মেয়ে'র ফিল্ম স্টাডিজ ক্লাশের পরিচয় পর্বে প্রফেসর জিজ্ঞাসা করেন, তোমরা কে কি কারনে এই কোর্সটা নিলা নিজ নিজ পরিচয় দিয়ে সংক্ষেপে বল।
ক্লাশের সবাই যার যার উত্তর দেয়। মেয়ে বলে, বাবা আমি বলছি আমার বাবা এক জন ফিল্ম মেকার তাই ফিল্ম এর প্রতি আমার ভালোবাসা। সে কারনেই আমি এই কোর্সটা নিয়েছি। বাবা এই কথাটা দাড়িয়ে বলতে আমার অনেক ভাল লাগছিল। আমি মেয়েটার দিকে তাকি রইলাম...
প্রথম দিন বাড়ি ফিরে এসে মেয়ে বলে,
বাবা আজ ক্লাশে হিউগো দেখিয়েছে। তুমি দেখেছ ছবিটা?
না রে, দেখব দেখব করে আর দেখা হয়নি।
তুমি অনেক পছন্দ করবা আমি চাই তুমি দেখ। তুমি যদি চাও আমার সাথে ছবি দেখতে আসতে পার ত, ওখানে অনেক মানুষ যায়।
আমি হেসে বলি,
যাব যাব, যাব এক দিন।
আর যাওয়া হয় না আমার। ভাবি মেয়ে হয়ত এমনি এমনি বলে। আমি আর যাই না। তবু মেয়ে প্রতি সাপ্তাহেই আমাকে জিজ্ঞেস করতে ভোলে না। আমি এটা ওটা ব্যাস্ততার কথা বলি যাওয়া হয়েওঠে না আমার। বড় অদ্ভুত করে কথা বলে মেয়েটা। কথা শুনলে মনে হয় এমনিতে হয়ত বলছে পরে বুঝতে পারি না এমনি করে ত বলে না! কথা বলার ধরনটাই ওর এমন। হয়ত ও ঠিকই বলে আমিই কমিউনিকেট করতে পারি না। ক্লাশে কখন কি ছবি দেখল তা নিয়ে রাতে কথা হয় আমাদের। কখনো সিনেমা সম্পাদনার আদি কথা কখনো বা গল্প বর্ননার ধরন নিয়ে। আমি বুঝতেও পারিনি কবে কখন কিভাবে সিনেমার প্রতি এমন আগ্রহ জন্মেছে ওর!
আজ দুপুরে ফোন করে ও
বাবা আজ আমাদের সিটিজেন কেইন দেখাবে তুমি যেতে চাও?
আমি উচ্ছাস দেখিয়ে বলি,
বাবা এটা সিনেমা জগত এ শ্রেষ্ঠ সিনেমা। আমার অনেক অনেক প্রিয় ছবি!
মেয়ে বলে,
তুমি আসবা আমার সাথে? আমি খেতে বাসায় আসব তুমি যাবে?
আমি বলি,
আমি ত ডাউনটাওনে বাবা। আসতে আসতে দেরী হয়ে যাবে তোমার, তুমি বরং চলে যেও।
মেয়ে বলে,
না না তুমি আস আমি অপেক্ষা করি তোমার জন্য।
আমি আর না করতে পারি না। বাড়ির দিকে রওয়ানা হই। আমরা যখন পৌছুই তখন ছবি শুরু হতে মিনিট পনর বাকী।
মেয়ে বলে,
কফি খাবা বাবা?
আমি বলি,
না থাক।
মেয়ে বলে,
না খেতে পার সময় আছে।
আমি বলি,
থাক বেশী সময় নাই দেরী হয়ে যেতে পারে।
মেয়ে হাসতে হাসতে বলে,
সিগারেট খেতে চাও? সময় আছেত, আমার টিচার ক্লাস শুরুর আগে এখানে দাড়িয়ে দাড়িয়ে স্মোক করে। তুমি খেতে পার।
বড় অদ্ভুত করে কথা বলে মেয়েটা। মেয়ের সামনে দাড়িয়ে সিগারেট টানতে ইচ্ছে করল না আমার। আমরা সিড়ি ভেঙ্গে দো'তলায় উঠতে থাকি।
আমি বলি,
বাহ্ এই বিল্ডিংটা ত সুন্দর!
মেয়ে বলে,
হু অনেক সুন্দর! এই যায়গাটা আমার অনেক ভালো লাগে। জানো বাবা, আজকে আমার অনেক ভালো লাগার একটি দিন। তুমি এসেছ, আমরা এক সাথে মুভি দেখব। আমার অনেক ভাল লাগছে।
আমরা থিয়েটারের দরজা ঠেলে ভেতরে ঢুকি। হল ভেতর মৃদু আলো তিন চারশো মানুষ অপেক্ষা করছে ছবি শুরু হবার। আজকের দিনটি আমার জীবনেও অনন্য একটি দিন। পৃথিবীর সর্বকালের সেরা একটি ছবি দেখবার জন্য আমি আমার মেয়ের সাথে অপেক্ষা করছি। জীবন সিনেমার এই দৃশ্যটি বড় সুন্দর!
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১২ ভোর ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



