কষ্ট পাই, একান্ত এই বোধ থেকে মুক্ত হবার মত এত মহৎ এখনও হতে পারিনি। বেদনার্ত হাহাকার বুকের ভিতর। কষ্টের বিষবাষ্প মাথার মাঝে আটকে আছে। ব্যাথার তীব্রতা প্রতিটি রোমকুপে ছড়িয়ে পড়েছে। সেই ব্যাথা সইতে না পেরে আমার দীর্ঘ চুল গুলো ঝরে পড়ছে। আমার চোখের আলো কমে আসছে, যেন সন্ধ্যা হয়ে আসছে। আসলেই তাই, আমার জীবন অন্ধকার অমাবশ্যায় ডুবে আছে। গ্রহনের তীব্রতায় আজ মন দিশেহারা। কষ্ট পাই প্রতারনায়, মিথ্যাচারে, বিশ্বাসঘাতকতায়, আরো কষ্ট পাই ভালোবাসাহীনতায়।
কারোতো ক্ষতি করিনি, কিছু হলেও চেষ্টা করেছি উপকার করতে। বিনয়ের সাথে বলছি শৈশব থেকেই ইচ্ছে ছিল মানুষের কাজে লাগাবো নিজেকে। জানিনা কতটুকু পেরেছি। চলে আসার দিন ছাত্রী গুলো ব্যাকুল হয়ে কেদে ছিল- আমিও মনে মনে কেদেছি ওদের ভালোবাসায়। পুরোনো সহকর্মীরা যখন বলেন "তিনি মানুষ হিসেবে ভালই ছিলেন", ছেলেমানুষের মত খুশী হই। অচেনা জায়গায় আমার তরুন কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা যখন আমাকে দেখে আনন্দে ঝলমল হয়ে পা ছুয়ে সালাম করে আনন্দে মন ভেসে যায়, আমি বোধহয় খুব মন্দ মানুষ না।
আমি জানি মনতো জলের মতন সহজ, রোদ্দুর ভরা নীলাকাশ যেন। সে সইতে পারে না বিভৎস যন্ত্রনা। এভাবে একদিন যাত্রা হবে মাটির অন্ধকারে। অযুত নিযুত মাটির অবগাহনে আমি একা। এই গভীর অন্ধকারে শুরু হবে আরেকটি বিদগ্ধ হবার অধ্যায়। হায় জীবন কি!! জন্মের পর থেকে মৃত্যুর পরেও কেবলি কষ্ট সইবার প্রহসন। আমার মাংস খুলে পড়বে হাড় থেকে, মাটিকে বানাবো আমি উর্বর সার। ফুল ফুটবে, গাছ হবে আরোও সবুজ। তবুও শেষ হবে না যন্ত্রনার। আত্মা বুঝি শুধু ব্যাথায় ব্যাথিত হতেই জন্ম নেয়।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



