আমার প্রিয় পোস্ট

...যেন এলিভেটরটা অনন্তকালের জন্যে বন্ধ হয়ে গেছে, আমি দাড়িয়ে আছি নিঃসঙ্গ ছাদের রেলিং ধরে।

হেরে যাওয়ার গল্প।

১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:০৪

শেয়ারঃ
0 0 0

বেশ অনেক দিন কিছু লেখা হয়না। সেদিন রাতে অবশ্য খুব লিখতে ইচ্ছা হচ্ছিল। শহরে একটু আগেই হালকা বৃষ্টি হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা লাগছিল। কিন্তু কেমন জানি সব কিছু শান্ত করে দিল খবরটা। প্রেমিকার এনগেজমেন্ট অসাধারন কোন ব্যাপার না। পৃথিবীতে প্রতিদিন কত শত সম্পর্ক ভেঙ্গে যাচ্ছে, কতজন ভুলে যাচ্ছে কতজনের কথা। ঘন ঘন পানি পিপাসা পাচ্ছিল। কাউকে বলতে ইচ্ছা হচ্ছিল আমার হেরে যাওয়ার গল্পটা, হঠাৎ হারিয়ে যাওয়া এক মানবীর গল্প। সেই হঠাৎ একা লাগতে থাকা মাঝরাতে সেদিন কাউকে পেলাম না। কেমন জানি একটা শূন্যতা, ভোঁতা একটা অনুভূতি। পানি ভর্তি বোতল গুলো শেষ করে নিকোটিনের অভাববোধ হল। অন্ধকারে লাইটার খুঁজে পেলাম না। আলো জ্বালাতেও ভয় হল। এমনিতেই কেমন জানি তীব্র একটা আলোতে চোখ জ্বালা করছিল। অন্ধকার এই ঘরে এতো আলো কি করে আসলো কে জানে?

সব আলো বন্ধ করে শুয়েছিলাম। ভোরের দিকে ঘুম পাচ্ছিল। ঘড়িতে দেখলাম কয়টা বাজে। হিসাব করার চেষ্টা করলাম ঢাকায় এখন কয়টা বাজে। মাথা ভালো মতন কাজ করছিল না। ভোরের আলোর সাথে মিশে ছিল ভয়াবহ এক শূন্যতা। সন্ধ্যার আকাশের সাথে এই আকাশটার কোথায় যেন মিল আছে। মহাপুরুষ হতে পারিনি বলে ঘুম,ক্ষুধার মত জৈবিক ব্যাপার গুলো এখনো কাটিয়ে উঠতে পারিনি। প্রচন্ড ক্লান্তিতে ঘুম আসছিল। সব ক্লান্তি যেন একসাথে জড়ো হল চোখের পাতায়। চোখ জুড়ে আর কিছুই ছিল না, প্রিয় কোন মুখ ছিল না, ছিল শুধু সহস্র মাইল হেঁটে আসার ক্লান্তি।

ঘুম থেকে উঠে শুরু হল নতুন দিন। বেশ রোদ উঠেছে। ভাবছিলাম ভালোইতো হল। বোহেমিয়ান একটা মানুষকে ভালোবাসা যায় কিন্তু সংসার করতে গেলে সেই মানুষটা খুব একটা সুবিধার হওয়ার কথা না। ইয়ারফোনে দুঃখ দুঃখ টাইপের কিছু গান চলছিল। শুনতে ইচ্ছা হচ্ছিল,বব ডিলানের ইট্স অলরাইট। প্লেলিস্টে খুঁজে পেলাম না। অযথা বাজতে থাকল, জন ডেনভারের ফ্লাই অ্যাওয়ে। পোর্টসমাউথ থেকে এক বন্ধুর আসার কথা ছিল রাতে। কিছু কেনাকাটা করতে হবে। একা একা সারা দুপুর সুপারশপ গুলোতে ঘুরলাম। একটার পর একটা সারি পেরোচ্ছি আর ভরে ফেলছি আমার ট্রলি। সেল্ফ পে থেকে পে করলাম। চেক আউটে বসে থাকা মানুষটার কৃত্রিম হাসি দেখতে হলনা। বাসায় এসে একা একা অক্টোপাস রান্না করলাম। একা একা খেয়ে দেয়ে একা একা একটা সিগারেট।

পুরো সন্ধ্যাটা কাটিয়ে দিলাম উদভ্রান্তের মতো হাঁটাহাঁটি করে। তারপর অপেক্ষা করছিলাম বন্ধুর জন্য। রাতের ভিক্টোরিয়া স্টেশন আলোতে ঝলমল করছিল। স্টেশনের রেস্তোরা গুলোর কোন টেবিলটাতে আমরা কবে বসেছিলাম সব যেন মনে আছে। টেবিলের অন্য প্রান্তে বসে সেদিন আর কেউ হাসছিল না আমার কথায়। সামনের চেয়ারটা যেন মহাশূন্যের মত ফাঁকা। বন্ধু বাস থেকে নেমে জিজ্ঞেস করল,কেমন আছিস? আমার নির্বিকার উত্তর, ভালো আছি। হেরে যাওয়ার গল্প সবাইকে শুনাতে নেই। সবাই বিরক্ত হ্য়।







 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বেশ অনেক দিন কিছু লেখা হয়না। সেদিন রাতে খুব লিখতে ইচ্ছা হচ্ছিল। ;
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:০৬
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আমি হেরে যেতে রাজি, সে জয়ী হবে বলে!
১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৫

লেখক বলেছেন: ভালো বলেছেন।

২. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৫
নাঈম বলেছেন: শেষের কথাটা একেবারে খাঁটি, হেরে যাওয়ার গল্প সবাইকে শুনাতে নেই, সবাই বিরক্ত হয়।

শুভকামনা রইল।
১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৭

লেখক বলেছেন: তো আপনিও কি কিঞ্চিৎ বিরক্ত?

৩. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৭
একরামুল হক শামীম বলেছেন: হেরে যাওয়ার গল্পগুলো কখনো কখনো এতো আবেগের হয় যে তা উন্মুক্ত হয়ে পড়লেও আবেগীয় মুল্য হারায় না।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৭

লেখক বলেছেন: এইটার আবেগীয় মূল্য কি হারিয়েছে?

৪. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২০
এসএনিট বলেছেন: আপনার সাথে একমত 'হেরে যাওয়ার গল্প সবাইকে শুনাতে নেই। কষ্টগুলো আমারই থাক গোপন গহীণ..."
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: হুমম...মানুষের করুনা খুব খারাপ জিনিষ।

৫. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২২
অপ্‌সরা বলেছেন: সবাই বিরক্ত হয় কিনা জানিনা তবে কষ্টটাকেই হয়তো মানুষ ভয় পায়!!
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৮

লেখক বলেছেন: এইটা আবার কেমন কথা?

৬. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩১
পারভেজ বলেছেন: "হেরে যাওয়া" মানে হেরে যাওয়া নয়।
এটা একটা সময়ের প্রতিনিধিত্ব করে কেবল।
ভালো থাকুন।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: ঠিকই বলেছেন...

৭. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৬
তাসনীম বলেছেন: এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাবে সেই দিনের কাছে---শুভ কামনা।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: এই গানটা আমার বেশ পছন্দের...

৮. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৭
নাঈম বলেছেন: আমি বিরক্ত হই না, শুনাতে গিয়ে অনেকের বিরক্তির উদ্রেক করেছি, তাই বললাম।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: হা...হা...

১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: আমিও।

১০. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪১
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: প্রিয় মানুষদের কাছে হারলে কোন সমস্যা নেই ...প্রিয়মানুষ রা সুখী থাক তবু ...
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: হুম...সুখী থাক।

১১. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩৮
হাসান শহীদ ফেরদৌস বলেছেন: মানুষের জীবন নাকি শেষ পর্যন্ত কিছু না পাওয়ার সমষ্টি।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: হতে পারে। কিন্তু না পাওয়ার লিস্ট এতো বড় হয় ক্যান?

১২. ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৫
আহমদ আবদুল হালিম বলেছেন: চাওয়ার জন্য চাইতে হবে।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: মানে?

১৩. ১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৩
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: অনেকদিন বাদে আপনার লেখা। সান্ত্বনাবাক্য আসলে মাঝে মাঝে অকেজো হয়। সেখানে চুপ করে থাকাই শ্রেয়।

সময় খুব চমৎকার প্রলেপ, মানুষের মতো প্রাণীর জন্যে-- এটুকু বলতে পারি।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: কেমন আছেন?

১৪. ১৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১২
হাসান মাহবুব বলেছেন: ভালো আছি বলাটাই নিয়ম! আমিও প্রতিনিয়ত বলে থাকি। বেস্ট অফ লাক বোহেমিয়ান।
১৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: থ্যাংকু, হাসান ভাই।

১৫. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫১
হাসান শহীদ ফেরদৌস বলেছেন: নির্বাসিত দাদার মত করে বলতে চাই, আশার চাইতে বেশি পাবার নাম আনন্দ, কম পাওয়াটা কষ্টের। হয়ত আমরা অনেক চাই, অথবা আমাদের ছোট চাওয়াটা কারো জন্য হয়ত অনেক বেশী হয়ে যায়।
১৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:৫১

লেখক বলেছেন: তা ঠিক।

১৬. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১২
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: "আমার নির্বিকার উত্তর, ভালো আছি।"

সহজ সত্যটা এইভাবে সবার কাছ থেকে গোপন থেকে যায় এইভাবেই....
তবুও এইভাবে চলতে থাকে ভালো থাকার নাটক...
১৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:৫২

লেখক বলেছেন: প্রতিনিয়ত নাটক করতে করতে ক্লান্ত...

১৭. ১৭ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:১৬
ত্রেয়া বলেছেন: কি আর লিখব??কি আর বলার আছে তোমাকে??
আমার কেন যেন বারবারই মনে হয় এ তোমার ইচ্ছেকৃত হার।তুমি যতই অন্য কথা বল না কেন।
যাক নতুন করে তোমাকে এখানে বলার কিছু নেই।তবে আগেও বলেছি দেখবে একটা সময় আসবে যখন এই কিছু না করার বোধটা কষ্ট দেবে ভয়াবহ ভাবেই।
যতই অযথাই বন্ধুদের ভিড়ে মিশে যাওয়ার চেষ্টা কর খুব কি লাভ হচ্ছে??হলে তো ভালোই।
ভালো থাক এইতো আশা করা যায় আর কি??
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৭

লেখক বলেছেন: কি আর জবাব দেব?? লা জওয়াব।

১৮. ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০৩
পাপতাড়ুয়া বলেছেন: বাসায় এসে একা একা অক্টোপাস রান্না করলাম। একা একা খেয়ে দেয়ে একা একা একটা সিগারেট।

স্টেশনের রেস্তোরা গুলোর কোন টেবিলটাতে আমরা কবে বসেছিলাম সব যেন মনে আছে। টেবিলের অন্য প্রান্তে বসে সেদিন আর কেউ হাসছিল না আমার কথায়। সামনের চেয়ারটা যেন মহাশূন্যের মত ফাঁকা।

....আমার নিজের এরকম হয় নি।তবুও কষ্ট টা যেন টের পাচ্ছি।ভয়ও পাচ্ছি।চারপাশে যেভাবে বিশ্বাসগুলো হেরে যাচ্ছে!!!!!

...আপনার লেখাটা প্রিয়তে রাখলাম,খুব কাছের এক বোকা(হয়ত বুঝেছেন) কে দেখাব বলে।ওকে বোঝানো দরকার...

হেরে যাওয়ার গল্প সবাইকে শুনাতে নেই। সবাই বিরক্ত হ্য়।

১৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:২৫

লেখক বলেছেন: হুম...বুঝেছি...কাজ হলে জানায়েন...

১৯. ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ছোট প্রশ্নটার অনেক বড়ো জবাব মনের মাঝে বুদবুদ হয়ে উঠে আসছে। সবাইকে যেমন বলি, ভালো আছি-- খুব ভালো। তেমন বলতে ইচ্ছা করছে না।

আমার কি মনে হয় জানেন, মানুষ যেমন থাকতে চায় সে তেমনই থাকে। এটা হয়তো আমি পজেটিভলি চিন্তা করছি বলে বলি। দূর্যোগের সময়ে, বিপদের সময়ে আবার হয়তো নিজের ভাগ্য বা বাস্তবতাকেই দুষবো। তবে এখন মনে হচ্ছে চাইলেই অন্তত নিজের পরিবেশটা বদলে ফেলা যায়।

মনের ওপর জোর করে লাভ হয় না। তাই বাস্তবতা বদলে ফেললে অনেক সময়েই মন ধীরে ধীরে নিজেই বদলে যায়। (এটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি)।

শুভকামনা কায়েস। আমার ব্লগের সাম্প্রতিক লেখাটা পড়েন, হয়তো মন ভালো হবে কিছুটা।
২০. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ২:২৭
আশরাফ মাহমুদ বলেছেন: "মন খারাপের দিস্তা।"
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:৩৩

লেখক বলেছেন: হা...হা...আপনার মন্তব্যের জন্যে অপেক্ষা করছিলাম।

২১. ৩১ শে মে, ২০১১ রাত ১০:৫১
দরজার ওপাশে বলেছেন: হেরে যাওয়ার গল্প সবাইকে শুনাতে নেই। সবাই বিরক্ত হয়।

খুব সত্যি।

 

মোট সময় লেগেছে ১.০৩৮২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
..গণিতে অনেক কাঁচা। আটপৌরে জীবনের হিসাব আজো মেলাতে পারিনি। হয়তো চেষ্টাও করিনি কখনও। স্বভাবে পুরোদস্তুর ছা-পোষা কেরানি। শুধু বেঁচে থাকতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ