#
আমার একটা ডানা ছিল। ডানাটি ছেঁড়া ছিল। একদিন উড়তে গিয়ে ঠাস করে পড়ে গিয়ে খেয়াল হলো, ডানাটি ভেঙে গেছে, কেউ এসে ভেঙে দিয়েছে।
আমি খুব শপিং করতাম। এটা-ওটা কিনতাম, শুধু শুধু দরদাম করতাম। কখনো কিছু না কিনে চলে আসতাম। মার্কেটে ডানা পাওয়া যেত না। আমার ডানাটি ভেঙে গিয়েছিল।
প্রায় একা একা হাঁটতাম, একা একা হাঁটি। তাকিয়ে মানুষ দেখি। ফুটপাতে ক্লান্ত পথচারীর পাঁজরভাঙ্গা নিঃশ্বাস দেখি, স্কুল ছাত্রদের চোখভরা আনন্দ দেখি, বেণী দোলানো তরুণীর হেঁটে যাওয়া দেখি। আমার দেখতে ভালো লাগে। কেবল, আমার মতো এক ডানা-ওয়ালা কাউকে দেখি না। আমি একটা ডানা খুঁজছি কিছুদিন ধরে। আমার ডানাটি কেউ এসে ভেঙে দিয়েছিল।
#
ধানমন্ডি থানায় ধুলো পড়া গাড়ির সারি, পেরিয়ে এগিয়ে যাই। ঘর্মাক্ত পুলিশের চোখ খেলা করে- আমার মাথা থেকে নিচে। ওড়না পেঁচানো আমি, লোকটি কী দেখতে পাচ্ছে আমার ডানা নেই?
আমার ডানা হারিয়ে গেছে।
রিপোর্ট করে যান।
কয়েকমিনিটেই পার হয়ে আসি লোলুপ পুরুষের দৃষ্টি। আমার ডানাটি ছিড়ে গেছে। পুলিশ কী খুঁজে দেবে?
কয়েকদিন পার হয়ে যায়। পুলিশের কোনো খবর আসে না।
#
পত্রিকায় পরিচিত বন্ধুর কাছে যাই।
সে ব্যস্ত হয়ে পড়ে, তার দাম্পত্য জীবনের দুর্দশার গল্প করতে লাগল। আর বলিস না, কি যে বিয়ে করলাম। বউ এর দেখাই পাই না। সারাদিন ঝগড়া লেগে আছে।
সব ঠিক হয়ে যাবে- আমি আড়ষ্ট ভঙ্গিতে বলি।
সত্যি ঠিক হয়ে যাবে? আমার হাতে পাই, তার হাতের উত্তাপ।
বন্ধুকে আমার ডানা খোঁজার কথা বলা হয় না, আর। যদিও আমার ইদানীং খুব উড়তে ইচ্ছে করে।
#
আমার বান্ধবীর বড় ভাই ডাক্তার, বিশাল বড় ডাক্তার। সিরিয়াল পাওয়া যায় না। বান্ধবী সিরিয়াল নিয়ে দিয়েছে। ডানা ভেঙে যাওয়ায় আমার কোনো শারীরিক সমস্যা হলো নাকি, সেই ব্যাপারে জানতে আসা।
বাহ! তুমি অনেক সুন্দর হয়ে গেছো।
আমার মুখে লজ্জার হাসি।
নাহ! কিছুই হয়নি তোমার। মন খারাপ করে আমি চলে আসি। সবাই আমাকে সুন্দর বলে, একটি ডানা কেউ খুঁজে দেয় না।
#
আমার খালাতো ভাই কম্পিউটার ইঞ্জিনিয়ার।
তাকে গিয়ে বলি, আমার শরীরে ডানার সফট-ওয়্যার ফিট করে দিতে। সে অবাক হয়ে তাকায়। লজ্জা অবনত দৃষ্টি আমার।
সে কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে বলে, সম্ভব না। সে হাত বুলাচ্ছিল অদৃশ্য কিছু জায়গায়।
ফেরার আগে আমাকে সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিয়ে সুন্দর করে হেসে বলে, বিদায়।
#
মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। তানজীর এসে পেছনে দাঁড়িয়ে বলেছিল, এসো তোমার ভেতর বৃষ্টি নামাই। এসো আমরা আকাশে উড়ি।
বৃষ্টি নেমেছিল, অঝোর ধারায় নেমেছিল। বৃষ্টি আর আসেনি, একফোটাও আসেনি।
পরে বুঝেছিলাম, এক ডানা দিয়ে ওড়া যায় না। দু’টো ডানা দরকার। সেই যে উড়তে গিয়ে পড়লাম, একটি ডানাও নষ্ট হয়ে গেল।
আমার উড়তে ইচ্ছে করে। আমার ডানা পেতে ইচ্ছে করে। পাখি হতে ইচ্ছে করে। সবুজ গাছে বাসা বানাতে ইচ্ছে করে।
আমি উড়তে পারি না। আমার ডানা ভেঙে গেছে। আমার একটি ডানা ছিল। পাখির দু’টো ডানা থাকে। সবুজ গাছে তাই আমার বাসা নেই।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১১ রাত ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



