এতোদিন শুধু গরু ছাগলের মগজ দেখেছি, আজকে মানুষের মগজ দেখলাম। মগজ, মস্তিষ্ক, ইংরেজীতে ব্রেইন। সে ব্রেইন পড়েছিল মহাখালীর নাবিস্কো কোম্পানীর পাশে। নিজের চোখে দেখলাম মানুষের তরতাজা ব্রেইন, মনটা খুব খারাপ, অসুস্থ লাগছে…
মেডিকেলের কোন স্টুডেন্ট হয়তো দেখতে পেত মস্তিষ্কের নিউরন, এক্সন, ডেন্ড্রাইট সেখানে গড়াগড়ি করছে, তারা হয়তো সেখানকার মাটিতে পড়ে থাকা কোন মূল্যবান গ্রুপের রক্তের অপচয়ের কথা ভেবে আফসোস করতো। আমি দেখলাম সেই মস্তিষ্কে স্বপ্ন ছিল, কার জন্যে জানি ভালোবাসা ছিল, কিছু না বলা কথা ছিল, অনেক কষ্টে আহরিত কিছু জ্ঞান ছিল, কিছু কুসংস্কার ছিল, বিধাতা নামক কারো প্রতি ভক্তি ছিল। হয়তো সেখানে মায়ের তাড়াতাড়ি বাসায় ফিরে যাওয়ার তাড়া ছিল, বান্ধবীর সাবধানে পথ চলার সতর্কবার্তা ছিল, তাড়াতাড়ি বাসায় ফিরে খেতে বসার ক্ষিধে ছিল, সব কিছু উন্মুক্ত করে রাস্তায় খুলে ছড়িয়ে ছিটিয়ে দিল ঘাতক বাস।
লাশ সেখানে ছিল না, জানিনা কে মারা গেল। হতে পারে সেটা আমার সেই বন্ধুটা যাকে গতকাল রাতে ফেসবুকে পোক মেরেছি, সে হতে পারে আপনার ছোটভাইটি যাকে নিজ হাতে স্কুলে দিয়ে এসেছিলেন, সেটা হতে পারেন আপনি, সেটা হতে পারতাম আমিও…
আজকে সকাল হল পালোমা নামক এক পিচ্চির মৃত্যু সংবাদ পত্রিকায় পেয়ে, দুপুর হল একজনের ব্রেন দেখে, সন্ধ্যায় কি দেখবো কে জানে। আর কত দেখবো এইভাবে…???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

