আমার এই দেশটি অনেক ভালোবাসার আমার!
দেশটিকে রবীন্দ্রনাথের সব সুন্দর আর হুমায়ুন আজাদের সব বিদ্রোহের চেয়েও সুন্দর-শুদ্ধ মনে হয় আমার কাছে।
চাঁদ-জাগা রাতে মাঝির ভাঙা গলায় গাওয়া ভাটিয়ালিটি গানই সবচেয়ে শুদ্ধতম শিল্প আমার কাছে।
'বাংলাদেশ ; ভালোবাসি তোকে !'-এর চেয়ে সুন্দরতম বাক্য আজও লিখতে পারি নি আমি।
অথচ এখন আমি আমার সুন্দরের চোখে তাকাতে পারি না। আমার এই ছোট্ট তুলতুলে দেশটির শীর্ণ হাতের কথা মনে আসলে রাতে ঘুম আসে না আমার।
আমার এই দেশকে যারা চালায়;এতদিন যারা চালিয়েছে; তারা কেউ ভালোবাসেনি;ভালোবাসে না আমার আমার এই সুন্দরকে।
ওদের কাছে দেশের মুখের চেয়ে গনিকার প্রসাধন মাখা মুখ অনেক প্রিয়।
দেশের স্বার্থের চেয়ে টাকা ওদের কাছে অনেক বেশি প্রিয়।
বাংলাদেশ কাতরাচ্ছে ডাক্তার বিহীন হাসপাতালের করিডোরে বসে। ওর চোখে-মুখে ধরেছে পচন। রক্তে ভয়াবহ ক্যান্সার। বাংলাদেশ মরে যাচ্ছে।
আমার সুন্দর মলিন হয়ে যাচ্ছে দিন দিন।
শীতের সব কাপড় চুড়ি হয়ে গেছে। সব জমানো খাদ্য চুরি করে নিয়ে গেছে দস্যুর দল । আমার এই ছোট্ট দেশটি ৩৭ বছর ধরে অনাহারে আছে।
ক্ষেদ-খামারে খেটে খাওয়া কৃষকের হাড্ডিসার শরীরের চেয়ে হাড্ডিসার হয়ে যাচ্ছে বাংলাদেশের শরীর। রাস্তায় ঘুমিয়ে থাকা পরিচয়হীন শিশুটির মতো এখানে -ওখানে পরিচয়হীন ঘুরছে দেশটি আমার।
আমার খুব কান্না পাচ্ছে। আমি লিখতে পারছি না আর।
আমি আর কিছু চাই না- আমি শুধু আমার দেশটাকে অনাহরী দেখতে চাই না। আমি চাই শীত থেতে বাঁচার জন্য আমার দেশের পর্যাপ্ত গরম কাপড় মজুত থাকুক।
আমি চাই আমার এই দেশটিকে আর যেন কুকুরের মত লালা ফেলতে না হয় বিদেশিদের কাছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

