মেয়ে
-----------
রাতের শরীর ভেঙে পড়ে থাকে ছোট ছোট আঁধারের টুকরা অবশেষে, অতিকায় পাহাড়ও ক্লান্তিতে ঘুমায় মেঘেদের ছায়ায় ,ধূসর চোখে রাজ্যের শিশির নিয়ে সহস্রাব্দ বসে থাকি তোমার প্রসন্নতার আশায় ।
জলেরা ঘেটে গেলে অন্তরের বিষন্ন কালো ,পুকুরধারে বসে থাকি দুঃখকথা শোনাবো মাছরাঙাকে তাই । ধেয়ে আসে শিকারী চিল, গাঢ় রোদে নেমে আসে শকুন ।
ধুয়ে গেলে জোছনা, ধুয়ে গেলে রোদের দিন, ধুয়ে গেলে সব ধূসর জলে, তখন কি তোমার দিন হবে চোখ তোলার ?
ছেলে
------------
অহরহ কেটে যায় সাড়া দেবার প্রহর, অথচ উদ্দাম রোদেদের ভালোবাসা থেকে মুখ ফিরিয়ে কিছুতেই চাইতে পারিনা তোমার দিকে । জলে ঘাসে মেঘে বেলা শেষ হয়ে এলে টালমাটাল বর্ষা-নদীতে চলে আসে তোমার চোখের ঘোলা জল, অথচ নদীর নাচে আবারও পার হয়ে যায় প্রহর ।
চড়ু্ইয়ের চোখে সন্ধ্যা নেমে আসলে, আঁধারের চাদরে তারা গুনতে আমিও বসে যাই হাজার হাজার পাগলের সাথে , অথচ তোমার চোখের তারায় জল ঝিকমিক নক্ষত্র আসে যায় প্রতিরাতে । নিদারুন আঁধার আমাকে টেনে রাখে ।
সাড়া দেবার বাঁশি ভাসিয়ে দিয়েছি বর্ষায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

