ক
শিরোনামটা ধার করা। কিন্তু স্বপ্নটা আমার। একান্তই আমার। হ্যা; একটা বন্ধু চাই আমার।
যার বুকপকেট জুড়ে থাকবে কবিতার ছেড়া পঙ্তি। হৃদয়ের অন্দরে সাজানো থাকবে সবুজ ধানতে;আকাশের নীল রং।
একটা বন্ধু চাই আমার। যে ভালোবসবে আমায়;আলোবাসতে শেখাবে আমায়। যার এলোচুল জুড়ে খেলা করবে শৈশবে হারিয়ে যাওয়া প্রজাপতি। আমার চুরি যাওয়া;রঙ-চটা আম কুড়ানোর দিনগুলোকে যে ফিরিয়ে দেবে আবার। কোন সাপ্তাহিক ছুটির দিনে যার হাতে হাত রেখে আমি হারিয়ে যাব ফেলে আসা কাশবনের কাছে;নদীর কাছে;মেঘের কাছে।
যার মানিব্যাগে টাকার বদলে থাকবে শিউলি ফুল,গোলাপের কুঁড়ি।
খ
ছেলেবেলায় সখ্য গড়েছিলাম বোশেখের বৃষ্টির সাথে। সে-ই আমার প্রথম জীবনের একমাত্র বন্ধু। কত কথা বলেছি যে বৃষ্টির কানে-কানে ! কত যে ভিজেছি বৃষ্টিতে ! বৃষ্টির সাথে কত ওয়াদার লেনদেন হয়েছিলো যে আমার ! ...সব মিছে ! হায়; বৃষ্টিও বড় ফাঁকিবাজ জানে। তা না হলে আমি কেন আজ একা ! কেন আজ বৃষ্টিতে ভিজতে পারি না। নীল কাগজের নেীকা ভাসাতে পারি না। শৈশবের হারিয়ে যাওয়া বন্ধুকে এত কাছে পেয়েও কেন জড়িয়ে ধরতে পারি না ! কেন এত তাড়াতাড়ি ফেলে আসতে হয় ছেলেবেলাকে। কেন এত সহজেই চুরি যায় বৃষ্টিতে ভেজার শরীর !আর তারপর...তারপর থেকে দেখা পেয়েছি যাদের ;সবাই বৃষ্টির মত মিছে হয়ে গেছে আমার জীবনে!
গ
একটা বন্ধুকে খুজে ফিরছি আমি। বসুন্ধরা সিটির ময়লা-সুন্দরকে দেখে আসার পর যাকে দেখাটা অপরিহার্য হযে উঠবে আমার জন্য। যার ঘাসে ঢাকা সবুজ বুকে নাক ঘষবো আমি।
যে আমাকে নিয়ে যাবে কাশবনের সাদা সমুদ্রে। যার আশীর্বাদে শৈশবের হারিয়ে যাওয়া বৃষ্টি-বন্ধুকে ফিরে পাব আবার । চুরি যাওয়া শৈশব আর লাটাই-ঘুড়িকে যে ফিরিয়ে দেবে আমায়!
আমি জানি কাল সকালে বৃষ্টি হবে! কালকের বৃষ্টিমগ্ন সকালে তোকে চাই বন্ধু !
তোর হাত ধরে ভিজবো বৃষ্টিতে। তোর বুকপকেটে গুজে দেবো লাল ফুল;সবুজ পাতা।
তোকে নিয়ে হাঁটতে চাই আমি নীলেেতর জনারণ্যে।শাহবাগের মোড়ে। লালবাগ কেল্লার লাল ইটের পথে।
আমি একটা বন্ধু খুজছি। একটা বন্ধু চাই আমার !
বিঃ দ্রঃ গদ্যটির শিরোনাম মহাদেব সাহার একটি কবিতা থেকে ধার নেয়া।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৮ সকাল ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


