উজানের পাপমোচন কইরা ভরা গাঙ গেল সইরা,
অহন ধবল জমিনে রূপার লাহান চিক্ চিক্ করে কাঁচবালু।
ঠা ঠা রইদে তামা তামা বদনের কাঠ-কয়লা ছায়া,
পাওয়ের উফরে পাওয়ের ছাপ,
কাফেলায় জোয়ান-মর্দ-অবলা-বুইড়া।
কাকচক্ষু চকচক করে, চোয়ালে ঝুলে কাষ্ঠহাসি;
মরার জীবন আবারো ডাকে রে!
দয়াল নিসে, দয়ালই দিসে
শক্ত হাতে ঝাণ্ডা গাড়ে সবটে- এইহানে মোর নয়া আবাস।
আন্ধারে নড়েচড়ে পেশল থাবা,
রক্তজবা চোক্ষে পষ্ট দ্যাহে কাঁঞ্চা সোনার চাদ্দর;
খুঁটে বান্ধে নিশান - এই জমিনখান চাই রে চাই !
সুরুজের পরথম কিরণ তহনও ছুঁইয়া সারেনি দোরগোড়া!
গিরায় গিরায় ল্যাহা বাপ-দাদার ইতিহাস লইয়া
মালিশে মালিশে লাঠিগুলান তৈয়ার -
আইজ এসপার নাইলে ওসপার !
সাক্ষী রইল দূরের ওই গাঙ,
সাক্ষী মাথার উফরে চক্কর মারা ওই চিল;
ডরহীন শিনা টানটান;
দুই সারি আদম জাত এক্ষণে মুখামুখি আগুয়ান।
মরণ বাইদ্যের হুংকারে লিলুয়া বাতাসও কাঁইপা ওঠে।
সোহাগের স্বর্ণ-চাদ্দর আশুই হইবো ফালাফালা,
ঝিকমিকা জরি পড়বো খইসা,
পিঞ্জরে যার যত্ত দম, সেই লাইঠ্ঠাল রইবো খাড়াইয়া শেষতক;
চাদ্দরে গিঁট বান্ধার সেই হকদার!
---------------------------------------------
মাস দু'য়েক আগে আধেকটুকু লিখে খেই হারিয়ে ফেলেছিলাম, গতকাল শেষ করার চেষ্টা করলাম অবশেষে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


