কবি, তুমি মন বোঝো না, ক্ষণ বোঝো না এক রত্তি!
মোহময়ী শব্দে-বাক্যে ছন্দ গড়ে, স্বপ্ন ভরে,
মিথ্যেটাকেও বানাও সত্যি।
কবি, তুমি জুয়ারী অতি পাকা বটে!
এ বেলাতে ঘৃণা ছুঁড়ে, মুখ ফিরিয়ে,
ও বেলায় ফের রঙ ছড়িয়ে চিত্র আঁকো মানসপটে।
কবি, তুমি অন্ধ বুঝি?
তোমার নাওয়ে পারি দিয়ে, ডুবল কতই
উদাস মনে বৈঠা চালাও, কেমন মাঝি!
কবি, তুমি লেখো কেন? নিজের তরে?
তবে কেন ফর্মা জুড়ে, প্রচ্ছদের মলাট মুড়ে
পাঠক হাঁকাও, পসরা সাজাও কলেবরে!
কবি, তুমি বিবেক সাজো?
খড়গ নামাও কথার ছলে,সুকৌশলে; ঠিক-বেঠিকের পাল্লা মেপে, টেকাও ধোপে,
বাহ্বা কুড়াও, বাণী ছড়াও; সুশীল হওয়ার খেলায় মজো!
কবি, তুমি কবিই হলে নাকি মানুষ!
খাতার পাতায় জাদু কি সব না বাস্তব?
নেই কি কিছুই কথার ফানুস?
-----------------------
২৭শে সেপ্টেম্বর ২০০৯
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



