ইচ্ছে করেই করিডোরের বাতি গুলো সব
নিভিয়ে রেখেছি, ঘুট ঘুটে রাত্রি দেখব বলে।
দূর ফ্রীওয়েতে হাইবীম আলো
মাঝে মাঝে ছুটে যায়-
ম্যাপল বৃক্ষ গুলো মধ্য মার্চের শীতে
দাড়িয়ে আছে পত্র হীন, পল্লব হীন
অসহায়!
এক জোড়া হরিণ, এমন ঘোর নিশিথেও
কেমন সাহসে বন ছেড়েছে,
নাকি টেনে নিল আমার এই মন
গহীন কোন নির্জনে!
ঐ দূর পথে উল্কা আলোকে অনুসরন করে
ধেয়ে যায় যে যাযাবর,
তার গন্তব্য কোথায়,
হায় জানা হবে না কোন দিন!
এই নিঃসঙ্গ আঁধারে
অমন আলোর ঝলকানি আমায় বলে যায়
ঐখানে পথ আছে,
পথের শেষে হয়তো গন্তব্য!
শেষ রাতে রয়টারের ফীড আসে,
পৃথিবীর কোন মুসাফির খানা'য়
আত্নঘাতি আক্রমনের রক্তাক্ত সংবাদ-
ট্রান্সমিশন রুমে একা এই রাতে
জীবনের সাথে মেলাই যাবতীয় বিজ্ঞাপন
এ আঁধারে কি করে বন্ধ করবো বলো
তুমি হীন হৃদয়ের অসহায় সকল ক্ষরন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

