আমি কবিতা পড়ার চেয়ে আবৃত্তি শুনতে ভালবাসি। কঠিন ভাষার কবিতা ভাল বুঝিনা। সাদামাটা কথার কবিতা আমার ভাল লাগে। এই কবিতাটি আমার খুব প্রিয় একটি কবিতা। কবির নাম জানা নেই। আবৃত্তিকার প্রদীপ ঘোষ। কবিতাটি এবং এর আবৃত্তি (অডিও ) শেয়ার করলাম সবার সাথে।
কখনো আমার মাকে
কোন গান গাইতে শুনিনি,
সেই কবে শিশু রাতে
ঘুম পাড়ানিয়া গান গেয়ে
আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা,
আজ মনেই পড়ে না।
যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি,
যখন ছিলেন তিনি
ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি,
হয়ত তখন ও কোন গান লতিয়ে ওঠেনি
মিড়ে মিড়ে দুপুরে, সন্ধ্যায়,
পাছে গুরুজনদের কানে যায়
এবং স্বামীর সংসারে এসেও মা আমার
সারাক্ষণ ছিলেন নিশ্চুপ বড়,
বড় বেশী নেপথ্যচারীনী।
যতদুর জানা আছে
টপ্পা কি খেয়াল
তাকে করেনি দখল কোন দিন।
মাছ কোটা কিংবা হলুদ বাটার ফাঁকে
অথবা বিকেল বেলা নিকিয়ে উঠোন,
ধুয়ে মুছে বাসন কোসন,
সেলাইয়ের কলে ঝুঁকে,
আলনায় ঝুলিয়ে কাপড়,
ছেঁড়া শার্টে রিফু কর্মে মেতে,
আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে,
অবসরে চুল বাঁধবার ছলে,
কোন গান গেয়েছেন কিনা
এতকাল কাছাকাছি আছি
তবু জানতে পারিনি।
যেন তিনি সব গান
দুঃখ জাগানিয়া কোন কাঠের সিন্দুকে রেখেছেন বন্ধ করে
আজীবন।
এখন তাদের গ্রন্থিল শরীর থেকে কালে ভদ্রে
সুর নয়
শুধু ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



