চলে যাবার সময় হলে বলো
আটকাবো না আর কখনো ছুতোয়।
বলবোও না তোমার সাথে আসি?
দেখবেও না বাধছি ফিতে জুতোয়।
বিদায় দেবার ইচ্ছে হলে বলো
দেখতে পাবে আমি কেমন সৎ
বিদায় নেবো ভীষণ নিরব থেকে
টের পাবেনা ঝড়ের আলামত।
তোমার জন্য ভেতরে যে ঝড়
ধবংসলীলা চালিয়ে শেষে, নোনা
জলের স্রোতে ভেসে যাবে দূরে
ভয় পেয়না, তোমায় দেখাবোনা।
বাদ দিলে দাও তালিকাটা থেকে
ছেটে ফেলে সকল আ'কার, ই'কার
চলে যাবো তাকাবোনা ফিরে
করেই যাবো সকল দায়ের স্বীকার।
আমি এমন অবাক বিলীন-মানুষ
তোমার মাঝে বিলীন হতে হতে,
কোথাও আমি আর বাকী নাই শুধু
আছি 'ম' আর দন্তন্য 'ন' তে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

