আমার প্রিয় পোস্ট

পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

ভালোলাগায় লোপামুদ্রা-

১৫ ই জুন, ২০০৬ দুপুর ১২:৪০

শেয়ারঃ
0 0 0

লোপামুদ্রা মিত্রের গলায় আমার শোনা প্রথম গান বেনীমাধব।

এইচএসসি-র পরে তখনো ঢাকায় নতুন। ঢাকা যে আসলে ঠিক বাংলাদেশের ভেতরের কোন শহর নয়, সেটা বুঝে গেছি ততদিনে। সব কিছুতেই যেন যোজন যোজন ফারাক আমাদের ছোট্ট মফস্বল শহর কুমিল্লার সাথে। সেই বোধটা আরেকটু দৃঢ় করতে সে বছর গুলশানে আমাদের এক বন্ধুর বাসায় গেলাম থার্টিফার্স্ট নাইটের মজা নিতে। আমরা প্রায় ১০/১২ জন। বিকেলের দিকেই পৌঁছে গেছি ওর গুলশান-2 নম্বরের বাসায়।
কিন্তু রাত হতেই বন্ধুর মা নিষেধাজ্ঞা জারি করলেন, বেরুনো যাবে না। কোথা থেকে খবর পেয়েছেন, রাস্তায় পুলিশ আছে, ১২ টায় কেউ বের হলেই ধরে নিয়ে যাবে। আমাদের অনেক কাকুতি মিনতিও গলাতে পারলো না তাঁকে।

কি আর করা, এক ডজন টগবগে নওজোয়ান আমরা তখন ওর রুমে বসে আড্ডা দিতে লাগলাম। কবিতা থেকে ক্রিকেট আর মোনালিসা থেকে পামেলা কেউই বাদ নেই।

আড্ডার ফাকে মাঝে কার যেন একবার টয়লেট চেপেছিল। সে বাইরে গিয়ে ফিরে এসে ফিকফিক করে হাসতে লাগলো। কি হলো কি হলো? না, আন্টি খুব আজিব কিসিমের গান শুনছেন পাশের রুমে বসে, খালি নাকি শোনা যাচ্ছে- তোমার বাড়ি যাব, তোমার বাড়ি যাব...।

এধরনের আড্ডার কোন আগামাথা থাকে না। চরম সিরিয়াস ব্যাপারও হয়ে যায় নিছক রসিকতা। আমরা সবাই হুড়মুড় করে দরজা খুলে বের হলাম, এবং শুনতে পেলাম, খালি বলছে বেনীমাধব বেনীমাধব, তোমার বাড়ি যাব।

সংক্রামক রোগীদের মত আমরা সেই গান শুনে হেসে এ ওর গায়ে লুটিয়ে পড়ছি। আর ভাবছি, আন্টির নিশ্চয়ই মাথা খারাপ, এরম গান কেউ শোনে!
সেই প্রথম লোপামুদ্্রার গান শোনা, একটা ভুল সময়ে, ভুল পরিবেশে।

------------------

তার ঠিক মাস ছয়েক বাদেই সেই একই বাসায় আমি, টিউশনিতে, বন্ধুর ছোট ভাইকে পড়াতে গেছি। হলে থাকি, বাড়ি যাওয়া হয়নি অনেকদিন। শুরুতে প্রতি সপ্তাহে চলে যেতাম কুমিল্লায়। কিন্তু মাস দুয়েক পরেই নিষেধাজ্ঞা জারি হলো, এত ঘন ঘন যাওয়া যাবে না।
তো, অনেকদিন যাইনি বাড়ি। পড়াচ্ছি। মন ভালো নেই। মনোযোগ নেই তেমন। হঠাৎ পাশের রুম থেকে আবারো ভেসে এলো সেই গান। বেনীমাধব বেনীমাধব তোমার বাড়ি যাব...। মোটামুটি শিউরে ওঠলাম। এরকম অদ্ভুত গলা মানুষের হয়!
পড়ানো শেষে আন্টিকে বলে সিডিটা নিয়ে এলাম সাথে করে। হলে ফিরে শুনলাম গান, একবার দুবার তিনবার, সারারাত ধরে।
সকালে , প্রায় ভোরের দিকে ঘুমাতে যাবার সময় টের পেলাম, আমার মাথার মধ্যে খুব যত্ন করে ঢুকে বসে গেছেন তিনি, লোপামুদ্্রা।

---------------------

অ্যালবামের নামটাই অন্যরকম। অন্য হাওয়ার অন্য গান। অনেকগুলো কবিতাকে সুর দিয়ে গান হিসেবে গাওয়া। অন্যতম হল জয় গোস্বামীর লেখা মালতীবালা উচ্চ বিদ্যালয় ( নামটা সঠিক মনে নেই)- এ সুর করা গান, বেনীমাধব। এরকম গলা আগে কখনো শুনিনি। এরকম স্পষ্ট, এরকম আবেগ, কিন্তু অদ্ভূত রকম বাহুল্য বর্জিত। শুনিনি আগে কখনো।
ঐ অ্যালবামের আরো কিছু প্রিয় গান আছে আমার, ছেলেবলার বৃষ্টি। অথবা আবার আসিব ফিরে।

গান শোনাটা আমার কাছে সাধারন কিছু নয়।অনেকেই আছেন, গান শুনতে শুনতে পড়তে পারেন, বা অন্য যে কোন কাজ, কোন অসুবিধা ছাড়াই করতে পারেন, কিন্তু আমি পারি না। আমি যখন গান শুনি, তখন কেবলি গান শুনি , বিভোর হয়ে শুনি আমি।
লোপামুদ্্রা এসে সেই বিভোরতায় আরো বেশি মগ্ন করে দিয়ে যান আমায়।
রবীনদ্্রনাথের একটা গান আমার ভীষন প্রিয়। সহেনা যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে, আশা-র গলায় শুনি প্রথম, তারপর থেকেই বারে বারে শুনতেই থাকি শুধু, সখা হে, এলে না।
কিন্তু ক'দিন পরেই টের পাই, আশা-র উচ্চারনে ভীষন সমস্যা। গনিয়াকে বলেন গুনিয়া, মাঝের একটা জায়গায় একবার যাতনা হয়ে যায় যতনা!
আমাকে এসে রক্ষা করেন কবীর সুমন। আবারো আমি যাতনায় বিভোর হই।
তারপর কিছুদিন পরেই , হাতে আসে লোপামুদ্্রার গাওয়া কিছু রবীনদ্্র সংগীতের একটা অ্যালবাম, রবি কবির গান। আর কি আশ্চর্য সেখানে তিনি যেন আমারই জন্যে গেয়েছেন সহেনা যাতনা..., আর সেই গান শুনে , মুগ্ধ আমি নিজের মনেই বলে উঠি, এতদিন কোথায় ছিলেন?
দিন দিন ভালো লাগা বেড়ে চলে শুধু। লোপামুদ্রায় আমি আরো বেশি তন্ময় হয়ে রই।
এখনো রোজ শুনি, অন্তত একবার। বেনীমাধব , অথবা রবি-র গান, যাই হোক, আমি অবাক হয়ে শুনি, তুমি কেমন করে গান কর হে গুণী।
কোন উপমা জানা নেই। এ ভালোলাগার প্রকাশ কি করে করবো জানি না আমি।
মেট্রিকের ছুটিতে সিলেট গেছিলাম বেড়াতে, জাফলং। সে নদীতে নেমেছিলাম সেবার। কি অদ্ভূত স্বচ্ছ আর পরিষ্কার সে পানি। আর কি ঠান্ডা! শুধু ছুঁয়ে থাকতে ইচ্ছা করে যেন...।
বলে রাখি, লোপামুদ্রার গান শুনলে আজো আমার কোন এক অলস বিকেলে ছুঁয়ে আসা সেই নদীটার কথাই মনে পড়ে। কেন জানি ...! জানি না।

 

প্রকাশ করা হয়েছে: বিহঙ্গবৃক্ষ  বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০০৭ রাত ১১:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬
আপন তারিক বলেছেন: সুপার । বড় লেখা, তারপরও পড়তে কষ্ট হলোনা।
২. ১৫ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬
অতিথি বলেছেন: বেনীমাধব সত্যি খুব সুন্দর একটা গান। ওর আর একটা গান খুব ভাল লাগে.... ঐ যে.... কি যেন... গানটার নামটা মনে নেই..... "তাই তোমাদের মাঝে এশে আমি দু হাত পেতেছি, তাই সপ্ন দেকবো বলে আমি দু চোখ পেতেছি".... অধভুত সেই গানের কথা।
৩. ১৫ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬
হযবরল বলেছেন: লগ ইন করলাম শুধু মন্তব্য করার জন্য। তুমি কত বছর ধরে লিখা লিখি করছ ? কোথায় থামতে হবে, কোথায় কতটুকু বলতে হবে , দারুন লিখা । কি প আপ ম্যান।
৪. ১৫ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬
কালপুরুষ বলেছেন: আসম্ভব ভাললাগা একটা লেখা। মন ছুঁয়ে গেল। আমিও যে ভীষণ ভক্ত লোপা মুদ্রা'র। সাথে মৌসুমী ভৌমিকও আমার খুব পছন্দের শিল্পী। অনেক বিনিদ্ররজনীর সঙ্গী এরা আমার।
৫. ১৫ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬
শমিত বলেছেন: কনফু ,"যাও পাখি" শুনছ?

লোপা খুব মজা পাবে এই লেখাটার কথা শুনে! গুরুর লেখাটার কথা শুনেও খুব মজা পেয়েছিলো!

কলকাতা এলে , আর আমিও যদিও তখন থাকি , তখন তুমিও একদিন চলে এসো আমাদের আড্ডায় , হয় আমার বাড়িতে বা লোপা-জয়ের বাড়িতে অথবা কোথাও না শুধু বাইপাসে ।
৬. ১৫ ই জুন, ২০০৬ সন্ধ্যা ৭:০৬
শমিত বলেছেন: কলকাতা বড় মিস করি ভাইডি! :((
৭. ১৫ ই জুন, ২০০৬ রাত ৮:০৬
মাশীদ বলেছেন: কনফুর এই লেখা দেখে বরং মনে হয়, এতদিন কোথায় ছিলি? কি বলেন SMC Boss?
৮. ১৫ ই জুন, ২০০৬ রাত ৮:০৬
অতিথি বলেছেন: মাশীদ আপু, তাহলে আজ বরং এই গানটা নাই শুনলেন,কাজ কিন্তু সত্যি লাটে উঠবে !
৯. ১৫ ই জুন, ২০০৬ রাত ৮:০৬
মাশীদ বলেছেন: প্রজাপতি, থ্যাংকস ফর দ্য ওয়ার্নিং। একবার শুনেই ভাবগতিক সুবিধার না দেখে বহু কষ্টে বন্ধ করে দিয়েছি।
১০. ১৫ ই জুন, ২০০৬ রাত ৮:০৬
অতিথি বলেছেন: লোপামুদ্রা যত ভালো গায় তার চেয়েও ভালো লেখা হয়েছে এটি। মাশীদ ও শমিতের সাথে একমত।

লোপামুদ্রা প্রথম যখন গান গায় তখন শুনে মনে হয়েছিলো সুমন চাটুয্যের গলা মেয়েলি হয়ে গেছে। সে গানগুলোর সুর সম্ভবত: সুমনের করা ছিল।

লোপা এখন একটু নিজস্ব ভঙ্গি পেয়েছেন। কালে হয়তো আরো ভালো গান গাইবেন। কিন্তু সেগুলির চেয়ে আমাকে বেশি আনন্দ দিলো কনফু'র লেখা।

দারুণ হয়েছে ।
১১. ১৫ ই জুন, ২০০৬ রাত ৮:০৬
মাশীদ বলেছেন: আমিও হযু ভাইয়ের মত তোর এই লেখাটায় কমেন্ট করতে লগ ইন করলাম।

অসাধারণ একটা পোস্ট! তুই তো মারাত্মক লিখিস! চালিয়ে যা ভাইডি (শমিত দা'র থেকে চোথা মারলাম)।

লোপামুদ্রার গান কেন জানি তেমন শোনা হয়নি, যেমন শুনেছি মৌসুমী ভৌমিকের গান। তোর লেখা পড়ে এখন 'বেণীমাধব' শোনা শুরু করেছি। আজকে একটা রিপোর্ট লেখার কাজে এমনিও ভাবছিলাম সারা রাত জাগব। কিন্তু আমারো আবার তোর মত...মালটিটাসকিং ঠিক পোষায় না। কাজ লাটে উঠলে তোর খবর আছে!
১২. ১৫ ই জুন, ২০০৬ রাত ৮:০৬
কালপুরুষ বলেছেন: গোপাল,
এটা মৌসুমী'র গাওয়া। "আমি শুনেছি সেদিন নাকি তোমরা সবাই মিলে...."
১৩. ১৫ ই জুন, ২০০৬ রাত ৯:০৬
অতিথি বলেছেন: কনফুসিয়াস সত্যি অসাধারন লেখা। লোপামুদ্রার সাথে পরিচয় শাহবাগের এক সঙ্গীতের দোকানে। আমি সেখানে দূর্লভ বাংলা গান গুলোর সন্ধানে যেতাম। দোকানী আমার আগ্রহ দেখে এটা ধরিয়ে দিল। সেই থেকে শুরু।
১৪. ১৬ ই জুন, ২০০৬ ভোর ৬:০৬
হযবরল বলেছেন: কনফু ভাই খুব যদি কষ্ট না হয় , তবে জিমেইল দিয়ে কি পারবা আমারে সব মহিনের ঘোড়া দিতে।
১৫. ১৬ ই জুন, ২০০৬ ভোর ৬:০৬
কনফুসিয়াস বলেছেন: হযবরল, মেইল করছি আপনাকে এক্ষুনি।
১৬. ১৬ ই জুন, ২০০৬ ভোর ৬:০৬
কনফুসিয়াস বলেছেন: সবাই মিলে আমাকে দেখি মাথায় তুলে ফেললে। খুব খারাপ! একেবারে অশ্লিল যাকে বলে!
হযবরল, মাশীদাপু, কালপুরুষ, আপন তারিক, শোমচৌ বস, গোপাল ভাই- সবাইকে ধন্যবাদ। আসলে নিজের অনুভূতি লিখতে গেলে সেটা আপনাতেই সুন্দর হয়ে যায়, সবার ক্ষেত্রেই। এখানে আলাদা কোন ক্রেডিট নেই আমার।
অনেক ধন্যবাদ।
১৭. ১৬ ই জুন, ২০০৬ ভোর ৬:০৬
কনফুসিয়াস বলেছেন: শমিতদা,
গুরু-র লেখার কথা জানতো উনি! খাইছে- আমার শুনেই হাত পা কাঁপাকাপি শুরু করে দিছে!
কোলকাতায় যাবো তো বটেই। মজলিশ আর ভাটের কল্যাণে ওখানে আমার এখন কত আত্মিয়!
যাবার আগে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে যাবো। এরকম সুযোগ হারানোর কোন মানেই নেই।

যাও পাখি শুনেছি। খুবই ভালো। ঐ অ্যালবামের আমার সবচে' প্রিয় গান আমার দেশ।
সবগুলো অ্যালবামই আছে আমার কাছে। (শেষটা মনে হয় - ঝড় হতে পারি বনলতা, তাই না?)
১৮. ১৬ ই জুন, ২০০৬ সকাল ৭:০৬
অতিথি বলেছেন: নাহ, এখানে আর লিখব না ভেবেছিলাম,কিন্তু সকালে ঘুম ভেংগে চোখ মেলেই দেখি এই লিখাটাই ঘুরছে মাথার মধ্যে। লোপা অসাধারন কোন সন্দেহ নেই,কিন্তু এই লিখাটা বোধহয় সেই অসাধারনত্ব ছাপিয়ে নিজেই আসাধারন হয়ে উঠেছে।
১৯. ১৬ ই জুন, ২০০৬ সকাল ১১:০৬
কনফুসিয়াস বলেছেন: প্রজাপতি,
ধন্যবাদ।

ভাবছি - লোপার কিছু গান আপলোড করে লিংক দিয়ে দিব এইটা তোমার গান পোষ্টে।
২০. ১৬ ই জুন, ২০০৬ দুপুর ১২:০৬
অতিথি বলেছেন: ভদ্রমহিলার গলায় আশ্চর্য শক্তি । তবে বেণী মাধব গানটি শেষ পর্যন্ত কবিতাই থেকে গেছে । উনি আবৃত্তি করেছেন তারান্নুম স্টাইলে ।
২১. ১৬ ই জুন, ২০০৬ বিকাল ৪:০৬
অতিথি বলেছেন: তুমি লিখেছ দারুন।
২২. ২৪ শে জুলাই, ২০০৬ সকাল ১০:৪০
অতিথি বলেছেন: লোপা মুদ্রাতে ডুবতে পারি নি এখনও, ঠিক সময়ে ঠিক উপস্থাপনে হয় নি বলেই হয়তো! আমাকে হুক আপ করার জন্য একটা ঠিক গানের একটা ঠিক লাইনই যথেষ্ট হয় সাধারনত :)। কবির সুমনের গলার 'সহে না যাতনা' শুনেই শিখেছি । ইন্দ্রানীর রবীন্দ্রসংগীতগুলোও ভীষণ ভাল লাগে। ফাটাফাটি একটা পোস্ট। লোপায় একটুর চেয়ে বেশিই আগ্রহী হলাম
২৩. ২৪ শে জুলাই, ২০০৬ সকাল ১১:৩১
হাসান বলেছেন: কনফুঃ অন্য সবার মতোই মন্তব্য করতেই লগিন করা, জটিল হয়েছে।
২৪. ২৪ শে জুলাই, ২০০৬ সকাল ১১:৫৪
কনফুসিয়াস বলেছেন: আস্তমেয়ে,
গানটার লিংক পাবেন [link|http://www.somewhereinblog.net/konfusiasblog/post/11404|GLv
২৫. ২৪ শে জুলাই, ২০০৬ দুপুর ১:৪২
ঝরা পাতা বলেছেন: আরে ভাই, কি পোস্ট দিলেন? লোপামুদ্রা আবার বেণীমাধব!!!! দিল পেহচান কর দিয়া। দুটোই যে এত্তো ফেবারিট। থ্যানকু।

বেণীমাধব, বেণীমাধব তোমার বাড়ি যাবো।
২৬. ২৪ শে জুলাই, ২০০৬ দুপুর ১:৪৭
ঝরা পাতা বলেছেন: মৌসুমি ভৌমিকের গানটার শুরু-
আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ.....

বেণীমাধব গানটার খুব দারুন একটা লাইন আমার কাছে---কেমন হবে যদি আমি নষ্ট মেয়ে হই?
২৭. ২৫ শে জুলাই, ২০০৬ রাত ১২:১৭
কনফুসিয়াস বলেছেন: ঝরা পাতা,
কথাটা হলো- কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই।
অনেকগুলা গান তুলছি [link|http://www.somewhereinblog.net/konfusiasblog/post/11404| GB wjs
২৮. ২৫ শে জুলাই, ২০০৬ রাত ১২:২৩
অতিথি বলেছেন: আমার মাথায় গান ঢুকে গেলে মুশকিল আছে। গত কয়েক দিন শাখিরা ঢুকে ছিল। গতকাল লোপামুদ্রার বেণীমাধব একটা টোকা দিয়ে শাখিরাকে আউট করে দিল। আসলেই সুমনের মত স্টাইলের একটা মিল আছে।
২৯. ২৫ শে জুলাই, ২০০৬ রাত ১২:২৮
কনফুসিয়াস বলেছেন: বেণীমাধব ছাড়াও কিন্তু ওর আরো অনেক ফাটাফাটি গান আছে। যাও পাখি, আমার দেশ, ছেলেবেলার বৃষ্টি।
সহেনা যাতনা শুনলেন লোপার গলায়? কেমন লাগলো?
৩০. ২৫ শে জুলাই, ২০০৬ রাত ১২:২৯
ঝরা পাতা বলেছেন: আরে ভাই,
ওতো স্মৃতি থেকে বললাম। স্মৃতি বড় বেশি প্রতারক। তাই একটু এদিক ওদিক হয়ে যায়। আজ অবশ্য অনেকদিন পর আবার শুনলাম।
৩১. ২৫ শে জুলাই, ২০০৬ রাত ১২:৩২
কনফুসিয়াস বলেছেন: ঝরা পাতা,
ঠিকাছে। আমি এমনি এমনি বললাম।
আমার কাছে ঐ লাইনটা মারাত্মক লাগে- জুড়িয়ে গেলো চোখ, আমার- পুড়িয়ে দিলো চোখ, বাড়িতে এসে বলেছিলাম, ওদের ভালো হোক।
৩২. ২৫ শে জুলাই, ২০০৬ রাত ১:১৯
অতিথি বলেছেন: হু শুনেছি। দারুণ :)
৩৩. ২৫ শে জুলাই, ২০০৬ রাত ১:১৯
অতিথি বলেছেন: ধন্যবাদের স্টেইজ পার হয়ে গেছেন, মানে এক ধন্যবাদে কাজ হবে না এখন আর, তাই দিলাম না :)
৩৪. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৬ বিকাল ৫:৩৪
অতিথি বলেছেন: এই লেখাটাই গতকাল প্রথম আলোর ছুটির দিনে ছাপা হয়েছে। আমি হলে ছিলাম। পাশের রুমের এক আপুর কাছে একটা দরকারে গিয়ে দেখি ঐ পাতাটাই খোলা। আমাকে বললো, "লোপামুদ্্রার গান শুনি নি আমি। কিন্তু একটা মানুষ এমন করে লিখেছে, সারারাত ধরে বিভোর হয়ে একটাই গান শুনেছে...পড়ে এমন লাগলো! ভাবছি এবার এই গানটা আর লোপার অন্য গানগুলোও শুনতেই হবে।"

আমার খুব ভালো লাগলো। একজনের ভালোলাগা এমনি করেই বুঝি অন্যদের মাঝে ছড়িয়ে যায়! সেই ছড়ানোর কাজটা কনফু দারুন সফলভাবে করেছে।

অভিনন্দন!
৩৫. ২৯ শে মে, ২০০৭ রাত ১১:১০
কনফুসিয়াস বলেছেন: অরূপদার দেয়া লোপা-র নতুন এলবাম !@@!822854র লিংক রেখে দিলাম এখানে।
৩৬. ২৯ শে মে, ২০০৭ রাত ১১:১১
দ্রোহী বলেছেন: ব্লগস্পটে আগেই পইড়া ফালাইছিলাম দেখে আর এই লেখাটা সামহোয়্যারে পড়া হয় নাই।

 

মোট সময় লেগেছে ১.০০৬০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পূব বাঙলার অরাজক কালের যুবক।
স্বপ্নবাজ মানুষ। কাক ভালোবাসি, কবিতাও।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ