প্রতিদিন, প্রতি চ্যানেলে, প্রতিটি সংবাদপত্রে আর ইদানিং জনপ্রিয় হওয়া রেডিওতে- যেদিকে যাই শুধু মোজাফ্ফর আর মোজাফ্ফর। মিডিয়া কভারেজের দিক দিয়ে খালেদা হাসিনার প্রায় সমপর্যায়ে চলে গেছেন ভদ্রলোক। রাজনীতি, অর্থনীতি অথবা সাম্প্রতিক কোন ইস্যু- কোনকিছুতেই অধ্যাপক মোজাফ্ফরের সুচিন্তিত মতামত ছাড়া যেন আমাদের মিডিয়া গুলোর চলেনা। মাঝে মাঝে মনে হয়, অধ্যাপক মোজাফ্ফর সাহেবের বাড়ির সামনে একটা মিডিয়া সেন্টার খোলা হোক যাতে মিডিয়া কর্মীরা যেকোন সময় যেকোন বিষয়ে তাঁর মূল্যবান মতামত সাথে সাথে পেতে পারে। আফটার অল, তিনি আমাদের সুশীলকুল সম্রাট!!!
অধ্যাপক মোজাফ্ফর দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই বি এর অধ্যাপক। তাঁর যোগ্যতা, নিরপেক্ষতা বা বিশ্বাসযোগ্যতা নিয়ে আমার কোন সন্দেহ নেই। কিন্তু আমার কথা হচ্ছে তিনি কি যাবতীয় বিষয়ে বিশেষজ্ঞ? দেশে তিনি ছাড়া আর কোন বিশেষজ্ঞ কি নেই? মাঝে মাঝে কিছু চেন্জের ও তো দরকার। খালেদা হাসিনার মত উনার চেহারাও বারবার দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি।
আই বি এর প্রাক্তন ছাত্র হিসেবে অধ্যাপক মোজাফ্ফর আমারও শিক্ষক যদিও আমি তাঁর ক্লাস পাইনি। তবে আমার পরের ব্যাচের ছাত্ররা পেয়েছিল। স্যার পুরো ব্যাচের বারোটা বাজিয়ে দিয়েছিলেন। স্যারের মাইক্রো ইকোনমিক্স কোর্সে হাইয়েস্ট একজন বি+ পেয়েছিল বাকী সবাই সি, ডি- কয়েকজন ফেলও করেছিল। আমার এক বন্ধু উনার ডি পেয়ে এখনো উনাকে শাপ শাপান্ত করে। আসলে অর্থনীতি বিষয়ে উনার পান্ডিত্য এত বেশী যে ক্লাসে উনার বেশীর ভাগ কথাবার্তা ছাত্রদের মাথার উপর দিয়ে চলে যায়।
শ্রদ্ধেয় স্যার, কিছুদিনের জন্য অফ গেলে কেমন হয়? আরো কিছু সুশীল গজিয়ে উঠুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



