ে আছেন :((

আমার মোটামুটি সারাটা জীবনই এই ডান হাত বাম হাত এর গ্যাঞ্জাম করে এসেছি। একদম পিচ্চিকালেই যখন বাঁ হাতে পেন্সিল ধরে আঁকিবুকি কাটতাম, তখনই আমাদের কিছু "শুভাকাঙ্ক্ষী" আত্মীয় স্বজন পরামর্শ দিলেন, ছেলেকে এখনই জোর করে ডান হাতি বানান, ডান হাতে লেখা শেখান। আমার বাবা-মা সেই পরামর্শ কানে নেননি। আমি এখনো তাদের কাছে এই বাবদে কৃতজ্ঞ!

তবে আমি যখন খাওয়ার টেবিলে বসে সুন্দর করে বাম হাতে ভাত দিয়ে তরকারী মেখে লোকমা বানিয়ে খাওয়া শুরু করলাম, সেইটা আমার বাবা-মা কেন জানি সহ্য করতে পারলেননা। আমাকে ডান হাতে ভাত খাওয়া শেখালেন :)

যারা ডানহাতি, তাদের পক্ষে কখনোই বোঝা সম্ভব না, যে, দুনিয়ার বেশীরভাগ জিনিসই যে আসলে ডান হাতিদের জন্য বানানো। উদাহরণ দিই।

নিরীহ হাতঘড়ি, রিস্টওয়াচ। ভাবছেন, যাহ, এটার মধ্যে আবার ডানহাতি-বাঁহাতির কি হল? বেশীরভাগ মানুষই ঘড়ি বাঁহাতে পরেন, কারণ ডান হাত দিয়ে কাজ করার সময় টাইম দেখতে সুবিধা। এখন আপনি যদি বাঁহাতি হন, তাহলে ডানহাতে পড়বেন, তাইতো? এখন ডানহাতে পরে বাঁহাত দিয়ে ঘড়ির টাইমটা একটু চেঞ্জ করেন তো দেখি! একটু অসুবিধা হচ্ছে? হবেইতো, ঘড়ির বাটন গুলো যে সব ডানদিকে!!

কীবোর্ডের নাম্বারপ্যাড কেন ডানদিকে থাকে? এইতো বুঝে ফেলেছেন!

কম্পিউটারের মনিটরের বাটন গুলো কোন দিকে?

ডেস্কের ড্রয়ারগুলো আপনার কোন দিকে?

মাউসটা কম্পিউটারের কোন দিকে থাকে?

ক্যান ওপেনারটা কোন হাতে ঘুরাতে হয়?

কাঁচি যে একেবারেই ডান হাতিদের জন্য বানানো, সেটা কি জানেন?

আপনার "ইয়ে" আপনাকে এই ভ্যালেন্টাইনে যে "আই লাভ ইউ" লেখা মগটা দিল, সেটার হাতলটা একবার বাম হাতে ধরে দেখেন। কি, আইলাভ ইউ লেখাটা গায়েব?

বাঁহাতিদেরকে সেই প্রাগঐতিহাসিক কাল থেকেই লোকে একটু সন্দেহের চোখে দেখে। ধর্মগুলোতেও সেইসময়ের ট্রাডিশন অনুযায়ী বাঁহাতকে অপবিত্র ধরা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, ইংরেজী সিনিস্টার(sinister) শব্দটা অনেকেই জানেন, যার অর্থ হচ্ছে শয়তানের মত। এই শব্দটার উৎপত্তি হয়েছে এংলো-ফ্রেঞ্চ শব্দ "সেনেস্ট্রে" থেকে যার অর্থ হচ্ছে "বাম দিক"!! এরকম আরেকটা শব্দ হচ্ছে গশ(gauche), যেটার শাব্দিক অর্থ হচ্ছে "বাম", আর এটা দিয়ে বোঝানো হয় একটু ঢিলাঢালা, স্লো বুদ্ধির মানুষকে।

একটা সমাজের প্রায় ১০% মত মানুষ থাকে বামহাতি। কিন্তু বাংলাদেশী সমাজে আরো অনেক কম দেখা যায়। কারণ অনেক বাহাঁতিই ছোটবেলা থেকে পারিবারিক কারণে ডান হাতে লেখা, খাওয়া শুরু করেন।

বাঁহাতিরা যে "সিনিস্টার" হয়, সেই মিথ এখ আর নেই বললেই চলে :) তবে অন্যান্য কিছু মিথ রয়ে গেছে---অনেকে বলেন, বাঁহাতিরা বেশী মেধাবী হয়। আবার কিছু কিছু জরিপে দেখা যায়, ক্রিমিন্যালদের মধ্যে বাঁহাতিরা তুলনামূলক বেশী।

শেষ করব কিছু বিখ্যাত বাঁইয়াদের নাম দিয়ে।

বারাক ওবামা, বিল ক্লিনটন , জর্জ বুশ সিনিয়র, রিগান

জুলিয়াস সীজার, আলেক্সান্ডার দি গ্রেট,

কার্ট কোবেইন, পল ম্যাকার্টনি

ওসামা বিন লাদেন :-/

অমিতাভ বচ্চন, রবার্ট ডি নিরো, এঞ্জেলিনা জোলি, জুলিয়া রবার্টস B-)

১৩ই অগাস্ট হচ্ছে বিশ্ব বাঁহাতি দিবস।

পরিশেষে, দয়া করে কোন বাঁহাতিমানুষ দেখে মনে করবেননা, যে সে "অন্যরকম", বা তার কোন সমস্যা আছে, অথবা তার লিখতে কষ্ট হয়। যদি এরকম মনে হয়, তাহলে আয়নায় গিয়ে নিজেকে একবার দেখুন, দেখবেন আয়নার ভেতর আপনি কত চমৎকার করেই না বাঁহাতে লিখে যাচ্ছেন B-)

 

সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:০৮
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আমার দুই বন্ধু বামহাতি। হারামীদের দেখলে হিংসা হয়। ডান বাম দুই হাত দিয়েই লেখতে পারে। ক্লাসে একবার বাম হাতে লেখে আরেকবার লেখে ডানহাতে। যখন যেমনে মনে চায়। আর আমি শুধু ডানহাতে পারি :(
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৫

লেখক বলেছেন: খাইসে! আপনার বন্ধুরা তো দারুণ! বাঁহাতিদের ডানহাতের লেখা একটু ভাল হয়, ডানহাতিদের বাঁহাতের লেখার থেকে----কারণ বাঁইয়াদের ডান হাত ব্যবহার করতে হয় বেশ বেশী করেই। কিন্তু তারপরও আমার ডান হাতের লেখা পুরাই কাকের ঠ্যং বকের ঠ্যাং, (হয়ত একটু ভাল জাতের বকের ঠ্যাং ;) )তবে আপনার বন্ধুদের মত ভাল না :(

২. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১০
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: সত্যি কথা বলতে কি আমার বরং মাঝে মাঝে মনে হয়, আহা আমিও যদি বামহাতি হতে পারতাম!!!!!!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৬

লেখক বলেছেন: :-/ :-/ :-/

B-) B-) B-)

৩. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১২
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: অসাধারন লেখা, আমার স্কুল জীবনে এক ফ্রেন্ড ছিলো, বেচারার হাতের লেখা ছিলো খুবই স্লো, কোন কিছুই পুরোপুরি উত্তর দিতে পারতো না। অনেক পরে জানলাম ও ছিলো বাহাতি। ছোটবেলায় বা মা ওকে জোর করে ডানহাতে লিখতে বাধ্য করেছে। আমার কাছে এটা অমানবিকই মনে হয় !!!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩০

লেখক বলেছেন: হুম, আমাদের দেশে এটা বেশ হয়। আর বাঁহাতে লেখা শিখলেও শেখে ডান হাতিদের কাছ থেকে, ফলে কিছুটা অসামঞ্জস্য রয়েই যায়, যদিনা হাতের লেখার শিক্ষক খুব সাবধান থাকেন।

৪. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:১৫
সামিউর বলেছেন: অসম্ভব ভালো লাগলো পোস্টটা। প্রিয়তে নিলাম।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :) :)

৫. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৪
বাগসবানি বলেছেন:
মাউসের পজিশন চাইলেই চেন্জ করতে পারেন । মাউস সেটিং এ গিয়ে প্রাইমারি সেকেন্ডারি বাটন চেন্জ করে নিলেই হবে
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩৪

লেখক বলেছেন: হ্যাঁ, সেটা করা যায়। আরো মজার ব্যাপার হচ্ছে, বাঁহাতিদের জন্য স্পেশাল দোকানও আছে, যেখানে তাদের জন্য উপযোগী কাঁচি, মগ ও আরো অনেক কিছু পাওয়া যায়
Click This Link

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩৭

লেখক বলেছেন: :) অনেককেই জিজ্ঞাসা করতে দেখেছি---"ভাই আপনি নাকি লেফটিস্ট? বাম হাতে লিখতে কষ্ট হয়না??" B-)) B-))

৭. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৪৯
ঈশান হাওয়া বলেছেন: আমিও বাম হাতি .. ডান হাতে ব্যাটিং করার কারনে খালি আউট হয়ে যেতাম..পরে আভ্যাস করে নিছিলাম ..বামহাতে কাজ কারার জন্য আনেক মাইর ও খাইছি..
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৪

লেখক বলেছেন: হ্যাঁ, কিছু কিছু কাজ বাঁ হাতে করলে মাইর অবধারিত :)

তবে ক্রিকেটেই মনে হয় বাঁহাতিদের একটা আলাদা কদর আছে, অনেক ডানহাতিকে দেখেছে বাঁ হাতে ব্যাটিং/বোলিং করতে। কিছুটা স্ট্র্যাটেজিক কারণে, কিছুটা স্টাইলের কারণে :-*

৮. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৩
সবাক বলেছেন:
বিষয়ভিত্তিক এতো সুন্দর লেখা মনে হয় না ব্লগে পড়েছি।

প্রিয় পোস্ট।


অসম্ভব রকমের ভালো লেগেছে। :)
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:২৭

লেখক বলেছেন: কমেন্ট টা খুব ভাল লাগল :``>>
অনেক অনেক ধন্যবাদ :)

৯. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:০৪
হোদল রাজা বলেছেন: ডান হাত-ওয়ালাদের ব্যাপারে কিছু না বলার জন্য মাইনাস ;)

নাম করা কিছু ডান হাতি (হস্তি) নাম আম-কাঠাল-জনতার দাবী!!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৯

লেখক বলেছেন: হাহাহাহা........আপনার কমেন্টে মজা পাইলাম :)

ডানহাতিদের মধ্যে আপাতত জর্জ বুশ জুনিয়র ছাড়া কাউরে তো মনে পড়েনা ;) =p~ =p~

আসলে ডানহাতি মনীষীদের নাম তো আর লিখে শেষ করা যাবেনা, স্বাভাবিক কারণেই :)

১০. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৬
হায়রে দুনিয়া বলেছেন: আমি মাঝে মাঝে অবাকই হই বাউয়াদের দেখে। আমি বাম হাতে শৌচকর্ম ছাড়া আর একটা কাজও করতে পারি না অথচ বাউয়ারা কত কাজ ডান হাতে করে।

এটা কি ছোটবেলার অভ্যাসের কারনে নাকি প্রকৃতিগতভাবেই আমরা যতটা নন-বাউয়া, আপনারা ততটা নন-ডাউয়া না।

আমি সারাজীবনে এত বাউয়া দেখছি, আমার ফ্যামিলিতেও আছে ৪টা। কিন্তু খায়ও বাম হাতে এমন লোক দেখছি মাত্র ১ জন। সে অবশ্য মাউস ইউজ করে ডান হাতে।

আপনাদের প্রতি আমার জেনুইন শ্রদ্ধা। কিছুটা এক্সট্রা কষ্ট তো আপনাদের করতেই হয়।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৭

লেখক বলেছেন: "একটু" বাঁহাতি, "অনেকটা" বাঁহাতি, "পুরো" বাঁহাতি এধরনের কিছু শ্রেণী-বিভাজন অনেক বৈজ্ঞানিক করে থাকেন। তবে, বাঁহাতি হয়েও, পারিপার্শ্বিক কারণে ডান হাতটা ব্যবহার করতে হয় বেশ অনেকটা, সেটাও একটা কারণ।

ধন্যবাদ আপনার "জেনুইন শ্রদ্ধা"র জন্য :)

১১. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৩
শাদা-অন্ধকার বলেছেন: আমিও বাম হাতি ( left elephant : :) :) :) ) ..

এই ব্যতিক্রম টা আমি ভীষন উপভোগ করি। মজার কিছু অভিজ্ঞতা আছে এ নিয়ে।

বিখ্যাত বাঁইয়াদের নামের তালিকা টা আরো দীর্ঘায়িত করলামঃ

চিত্রশিল্পী মাইকেল এঞ্জেলো,

নেপলিয়ন বোনাপার্ট,

আর স্পোর্টসের কথা তো বাদ ই দিলাম।

আমার কথা আর নাই বা বললাম। :) B-)
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৫২

লেখক বলেছেন: এই নামগুলা সহ আপনার নামটাও পোস্টে এ্যাড করে দিবো কিনা ভাবতেছি :)

১২. ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৫
বাবুনি সুপ্তি বলেছেন: আমার বা হাতে লেখা ব্যাপারটা দারুন লাগে। আমি নিজে এমন না। কিন্তু বা হাতে লেখার অনেক চেষ্টা করেছিলাম একসময়। :P
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৫৫

লেখক বলেছেন: বাঁ হাতে লিখতে দেখলে বেশ মজা লাগে, এটা ঠিক।

আমার কথাটা চিন্তা করেন, আমি ছোটবেলায় ভাবতাম, ব্যাপার কি, সবাই উল্টা হাতে লেখে কেন :P

১৩. ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৯
ইব্রাহীম আহমেদ বলেছেন: লেখক বলেছেন: :) অনেককেই জিজ্ঞাসা করতে দেখেছি---"ভাই আপনি নাকি লেফটিস্ট? বাম হাতে লিখতে কষ্ট হয়না??" B-)) B-))
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৫:৪১

লেখক বলেছেন: :) :)

১৪. ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:০২
অলস ছেলে বলেছেন: কয়েকবার পড়ছি। প্রশংসা করা ছাড়া কিছুই খুঁজে পাচ্ছিনা বলার, এমনই সুন্দর হয়েছে লেখাটা। তাই কোন মন্তব্যই করতে পারছি না অফলাইন অনলাইনে ঘুরে যাবার পরেও। বাহাতি বোলাররা একসময় দুই চোখের বিষ ছিলো আমার :) আর এখন্ও যখন কাউকে বাম হাতে লিখতে দেখি মুগ্ধ হই।
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য :)

১৫. ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৬:৩২
নুরুন নেসা বেগম বলেছেন: যাদের এ্যাকটিভ হ্যান্ড বামদিকেরটা তারাই বাঁ-হাতি।তথ্যসমৃদ্ধ লেখা দেবার জন্য অনেক ধন্যবাদ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫১

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ!

১৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫১
হাসান মাহবুব বলেছেন: বা-হাঁতিদের নিয়ে অনেক আগে একটা লেখা পর্সিলাম। ওখানে লেখা ছিলো যে বাঁ-হাতিদের গড় আয়ু ডান হাতিদের চেয়ে ৯ বছর কম হয় :-*
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:৩৫

লেখক বলেছেন: হ্যাঁ এই তথ্যটা আমিও পড়ছিলাম কই জানি। জরিপে আরো পাওয়া যায় যে এরা বেশী ধনবান হয় আর প্রতিভাবান হয় (এইগুলাই আসল, বাকিগুলা ভুয়া ;) ) তবে আমার ব্যাক্তিগত ধারণা, আসলেই এই ২ টাইপের মধ্যে কোন তফাৎ আছে কিনা, সেইটা জানতে আরো গবেষণা দরকার।

১৭. ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৩৬
নাজিম উদদীন বলেছেন: এটা খুবই দুঃখজনক, বাঁহাতিদের সামাজিক চাপে ডানহাতি হতে হয়। যুক্তরাষ্ট্রে প্রচুর বাঁহাতি দেখি, এদের কখনও জোর করে ডান হাতি বানানো হয় না। 'বাঁহাতের কাজ', 'ডান হাতের ব্যাপার' এসব মনে হয় ইংরেজি ভাষায় নেই তাই দুই হাত নিয়ে এত কাজিয়াও নেই। ইদানীং ইরাক আফগানদের কাছ থেকে এরা মুসলমানদের ডান হাত বাম হাতের পার্থক্য জানতেছে।:)
২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৭:৪২

লেখক বলেছেন: হ্যাঁ, আমেরিকায় এইটা নাই বললেই হয়, দেশেও হয়ত আস্তে আস্তে জোর করে ডান হাতি বানানো উঠে যাবে।

আর আমেরিকানরা মিডলইস্ট-ওয়ালাদের কাছে শিখার আর জিনিস পাইল না :)

১৮. ২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৯
গুহামানব বলেছেন: আমার পাশের বাসার নাইম ছেলেটার নামও দিয়েন, ও-ও বাঁহাতি :P
২৮ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২১

লেখক বলেছেন: অবশ্যই :)

১৯. ১০ ই মার্চ, ২০১০ বিকাল ৪:৩৪
রিসাত বলেছেন: বাম গাছে ডানও ধরে কিন্তু!!!
১০ ই মার্চ, ২০১০ রাত ১০:১২

লেখক বলেছেন: এইটা কি বলেন, বুঝি না তো! বাম নামে গাছ আছে নাকি?

২০. ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:৩১
ট্রয়লাস অফ দ্য সী বলেছেন: প্যান্টের জিপার খুলতে হয় বাম হাত দিয়ে।
১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:৪০

লেখক বলেছেন: তাই কি? জিন্সের প্যান্টগুলোয় চেইনের উপর যে কাপড় থাকে, ওটা কিন্তু ডানদিকে খোলা :)

২১. ১৩ ই মার্চ, ২০১০ রাত ৩:৪২
রোবোট বলেছেন: ভালো পোস্ট। +

বামহাতে প্লাস দিলাম। তবে আমি ডান হাতি। (right elephant)

:)
১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:৪১

লেখক বলেছেন: আপনারে "লেফটিস্ট" ধন্যবাদ ;) (কমেন্ট ৬ এর রিপ্লাই দ্রষ্টব্য)

২২. ১৩ ই মার্চ, ২০১০ ভোর ৪:১০
সিদ্দিকা সীথি বলেছেন: কোথায় জানি পড়েছিলাম ভারতীয় উপমহাদেশে অনেক পরিবারই বাম হাতি শিশুকে জোর করে ডান হাতি বানানোর চেষ্টায় অসুস্থ্য করে তোলে। বিশেষত লেখা ব্যাপারটার সাথে মেন্টাল প্রেশার জড়িত। বলপূর্বক কাউকে ডানহাতি করার চেষ্টা করলে মস্তিষ্কে প্রচুর প্রেশার পড়ে যা হয়ত শিশুটার বহর করার ক্ষমতা হয়নি।
১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:৪৪

লেখক বলেছেন: হ্যাঁ, অনেক বিজ্ঞানীই একই কথা বলেন।

২৩. ১৬ ই মার্চ, ২০১০ রাত ৯:৪৬
হাম্বা বলেছেন: অনেক কিছু জানলাম

আস্তে আস্তে জ্ঞাণী হয়ে যাচ্ছি
১৭ ই মার্চ, ২০১০ রাত ১:৪৪

লেখক বলেছেন: আমি ভুক্তভোগী হয়া শিখছি :)

২৪. ১৮ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:০৭
ভিন্ন চিন্তা বলেছেন: আমার আড়াই বৎসরের মেয়ে 'অগ্নি'র বাঁ হাত টি ক্রমশই বেশি সচল হয়ে উঠছে... তা নিয়ে অগ্নির মা - দাদী সকলেই এই ছোট্ট মেয়ে টাকে ' ডান ' হাত জীবি বানাতে সদা তৎপর।

'অগ্নি' অবস্থা দেখে আমার সদ্য কৈশোর পার হওয়া নিজের মেনে পরে বার বার।

শৈশবে আমার আমি যখন চিন্তায় জগতে আমার 'ডান' হাত টা দিয়ে হাতড়ে বেড়িছি.... ডান হাতে আঁকড়ে ধরেছি কড়খুট....... মা-বাবা - শুভাকাঙ্খিদের বিন্দু মাত্র বিচলিত হতে দেখিনি।

স্কুলের শেষ বৎসর থেকে যখন চিন্তা জগতে 'বাম' ধারটা ক্রমশ সবাক হয়ে উঠলো.......... কত জনের কত উপদেশ................সে বয়সে এই উপদেশের আতংক গ্রস্ত সদ্য যুবক আমি শুভাকাঙ্খিদের থেকে পালিয়ে বেড়িয়েছি........এখনও সচল চিন্তার বাম ধারা টা থেকে নানা জনের নানা ভুড়ু কুটি............................



******************************************

আপনার লেখা টি আমার প্রিয়তে রাখলাম.......... আমার মেয়ে ' অগ্নি' জন্য।
ও যখন বড় হবে........... পড়তে শিখবে.... তখনও যদি তার বাম হাত টা বেশি সচল থাকে তবে..... আপনার শৈশবের মত তাকে নানা জনের কটুকথা কড়া উপদেশে ভারাক্রান্ত হতে হবে.... তখন হয়তো আপনার এই লেখা. তাকে ভারমুক্ত করবে।

***********************************************
বোরহান উদ্দীন খান জাহাঙ্গীরের একটি কবিতা এ রকম একটা লাইন পড়েছিলাম...............
'' শেষ পর্যন্ত মানুষের হৃদয় বাম পামেই থাকে।''
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:০৭

লেখক বলেছেন: আপনার মেয়ে অগ্নির জন্য থাকল একরাশ শুভ কামনা। ভিন্ন রকম করে চিন্তা করাটা যে অন্যায় নয়, এই বোধটা তার মধ্যে জেগে থাকুক অনন্তকাল। মন-ভাল-করা মন্তব্যটার জন্য অসংখ্য ধন্যবাদ!

১০ ই মে, ২০১০ সকাল ১১:১১

লেখক বলেছেন: :)

২৬. ০৯ ই জুন, ২০১০ ভোর ৪:৩১
কে জানে বলেছেন: আমার মা বাউয়া, কিন্তু ছোট কালে চাপে পোরে বেচারি ডাউয়া হোয়ে গেসে....।কষ্ট লাগে।
২৭. ০৯ ই জুন, ২০১০ ভোর ৫:০০
দেশী পোলা বলেছেন: আমার ভাই বা হাতি, এবং পরিবারের সবার মধ্যে ওর প্রতিভা বেশী। দেশে ডান বাম হাতের উপর বেশি জোর দেয়া হয় খুব সম্ভবত:প্রাচীনকাল থেকে দেশীয় পদ্ধতিতে শৌচকাজ শেখানোর জন্য, হাজার হলেও বাচ্চারা এতটা ডানবাম বোঝে না

পশ্চিমেও আগে বামহাতি হওয়াটা ঝামেলার ব্যাপার ছিলো, উইকিতে এ নিয়ে বেশ কিছু লেখা দেখলাম

Click This Link
০৯ ই জুন, ২০১০ সকাল ৭:৪২

লেখক বলেছেন: ইম্পর্টেন্ট একখান টপিট তুলছেন, শৌচকাজ। উপমহাদেশের বাপ মায়েরা বাম হাতে শৌচকাজ করতে বলতেন, এইটা ঠিক, কিন্তু বাম হাতে করার আইডিয়াটাও "বাম হাত অপবিত্র" এই ধারণা থিকা করা।

পশ্চিমেও বাম হাতি হওয়াটাও ঝামেলার ব্যাপার ছিল, ১০০% ঠিক।

২৮. ০৯ ই জুন, ২০১০ ভোর ৫:৩৪
'লেনিন' বলেছেন: সিনেস্ট্রে থেকে সিনিস্টার এসেছে জানলাম। বাংলায় তো ডানপিটে মানে দুষ্টু। কিন্তু বামপন্থী মানে কড়া দুষ্টু। ব্রেইনের ডানপাশ যাদের বেশি একটিভ তাদের বামহাত একটিভ হ‍্যান্ড। আরেকটি গুরুত্বপূর্ণ ব‍্যাপার আছে, বাম হাতের সাথে হার্টের সরাসরি সম্পর্ক। আমি মূলত বামহাতি কিন্তু ছোট বেলা থেকে দুহাতই ব‍্যবহারের চেষ্টা করেছি। আগে নিয়মিত বামহাতে লেখার চেষ্টা করতাম :)
০৯ ই জুন, ২০১০ সকাল ৭:৪৪

লেখক বলেছেন: আপনারে ধন্যবাদ, ''ডানপিটে" শব্দটা আনার জন্য! বাংলাতেও ডান-বাম মূলক শব্দ আছে, মজা পেলাম :)

২৯. ০৯ ই জুন, ২০১০ ভোর ৫:৩৫
'লেনিন' বলেছেন: ধুর! ডানহাতি লিখতে গিয়ে বামহাতি লিখেছি।
০৯ ই জুন, ২০১০ সকাল ৭:৪৬

লেখক বলেছেন: :)

৩০. ১১ ই জুন, ২০১০ বিকাল ৫:২৪
জিকসেস বলেছেন: ওয়াসিম আকরাম।

আমি ডানহাতি হইলেও বা পায়ী। এইটা ক্যাম্নে হইল জানিনা। তবে ফুটবল এ আমি বা পায়ে শট নিতাম। অবশ্য দুই পায়েই মনে হয় সমান জোর।
১১ ই জুন, ২০১০ রাত ১১:৫৪

লেখক বলেছেন: আমিও বাঁহাতি হওয়ার পরও ডান পায়ে কেন জানি ভাল খেলি। পায়ের ব্যাপারটা মনে হয় পুরা অন্যরকম, অনেক ডানহাতি খেলোয়াড়ই বাম পায়ে ভাল খেলে।

৩১. ২৬ শে জুন, ২০১০ রাত ৯:২৮
মাহবুবা আখতার বলেছেন: আমি বাঁ-হাতি (কিন্তু আমাকে জোর করে ডান হাতে লেখা এবং খাওয়া শিখতে হয়েছে:() আসলে অনেকেই বিষয়টা বোঝেন না, মনে করেন ট্রেনিং দিয়ে এই 'সমস্যার' সমাধান করা যায়। এমনিতেই বাঁ-হাতিদের গড় আয়ু কম হয় :| ৯ বছর তার উপর তাদেরকে বাধ্য হয়ে ডানহাতিদের জন্য তৈরি সবকিছু ব্যবহার করতে হয়। ব্যাপারটা দুঃখজনক।

 

মোট সময় লেগেছে ০.৯৮৯১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অনেক কিসুর উপরই ফিউরিয়াস।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই