পাথরের মত শাদা গায়ে-
এর যেন কোনদিন ছিল না হৃদয়
কিংবা ছিল- আমার জন্য তা নয়
হ্যাঁ রে মুটকি, আমি তোর কথাই বলছি। কোনদিন তো বুঝিস নি, বুঝতে চেষ্টা করিস নি এই পাগলা কি চায়। আমি জানতাম আমার মাত্র পাঁচ ফিট পাঁচ ইন্চি উচ্চতা দিয়ে তোর বিশাল হৃদয় টা কাভার করা সম্ভব নয় তাই কোনদিন মুখ ফুটে বলতে সাহস পাইনি। তাই বলে কি তুই বুঝে নিবি না! তোর অবশ্য বোঝার কথাও নয়, তুই তো আর দেখিস নি, তোর কথা আমি কত ভেবেছি আর কত কেঁদেছি। সেটা জানে শুধু ঐ বাথরূমের তেলাপোকা আর মাকড়সারা...
কখনো কি ভেবেছিস কেন রাস্তায় কাঙালের মতো দাঁড়িয়ে থাকতাম ঘন্টার পর ঘন্টা তোকে একবার, মাত্র একবার দেখার জন্য? একই সময়ে তুই প্রাইভেট পড়তি অন্য স্যারের কাছে, তোকে দেখার জন্য আমার স্যরের কাছে যেতাম দেরী করে আবার বেড়িয়েও পড়তাম তাড়াতাড়ি। এ জন্য স্যারেদের কত ঝাড়ি, কত অপমান... তোর কি মনে আছে, তোর দিকে তাকিয়ে সাইকেল চালাতে চালাতে ধাক্কা খেয়েছিলাম ট্রাকের সাথে? জানিস, আমার সাইকেলটা চুরি হয়ে গেছে। আমি অবশ্য মনে মনে খুশি ই হয়েছি, ওটা দেখলেই যে তোর কথা মনে পড়তো...
৬ জানুয়ারী, ৪ঠা আগস্ট সব গুলো বিশেষ দিন মনে আছে, শুধু নেই তোর ঠিকানা কিংবা ফোন নম্বর। ঐ দিন গুলোতে কি করি জানিস! লন্ডনের ফোন কোড
+44 চেপে আন্দাজী নাম্বার চেপে উইশ সেন্ড করে দেই। আমি জানি তুই এগুলো কোনদিন পাবিনা, তবু আমার কিছুটা হলেও ভালো লাগে, মনে মনে কিছুটা হলেও সান্ত্বনা পাই। পুতুল ওয়ালা চাবির রিং টা কি এখনো তোর কাছে আছে ? কিংবা সিডি গুলো? আমিতো শুনেছি ওই দেশে নাকি জিনিস পত্র একটু পুরনো হলেই ফেলে দেয়...।
জানিস, আমিও নাকি এখন স্মার্ট হয়ে গেছি। ফতুয়া, ট্রাউজার পড়া ছেড়ে দিয়েছি; টি-শার্ট, জিন্সের সাথে এখন স্নীকার পড়ি। আগের মতো কেউ আমাকে হাবলা, ক্যাবলাও বলে না। উপন্যাস টুপন্যাস এখন কম পড়ি, তবে বেশী পড়ি কবিতা। ঐ যে উপরের লাইন গুলো, ঐটা জীবনান্দের কবিতা। আমার তো মনে হয়েছে কবিতাটা তোর মত কাউকে ভেবেই লিখা। আর তোর কথা ভেবে ভেবে মধ্যে মধ্যে শুনি মান্না দে'র একটা গান..." হ্য়তো তোমার দেশে আজ... এসেছে মাধবী রাতি... তুমি জোছনায় জাগিছ নিশি... সাথে লয়ে নূতন সাথী..."।
অনেকেই অনেক কথা বলে কিন্তু আমাদের সিলেটী ছেলেদের দুঃখ কেউ বুঝে না। কাউকে একটু শান্তিমতো ভালোবাসবো সে উপায় নেই, কোন লন্ডনি এসে ছোঁ মেরে বিয়ে করে নিয়ে যাবে। আমিও বিবিএ করার পর এমবিএ করতে লন্ডন যাব। হয়তো ফিরে এসে আর কোন ছেলের ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে যাবো। কিন্তু তোকে আমার মনে থাকবে সারাজীবন। কারন টা তোকে চুপি চুপি বলেই ফেলি... তুই ই যে আমার প্রথম প্রেম !
পাগলা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


