ঠাণ্ডা, হিম
ঘাড়ের কাছে শিরশিরে অনুভূতি, খড়খড়ি ফেলা জানালায়
কে যেন খুব মৃদু শব্দে টোকা দিয়ে যাচ্ছে অবিরাম।
খুব অচেনা এই শব্দ-টোকা লোম দাঁড়িয়ে যাবার মতো ভয়ে
আমার দৈনন্দিনতায় প্রতিবন্ধক নামিয়ে দ্যায়
বেলুন ফুটো হয়ে বাতাস বেরিয়ে যাবার মতো হঠাৎ
আমার ঘুম হাওয়া হয়ে যায়
অদ্ভুত কোনো এক রহস্যের মতো অস্বস্তি নেমে আসে
আমার চারপাশে।
দ্রুত, নাটকিয়তায় চারপাশের সব রং মুছে যেতে থাকে
একমাত্র শাদা ছাড়া আর কোনো রঙ-ই থাকে না
পাখিদের অবগাহিত সমস্ত শিস-ই থেমে যায়
এক অদৃশ্য শিরশিরে শিস ছাড়া আর কোনো শিস থাকে না
প্রচলিত সকল নদীর কলস্বর থেমে যায়
এক বিষম অচেনা নদীর কলস্বর শুধু হেনে যায়।
ঝরা বকুলের মতো ঝরে যেতে থাকে আমার চেনা সব
বোধ, প্রত্যয়, অভীপ্সা ও আনন্দ
ঝরে যায় চেনা খুব চেনা ফুলগুলো, পাপড়িসমেত গোলাপ
চন্দ্রমল্লিকা আর বুনো পাতাবাহারের পাতাগুলো
সাবলীল ভঙ্গীতে দূরে সরে যায় চেনা মানুষেরা
খুব প্রিয় মুখগুলো।
খুব ভারভার স্নায়ুচাপ চেপে বসে আছে আমার অজান্তে
মুহূর্তে বদলে যাওয়া আমার বোধে ও জীজিবিষায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

