ভীষণ সুন্দর একটা চাঁদ উঠেছে, মাঝে মাঝেই মেঘের সাথে উঁকিঝুঁকি মেরে হাজির হচ্ছে, আবার মেঘের ধমকে লুকিয়ে পড়েছে। যে কিছুটা সময় আমায় দেখে যাচ্ছে, বারেবারে পুরোনো কথা মনে করিয়ে দিচ্ছে। নাক ডাকার আওয়াজ শুনতে সেই যে ও একবার নাক চেপে ধরেছিল...আজও চেষ্টা করি ঘুমানোর সময় ঘরঘর করে নাক ডাকতে। আমিই হয়তো পৃথিবীর প্রথম মানুষ যে নাক ডাকার চেষ্টা করি প্রতি রাতে...প্রতি রাতে। নাক ডাকার আওয়াজ শুনতে চাওয়া ভীষণ জেদী মেয়েটাকে খুশি করার চেষ্টা আর কি...
আমাদের ছোট্ট জীবনের, জীবনের যেটুকু শুধুই আমাদের, তার এক একটা রাত যেন বারবার ফিরে আসে তাই প্রার্থনা করতাম প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে, জেদী মেয়েটা কি জানতো? পড়ন্ত দুপুরে একলা বসে কেঁদে চলা মেয়েটার দুঃখ কোথায়, তা খুঁজে বের করতে মন আমার কতো না স্মৃতির বাক্স ঘেঁটে ফেলতো! সব ফেলে আসা কি তাহলে ভুল ছিল? আমার নাহয় কিছুই ছিল না...ওর তো সব ছিল, আধোগ্রামের ধাঁচে বেড়ে ওঠা শহরটার এক কোণায় একটা দারুণ ছায়াঘেরা বাড়ি ছিল...ভালোবাসা ভরা একটা সুখী পরিবার ছিল, সুখী জীবনের নিশ্চয়তা ছিল...সব ছিল। ভুল কি তাহলে আমারই ছিল? মায়ার বাঁধন সব ছিড়ে দারুণ জেদী মেয়েটা কি মরিচীকার পানে ছুটে এসেছিল? মুগ্ধ আমি তাকিয়ে দেখতাম - কি দারুণ আত্মবিশ্বাসে চলতো ও... দেখে আমারও মনে হতো ও কখনো ভুল করতে পারে না...আমি মরিচীকা হতে পারি না। শুধু ওর দুঃস্বপ্নে জেগে ওঠা রাত, অশ্রুসজল দুপুরের ক্ষণটুকু আমাকে মনে করিয়ে দিত...হিসেবে কি ভুল ছিল?
আমি পুকুর পাড় থেকে উঠে দাঁড়ালাম, বাগানের পায়ে চলার পথটা বেয়ে ক্লান্ত পায়ে ফিরতে লাগলাম গৃহকোণে...সেই পুরোনো এক কামরার ঘর, ঘরভরা অদ্ভূত এক ঘ্রাণ...অচেনা এক মেয়েলী ঘ্রাণ, নেশা ধরানো সে ঘ্রাণ...এখানে সেখানে ছড়ানো ছিটানো আমার জুতা আর টাইটা বকুনির অপেক্ষায় পড়ে আছে। অপেক্ষায় আছি আমিও...হয়তো ছাদ থেকে ওর গোল করে রাখা ঠোঁট হয়ে ভেসে আসবে শিস, কান পেতেও শুনতে পাচ্ছি না। আমার মাথায় তখনো হিসাব ঘুরছে। শরীরের ভেতরের যে ছোট্ট শরীরের সাথে ওর এতো কথা ছিল, তার মায়াতে কি আমাকে ভুলে এতো দূরে চলে গিয়েছে যে শিস দিয়ে আমাকে জ্বালাতে পারছে না? নাক চেপে ধরে আমার ঘুম ভাঙ্গাতে আসছে না...গান শোনাবার লোভে সারারাত জাগিয়ে রাখতে পারছে না...এমনকি ছোট্ট এক পশলা বৃষ্টি ঝরিয়ে আমার চোখের জলটাকেও ধুয়ে নিতে পারছে না। ঝাপসা চোখে আমি হিসাব মিলিয়ে চলছি...
ফুরিয়ে আসা এরকম প্রতি রাতে আমি অন্য কোনো দিনের হিসেব মিলিয়ে যাচ্ছি...কোথাও একটা নিশ্চয়ই ভুল ছিল...নিশ্চয়ই ভুল ছিল।
শেষের আগের কাব্যগুলোঃ
রাত্রি শেষের কাব্য
ভর দুপুরের কাব্য
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



