একটি ভয়াবহ আলোকিত খবর। শৈল্পিক নান্দনিক দুনিয়ার খবরাখবর যারা রাখেন, রাখতে পছন্দ করেন তাদের জন্য একটি আমন্ত্রণ। ইদানীং আজিজ মার্কেট শাহবাগ ঢাকা ১০০০ নামটি বেশ জনপ্রিয় (!)। আসুন আমাদের আজিজ মার্কেটে। আমাদের তথাকথিত মিডিয়ায় তো রীতিমতো নাটকের ঝাপি খুলে বসেছে এই মার্কেট নিয়ে... ইদানীং অনেকে এই মার্কেটের তরুণদের ক্রিয়েটিভিটি বেশ মনোযোগ সহযোগে পর্যবেক্ষণ করছেন (বিশেষ করে আর্ট আর কালচারে)। কিছুদিন আগে জনৈক পারভেজ চৌধুরী বেশ প্রশংসাও করলেন এই মার্কেটের তরুণদের...
কী হয় না এখানে? গান, নাটক (মঞ্চ কিংবা টেলিভিশন), চলচ্চিত্র, সাংবাদিকতা (প্রিন্ট কিংবা ইলেকট্রোনিক মিডিয়া)সহ নানান ব্যাপার স্যাপার। আর হাল আমলে এই ক্রিয়েটিভ ব্যাপারের লেটেস্ট সংযোজন টি-শার্ট। আগে মানুষ বই পড়তো এখন মানুষ টি-শার্ট পড়ছে। টি-শার্টে বিভিন্ন কবি-সাহিত্যিক, জ্ঞানী-গুণীজনের কবিতা, গান, কিংবা শ্লোগান ছাপা হচ্ছে।
আমাদের ফটোকপি মিডিয়ার কিংবা প্রেস রিলিজ নির্ভর মিডিয়ার এই যুগে মিডিয়ার সেই তথাকথিত ক্রিয়েটিভ মানুষগুলো পত্রিকার পাতায় পাতায় কিংবা খবরের শেষ অংশে আজকাল ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা টি-শার্ট মার্কা ফ্যাশন হাউজগুলোর খবর ছেপে এই মার্কেটের বেশ প্রশংসা করছেন। কিন্তু খবরের অন্তরালের খবর যারা রাখেন...রাখতে চেষ্টা করেন...কিংবা রাখার আগ্রহ প্রকাশ করেন তাদের কাছে ব্যাপারটি মোটেও দৃষ্টিনন্দনযোগ্য নয়। শুধুই ফটোকপি মার্কা ক্রিয়েটিভিটি... (অবশ্য দু-একটি বাদে)।
একজন কবির ভাষায় মহাকালের দৈনিক হচ্ছে বই। অতএব নিজেকে প্রতিনিয়ত আপডেট করতে হলে বইয়ের সঙ্গে বসবাস করতে হয়। কিন্তু আমাদের নান্দনিক শিল্পদুনিয়ায় বইপাড়া বলে খ্যাত আজিজ মার্কেট একটি ভয়াবহ নান্দনিকতার (!) বেড়াজালে আবদ্ধ হতে যাচ্ছে... এরইমধ্যে একটি বইয়ের দোকান টি-শার্টের দোকানে রূপান্তরিত হয়েছে... বাকিটুকু সময়ই বলে দেবে... আর নাটক আর সিনেমাগুলো... হইত্যাছে হইত্যাছে... কি হইত্যাছে বোধহয় তারাও জানে না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

