আমার প্রিয় পোস্ট

পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

করি বাংলায় চিৎকার

০৫ ই জুন, ২০০৬ রাত ৮:২৭

শেয়ারঃ
0 0 0


...অত:পর বছর গড়িয়ে যায়। গড়াতেই থাকে বছরের পর বছর। শহীদের রক্তে ভেজা জায়গা ধুয়ে-মুছে আমরা মিনার বানাই। হৃদপিন্ডের মধ্য থেকে ভালোবাসার লাল সূর্যটাকে খুলে এনে শক্ত নাইলনের দড়ি দিয়ে বেঁধে দেই মিনারের গায়ে। প্রতিবছর- ফুলে ফুলে সাজাই তাকে। মধ্যরাতে খালি পায়ে এসে গান গেয়ে যাই। কি সমধুর সেই গান- আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি-। গাইতে গাইতে গলা বেয়ে অশ্রু ঝরে পরে। আহা, সেই অশ্রু যদি মাখিয়ে দিতে পারতাম ভাইয়েদের বুলেট-বিদ্ধ বুকের ক্ষতে!

একুশের সংকলনের পাতা ওলটাই আজ। অজস্র শ্রদ্ধানজলি সেখানে মুখের ভাষা ফিরিয়ে দেয়া সেই বীর শহীদদের জন্যে। দেখে- পড়ে- শুনে ভাল লাগে। ভাল লাগা বাড়িয়ে যাই আমি। পাতা উলটে চোখে পড়ে - একুশের গল্প। জহির রাুহানের। কোন এক হবু ডাক্তার একুশের মিছিলে তার বন্ধুকে হারায় পুলিশের গুলিতে। কপালের ঠিক মাঝখানটায় গুলি লাগে বন্ধুর। লাশ তুলে নিয়ে যায় সেনাবাহিনির লোকেরা। প্রায় বছর তিনেক বাদে তারই রুমমেট এনাটমি পড়ার জন্যে কঙ্কাল নিয়ে আসে। বাক্স খুলে সবাই দেখে প্রয়াত বন্ধুর মতন এর কপালেও একটা মসৃণ ফুটো, ডান পায়ের হাড়টা তেমনি এক ইঞ্চি ছোট বাম পায়ের চেয়ে।

পড়তে পড়তে শিউরে উঠি আমি। বুকের মধ্যে টের পাই ব্যথার কাঁপন। মাথা ব্যথা করতে থাকে আমার- বিশেষ করে যেন কপালের মাঝখানটা!

ব্যথা পোহাতে পোহাতে গল্প রেখে ইতিহাস খুলি। অবাক বিস্ময়ে জানি- সেই দুপুরে গুলি লেগেছিলো রফিকের খুলিতেও। (রফিক, যে কিনা আমার ভাই।) আমার ভাইকে চেনা যায় নি সেদিন। কেউ কেউ ওকে সালাহউদ্দীন ( আমার আরেক ভাই) বলে ভুল করেছিলো।
আচ্ছা, সালাহউদ্দীন কি আজো দু:খ করে, কেন সে রফিক হতে পারলো না!

রফিকের মৃত্যুসংবাদ থেকে চোখ সরিয়ে নিই। যেমন করে প্রতিদিন সকালে মুখ মুছে দুরে ঠেলে দিই ভেজা টাওয়েল। একুশের কাহিনিতে অনাবশ্যক আগ্রহ টের পেয়ে আমার ভুরুরা কুঁচকে ওঠে। ' এটা তো ফেব্রুয়ারি নায়-, তবে?'। মে মাসের আলোকোজ্জ্বল এই বিকেলে কেনই বা তবে ফেব্রুারির ধোঁয়াটে দুপুরকে টেনে আনা!

ভীষনই অপ্রয়োজনীয় ওরা। ঠেলে সরিয়ে আমি হেঁটে যাই সামনে। সামনে আর উপরে। উপরে, যেখানে তিনতলা বাড়ির চিলেকোঠায়- ঝাঁঝালো ধোয়ায় ডুবে যেতে যেতে আমার লেখক-বন্ধু সাদা কাগজের বুকে কল্পনা এঁকে যায়- কোন এক উর্দুভাষি পাকিস্তানীর কথা- বউ কথা কও নামের এক বাঙ্গালী পাখির ডাক শুনে যার কিনা প্রতি রাতে ঘুম ভেঙে যেত সেই '52-র রাতগুলোয়।

স্বপ্নের মত দিন পকেটে পুরে আমি ফিরে আসি আবার রফিকের কাছে। ম্যাগনিফাইং গ্লাসটা হাতে তুলে নিয়ে বইয়ের পাতায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখি সালামের বুক। (সালাম, আমার ভাই)। ঠিক কতখানি বড় ছিল তোমার হৃদয়, ভাই? কি ছুঁয়েছিলে তুমি, পরশপাথর?

খুঁজতে থাকি। খুঁজতে থাকি। খুড়তে খুড়তে খুঁজে বেড়াই সেই পরশমণিকে। খুঁজে পেলে, ছুঁয়ে নিতাম, ছুঁইয়ে নিতাম সবাইকে। ছোট্ট এ জীবনের অনেকগুলো শান্ত মিছিলের মধ্যভাগে হেঁটে চলা এই আমি আজ সামনে আসতে চাই- বুক পেতে চুমু খেয়ে দেখতে চাই শত্রুর বুলেট।

আমি জানি, মিছিলের সামনে এসে দাঁড়ানোর মতন মানুষের আজ বড়ই প্রয়োজন আমার জন্মভূমির।



-------------------
রিলেটেড লিংক:
1।http://www.banglalive.com/dhakarchithi/redirect.asp
2।http://konfusias.blogspot.com/
3। ছবি: ইন্টারনেটে পাওয়া।

 

প্রকাশ করা হয়েছে: বিহঙ্গ  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৬ ই জুন, ২০০৬ ভোর ৬:০৬
কালপুরুষ বলেছেন: আসলেও অসাধারণ। অভিবাদন রইলো। অপূর্ব আবেগময়তার হাতছানি ইতিহাসের দিকে। সবার কলমে এমন লেখা বের হয়ে আসবে না এটা নিশ্চিত, কারণ সবাই কনফুসিয়াস হতে পারে না।
৩. ০৬ ই জুন, ২০০৬ সকাল ৮:০৬
শুভ বলেছেন: এই জিনিষটাই আমরা বুঝতে চাই না- দুম করে বলে দেই স্বাধীনতার কি প্রয়োজন ছিল- উত্তরটা এখানেই:
আমি চিৎকার করি, আমি হাহাকার করি, আমি গভীর বিষাদে গলা ফাটিয়ে কাঁদি, আমি অপার আনন্দে উল্লাস করি- বাংলায়, কেবল বাংলায়!!!
৪. ০৬ ই জুন, ২০০৬ সকাল ৮:০৬
কনফুসিয়াস বলেছেন: মুর্শেদ ও কালপুরুষ,
অনেক ধন্যবাদ আপনাদের। আবেগ ছুঁতে পেরেছি ভেবে আনন্দিত।
৬. ০৭ ই জুন, ২০০৬ দুপুর ১২:০৬
অতিথি বলেছেন: কনফুসিয়াস.... অসাধারন.... :-)

ওহ.. আপনি আমার কাচে বিশাল একটা ধন্যবাদ প্রাপ্য আছেন.... বলেন তো কি?
আমিই বলে দেই.... অরকুটে জটিল কিছু প্রোগ্রামিং কমিউনিটির সন্ধান পেয়েছি..... ভেরি ভেরি ফ্রেন্ডলি...... .... ...
৭. ০৭ ই জুন, ২০০৬ দুপুর ১:০৬
শুভ বলেছেন: কনফুসিয়াস, বন্ধুরা আমাকে শুধু শুভ বলে- হা হা হা!

 

মোট সময় লেগেছে ১.৩৫৭৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পূব বাঙলার অরাজক কালের যুবক।
স্বপ্নবাজ মানুষ। কাক ভালোবাসি, কবিতাও।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ