চলতি বছরের শেষদিকে ‘সাউথ এশিয়া’ নামে নতুন একটি টিভি চ্যানেল ভারতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের বিভিন্ন টিভি চ্যানেলের পরিসেবার সমন্বয়ে চ্যানেলটি চালু হচ্ছে। গোয়েন্দা সূত্র জানায়, চ্যানেলে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর আর্থিক সহায়তা ও পৃষ্ঠপোষকতা রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ ও ভারতসহ পাঁচটি দেশের পাঁচটি বেসরকারি টিভি চ্যানেল নতুন চ্যানেলটির সাথে জড়িত হয়েছে। সাউথ এশিয়া টিভি চ্যানেল ইংরেজী ভাষায় হলেও সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব ভাষায় কিছু কিছু অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
সূত্র জানায়, মালদ্বীপ ও ভুটানের দু’টি চ্যানেলকে পরিকল্পনায় রাখার চেষ্টা চলছে। বর্তমানে ভারতের তারা নিউজসহ পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা ও নেপালের অংশগ্রহণকারি চ্যানেলগুলোতে প্রতি রবিবার ভারতীয় সময় বিকাল সাড়ে পাঁচটায় ত্রিশ মিনিটের একটি অনুষ্ঠান পরীক্ষামূলকভাবে সম্প্রচার করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশের সবচেয়ে পুরানো একটি চ্যানেল। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের উক্ত চ্যানেলের পক্ষে তাদের সাউথ এশিয়ার অন্যতম উদ্যোক্তা রুমানা হক উপস্থিত ছিলেন।
বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গেছে, সাউথ এশিয়া চ্যানেলটির প্রধান কর্ণধার হচ্ছেন কলকাতাস্থ তারা নিউজের রথিকান্ত বসু। তিনি এবং বুদ্ধদেব গুহ ‘র’-এর সাথে সংশ্লিষ্ট বলে অনেকে মনে করেন। সম্প্রতি বাংলাদেশে তারা নিউজ সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষিতে বিকল্প পথ হিসাবে সাউথ এশিয়া টিভি চ্যানেল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সূত্র জানায়, পাঁচ দেশের পাঁচ বেসরকারি টিভি চ্যানেলের কর্মকর্তারা কলকাতায় বৈঠক করেছেন। ইতোমধ্যে ত্রিশ মিনিটের সম্প্রচারে যথেষ্ট সাড়া জাগাতে সক্ষম হয়েছে বলে বৈঠকে মত ব্যক্ত করা হয়।
বলা হয়েছে, প্রথমদিকে চ্যানেলটি ভারসাম্যমূলক অনুষ্ঠান প্রচার করবে। সাউথ এশিয়া টিভি চ্যানেল দর্শকদের মাঝে আস্থা সৃষ্টির পরই ভারতীয় ভাবাদর্শ ও মতামত প্রচারের জন্য স্বরূপে আবির্ভূত হবে এমন আশংকা করা হচ্ছে। উল্লেখ্য, ২০০৬ সালে ‘সাউথ এশিয়া মিডিয়া’ নামের একটি গোষ্ঠীর জন্ম হয়। তখন থেকেই সংশ্লিষ্ট দেশগুলোর সমন্বয়ে একটি নতুন চ্যানেল তৈরির পরিকল্পনা নেয়া হয় বলে জানা গেছে।
।। ইত্তেফাক : ২৯.০৮.২০০৭ ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

