ফিরবার পথে এক আজলা দুঃখ নিয়ে এস,
না হলে আমরা কার কাঁধে ভর দিয়ে স্বপ্ন দেখব?
যদি দেখ সামনে বদ্ধ দুয়ার, এগুবার পথ নেই,
তবে আঁচলে মুড়ে কিছু বিষাদ আনতে ভুলোনা কিন্তু,
না হলে আমরা কোন আলোতে কবিতা লিখবো আগামীর?
আর যদি ফিরতেই হয় নিছক অভ্যাসের সরল শৃঙ্খলে,
তবু তোমার কাজলটুকু মুছতে দিওনা কোন অপল ঝর্নায় ।
যদি তোমার ঐ কালিমাটুকু কখনও লুকিয়ে ফেল আলগোছে ,
আমি তখন আমার অন্ধকারটুকু জমা রাখব কোন নিরালায়?
আর যদি দেখ ফিরতেই হচ্ছে কারন সব পাখি ফেরে নীড়ে,
তবে এনো পাখি তোমার চিবুকের অপলক স্তব্ধতার গান,
আমারও তো একটু অবসর চাই তোমাকে ভালবাসবার !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

