খুব ভালো করে দেখে বলো
এর ভেতরে কোথায় শরীর?
চারদিকে কল্পিত দেহভস্মের ভেতরে আগুণ দেখে
বিস্ফোরিত চোখে কি দেখবে এখন?
খুব ভালো করে দেখো রাস্তায় মৃত নামে যে লাশ পড়ে আছে
তার ভেতরে মানুষ কোথায়?
এত কষ্ট করে কেনো আবিষ্কার করতে যাও তার হাড়গোড়ের মাঝে
বিভীষিকাময় অনুভুতির খোলস?
এই দেখো, ভালো করে দেখো
এখানে কোনো শরীর নেই, এখানে কোনো মানুষ নেই
মানুষের শরীর থাকে এমন কোনো কথা কেউ শোনে নি এখানে
প্রকৃতির ভেতরে শন শন করে বাড়ছে বারুদ
সেখানেই জন্মাচ্ছে মানুষ
শ্যাওলায় গায়ে আঙুল
ইটের ভেতরে মস্তিষ্ক ঢুকে বসে আছে
আর গাড়ির চাকার ভেতরে পা!
কোথায় খুঁজবে মানুষ? কোন গ্রহলোকে থাকে তারা?
এদেশে একদা বৃক্ষে জন্মাতো বলে দর্শনশাস্ত্র বলে
তারও আগে নাকি থাকতো চৌকাঠে ঘেরা গৃহের ভেতর
এখন তো সব দেয়ালের ভেতরে ফ্রেমের নজরে
অশরীরী হায়েনা হয়ে আছে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

