আমি ইউরেস্থিউসের ঈর্ষার চেয়েও বেশী যন্ত্রনাদায়ক
ককেশাস পর্বতে প্রমিথিউসের যকৃত-ভক্ষক ঈগলের চেয়েও
ধৈর্যশীল,নিঁখুত সাহসে।
আমাকে বিশ্বাস কোরো না
আমি মানুষখেকো স্টিমফ্যালিয়ন পাখির মতো
হিংস্রপ্রাণ আদিম বালক,
সূঁচালো নখাগ্র মাঝে তীব্র বিস্ফোরণ
ছুঁড়ে দিতে পারি যে কোন মুহূর্তে
কঠিন ছোবল এই ঘুণে ধরা মেকি সভ্যতায়।
আমাকে বিশ্বাস কোরো না
আমি আফ্রোদোতির কামার্ত চোখের নিবিড় কটাক্ষে
বেঁধে ফেলতে পারি শত্রু স্বভাব,জীবন যুদ্ধে পরাজিত,
যে কোন ক্লান্ত মানুষ।
আমাকে বিশ্বাস কোরো না
আমি তোমাকে মিথ্যা আশ্বাস দিতে ব্যর্থ হবো,
নষ্ট সভ্যতার পাপাচার ছুড়ে দিবো সমূল বিনাশে,
অযোগ্য শাসক তার হারাবে সিংহাসন।
আমাকে বিশ্বাস কোরো না
আমি জন্মভূমির অতৃপ্ত বাসনার কথা বলি বিভিন্ন সৃষ্টিতে।
প্রয়োজনে নিজেকে ভেঙ্গেচুড়ে বারবার
লিখে চলি মানব জন্ম।
আমাকে বিশ্বাস কোরো না
আমি অনাহারী শ্রমিকের প্রতিবাদ,
ঈশ্বরের বাণীর চেয়েও পবিত্র জানি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

