এই প্রেম অগ্রন্থিত পুষ্পরেণুর মতো বাতাসে ভেসে এসে তোমার চুলে,
বিদেশী তুষারপাতের মতো পড়ছে হঠাৎ। এখানে তোমার আমার মাঝখানে কোনো
দোভাষী নেই। অধ্যাপকীয় টেবিলের অপরপ্রান্তে চুপ করে বসে নেই তুমি।
ক্ষমতা ও আনুগত্যের সুশীতল ছায়া থেকে তুমি সরিয়ে নিয়েছো দেহ।
দেহের প্রতিবিম্ব।
তবু কথা ও গানের বদলে বেতার তরঙ্গে, সংকেতে
প্রকাশিত হচ্ছে তোমার প্রতি আমার অনুরাগ, ক্ষুধা ও অভিমান।
ভুল হয়ে যাচ্ছে।
মধুরতম বচসার ইঙ্গিত ভেবে ভুলক্রমে, তোমার অনাস্থার দিকে
বাড়িয়ে দিচ্ছি হাত।
পথে তুমি ঠিকানা রাখোনি। চিহ্ন রাখোনি কোনো।
ভাবছি, নিজের থেকে কীভাবে ফেরাবো এই হাত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



