*** আমার ব্লগিং বিরতিচলাকালীন আরেকটি লেখা এটি ...)
তুমি ওমন হিসেব করে অংক কষে
যোগ-বিয়োগে এড়াতে চাও শূন্য শেষে ?
ছত্রে ছত্রে সূত্র জুড়ে
সরল হিসেব জটিল করে
পূর্ন সংখ্যা চাইযে তোমার নির্নিমেষে।
আমি আবার অংকে বেজায় কাঁচা
জীবন অংক- বড্ড জটিল ধাঁধা
সুত্র গুলো প্রায়ই ভুলে যাই
পাটিগণিত, বীজগণিতে খেই হারাই
সরল সংখ্যায় পরুক না মন বাঁধা।
বলছ কথা সবসময়ই শব্দ মেপে
ভয় কি এতো ! শব্দমালা ফুরিয়ে যাবে ?
শুধু কথার মত কথাগুলো
তোমার কাছে সাদর পেল
বাকীটাক্ষণ মৌণতাতেই কাটিয়ে দেবে!
আমার কাছে হরফগুলো বৃষ্টিধারা
শব্দ ঢেউয়ে মন হারিয়ে পাগলপারা
অ-কথাতেই হৃদয় দোলে,
অস্থিরতার সময় ভোলে
ইথার জুড়ে শব্দ আমার বাঁধনহারা।
ভাবায় বুঝি তোমায় অনেক- জীবন ?
সেরা খুঁজতে চলে, তোমার অন্বেষণ
কি পেলে তাই ভাবছ প্রতি পলে
লক্ষ্য তোমার চোখের তারায় খেলে
তুমি পা ফেলতে সাবধানী যে ভীষণ!
আমার কাছে জীবন যেন দূর্বার এক গতি
ভাবিনা তাই কোনটা লাভ, কোনটা ক্ষতি
হৃদয় মাঝে আঁচড় কাটে যাই
আমার কাছে সর্বসেরা তাই
বল্গা হরিণ লাগামহীণ, ছোটাই জোরে অতি।
তুমি বুঝি কষ্ট দিতেই বেশী ভালোবাসো?
ঠিক-বেঠিকের জোয়ার-ভাটায় ভাসো
এড়িয়ে যাও বারেবারে
যুক্তি শরে বিদ্ধ করে
শেষে নি:সঙ্গতার কাছেই ফিরে আসো।
কি যেন এক অমোঘ টানে
যাই ছুটে যাই তোমার পানে
বুঝি কষ্ট পেতেই ভালবাসা
তোমার কাছেই ছুটে আসা
যুক্তিহীন স্বপ্ন বুনি মানস কোণে।
এই তো আমি , সেই সে তুমি
ভিন্ন সত্বা, দিবস-যামি
কোথাও হারছি কিনবা জিতছি
অজানাতেই কাছে টানছি
বৈপরীত্যেও আকর্ষণের খেলায় নামি।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


