তোমাকে ভালোবেসেছি বেদনার গভীরতায়,
নারীর ভালোবাসার সবটুকু মদ
আকন্ঠ করেছি পান- এ আমার প্রেরণা;
তুমি আমার পালের হাওয়া,
আমি স্থবির হয়ে যাই বালুচরে তোমা বিহীন;
তোমার স্পর্শে হৃদপিন্ডে জ্বলে উঠে
রক্তবর্ণের উজ্জ্বল আলোকচ্ছটা
তার তেজ প্রবিষ্ট হয় আমার শিরায় শিরায়-
এ আমার বিলাস, এ আমার ঐশ্বর্য;
তুমি তপস্বিনী! আমার নাস্তিকতার ভেতর,
নীহারিকা মন্ডলীর মাঝে এক ধ্রুব নক্ষত্র;
তোমাকে লক্ষ্য রেখে ক্রমে এগিয়ে যাই
সীমাহীন সমুদ্রের সর্পিল পথে;
আমার দূর্বলতা, আমার চঞ্চলতা এবং ভালোবাসা
একসময় এসে কেন্দ্রীভূত হয়
যুক্তি-তর্কের কাঁটাতার ছিঁড়ে ক্রমশঃ
প্রোটনরূপী তোমার চারপাশে ঘুর্ণায়মান
আমার চিন্তা-চেতনার-কর্মের সকল ইলেকট্রন ।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


