০৭ ই জুলাই, ২০০৮ সকাল ১১:১২
তুমি কি দেখতে পাচ্ছ
যে তুমি, তুমি নও, সে তুমি হয়ে উঠছ প্রতিদিন
ভ্যাকুয়াম স্যাসেডে প্রিয় নাম নিঃশ্বাস বন্ধ করে থাকে
ব্র্যান্ড নেম পসার জমিয়েছে বাণিজ্যিক সংসারে
তোমার সম্পত্তি বেড়ে উঠছে সব সম্পদ বেঁচে দেয়ায়
পারফমের্ন্সের রঙ্গকলাকে ব্যাঙ্গ করছে পরিকল্পিত হাসি
কর্পোরেট হ্যান্ডশেকের উষ্ণতায় গলে গেছে নিজস্বতার কলম
স্বপ্নের ভূমি দখল করায় চওড়া হচ্ছে আবাসিক স্পেস।
তুমি কি দেখতে পাচ্ছ
তোমার বৈকালিক আড্ডায় একটা করে সেমিনার বসে
ছন্দ লেখার ধাঁধাঁ ড্যাটা ও গ্রাফে সমাপ্ত হয়
গল্পসল্পে অফিসের আলাপচারিতা উঠে আসে
আর প্রেম সহকর্মীর সহযোগিতায় গাঢ় হয়।
তুমি কি দেখছো তোমার যাতায়াত নির্দ্দিষ্ট রুটে বদ্ধ হয়ে গেছে
দৈনিক পরিবর্তনাবলী নপুংসক চোখ দেখছে না
ঝকমকে বিলবোর্ড চোখ দুটোতে পেরেক মেরেছে
তুমি কি দেখতে পাচ্ছ, তুমি কেবল তোমাকেই দেখো না।
ব্যক্তিগত বিজ্ঞাপন
০৮ ই জুলাই, ২০০৮ সকাল ৯:৩০
যদি পেছনে ফিরতে পারতাম কিছু হতে চাইতাম না আমি। এমন সুখের আধার ওতে ছিল না যাতে আমি মাছরাঙার মত ঝাপিয়ে পড়ব। কিছু জোনাকি অবশ্য ছিল। কিন্তু তা কেবলই আলো - উষ্ণতা নেই।
কালো হলে কর্কশ কাকের ডাস্টবিনে আদার খুঁজতে হয়। মগডালে উঠবার বাসনা সবসময় ছিল। কন্ঠ ঘষে মেজে সময়াপোযোগী করে লেফাফা দুরস্ত সাহেবীয়ানার পেঙ্গুইনের মত হেলেদুলে আয়েশী চালে চলতে আরাম লাগে। তা বরফ শুভ্র রাস্তায় কালো কোটের পয়সা জোগাড় করা যায় না। তথাপি দোনোমোনো বিটকেলে মন অন্ধ পাড়ায় গিয়ে খানিক আমোদ করার জন্য উসখুস করে। আবার প্রায়শ্চিত্তের চিন্তায় রাত্রির ঘুম হারাম হয়ে যায়।
আমি আন্তরিকভাবে নিজেকে চিনি বলে জানি, যে স্বতন্ত্রতার কথা অহমিকার সাথে উচ্চারণ করি সেটা বাকসর্বস্ব হয়ে পড়ে অর্থনৈতিক দৈনতায়। প্রতিপক্ষ শিবিরের ইটের লাল দুর্গ আমার চুনকাম খসা পলেস্তরার জং ধরা জানালার শিকে মুন্ড চেপে ধরে। আমি পরিবর্তনের পক্ষপাতী যদি তা হয় ধনাত্মক এবং ঊর্ধ্বমুখী। যা ছেড়ে গেছে তাদের বিদায় বলেছি। আমি সম্মোহিত হই না বলে প্রত্যাশা করি না।
বিকশিত হতে চেয়েছিলাম প্রেমে। নিজেকে ভাঙবার, ভেঙে গড়বার রাজমিস্ত্রী হতে একজন যোগানদারকে ভালবাসতে চাইলাম। সে প্রেম অন্যকে দিয়ে দিল। বাকীরা, তারা নিজেরাই ভেঙেচুরে এমন তালগোল পাকিয়েছিল - একটা সুন্দর ভাস্কর্য গড়ার শক্তি ও ইচ্ছা তাতে হল না।
অস্থির আমি । যখন তখন জায়গা বদল করতে হয়। ইচ্ছের বাইরে কিছুমাত্র করি না। সুখের গন্তব্যমুখী সামান্য কথা, কাজ, ভালবাসায় সর্বাঙ্গ হাসে। অকাজের কথা বিন্দুমাত্র পছন্দ নয়। আজকাল পাতা পাতা ফাইলপত্তরে ভিটে বাড়ি এত দখল করছে গা এলিয়ে রাখার জায়গাটুকু পর্যন্ত হয় না।
আমি যথার্থ নই ধর্মে, নিবেদিত প্রেমে, সমাজে, সংসারে, জন্মে বা সৎকারে। সৌরমুখী সূর্যমুখীর আনন্দ কেবল অসংখ্য সাফল্যের পাপড়িতে কেন্দ্রীভূত করায়। আমি মহামানব নই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

