ধরেন, রাত দুইটার সময় আপনের ঘুম আসতেছে না। তিনটা, চাইরটা বাইজা যাচ্ছে। এপাশ ওপাশ করতেছেন। বালিশ বদলাইতেছেন। পানি খাইতেছেন। ফ্যান বাড়াইতেছেন কমাইতেছেন। কিন্তু কিছুতেই কিছু হইতেছে না। আজ রাতে আর ঘুম হবে না, এরাম একটা সিদ্ধান্ত নিয়া কম্পিউটর খুইলা মোজিলা ওপেন করলেন। এত রাতে কোন সাইটে যাবেন। রাশি? ওকে, রাশি বিষয় একটা সাইটে গেলেন। গিয়া যদি দেখেন, ওইখানে লেখা আছে 'প্রিয় কন্যা, ঘুম আসছে না তো? আসুন তবে বিষয়টা নিয়া কিছু কথা হোক।' আপনি ভাববেন, তাজ্জব ব্যাপার তো। কেমনে কী? অর্থাৎ ব্যাটায় জানিল কেমনে?
আমাদের এক বন্ধু হাত দেখায় ওস্তাদ। তার মতে, রাশি হইলো মানুষের অতীতের ভাষ্য বা অর্জিত বিষয়ের বিবরণ আর হাত দেখা হইলো ভবিষ্যতের ফিরিস্তি। আমি তেমন একটা বুঝতে পারি নাই। যদি তাই হবে তাইলে রাশি কেমনে বলে, আজ দিনটা কেমনে যাবে? আবার হাত দেইখা কেমনে অতীতের ঘটনা বইলা দেয়?
কালকে একজনের সঙ্গে চ্যাটরুমে দেখা। উনি কইলেন, দুইটা রিলেটেড বিষয়। হইতে পারে। নাও হইতে পারে। আমি জানি না।
আমার নিজের ক্ষেত্রে রাশিফলের একটা বিশেষ প্রভাব আছে। অধিকাংশ সময় দেখি মিলে যায়। রাশির মতো গড় ব্যাপার কেমনে হুবহু মিলে যায় এইটা নিয়া আমি কিছুটা বিব্রত। আরও অল্প বয়সে রাশিফলে আমার অগাধ বিশ্বাস আছিল। তখন কোনো এক বষং শুরুর বিচিত্রায় দেখলাম, আমার উদ্দেশে লেখছে, দিল সে নেহি দেমাগ সে চলো। মেসেজটা আমার মাথায় ঢুকছিল। আমি খুব আবেগী লোক। আবেগের কারণে নানা রকম বিপদ হইতো। কথাটা এই আবেগী জীবনের নানা বাঁকে পাথেয় হয়ে রয়েছে।
রাশি বিষয়ে আমার ভাবনা কী? এই প্রশ্নটা ভুলে গেছলাম। একজন একটা লিঙ্ক পাঠায়ে রীতিমতো চিন্তায় ফেলে দিল। (http://www.rashi12.com/) লিঙ্কে আমার রাশির ফল দেইখা আঁতকে উঠলাম। হায় হায় আমার ব্যক্তিগত কথাবার্তা জানলো কেমনে?
একেএকে সব রাশি সম্পর্কে পড়লাম। বুঝলাম, সবাইরে মোটামুটি কনভিন্স করার ব্যবস্থা এইখানে আছে। তবু এতটুকুও কেমনে সম্ভব?
এই লিঙ্কটা পরে আমি অনেকজনরে পাঠাইছি। সবাই কইছে এইটা পড়তে পড়তে তাদের দিন কয়টা ভাল কাটছে। তারা রাশি বিষয়ে প্রভূত নলেজ পাইছেন।
আপনাদের উদ্দেশেও দিলাম। সামনে ঈদের ছুটি। রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ। তো, ঈদে যদি বাড়ি না যান। নেটে বইসা অলস সময় কাটাইতে হয় তাইলে সাইটটায় যাইতে পারেন।
রাশিফল নিয়া মাঝে মাঝে বিরক্ত লাগে। ডেইলি রাশিফলে, চোখ গেলে হয়তো দেখলাম একটা মেজাজ খারাপ করা ঘটনার সম্ভবনা আছে। তখন একটা সতর্কতা পরিস্থিতি বিরাজ করে। এইটা ভাল লাগে না। তাই ডেইলি রাশিফল আমি পড়ি না। না পড়ার চেষ্টা করি। আশপাশে অনেককেই দেখি ডেইলি রাশিফল পইড়া দিন গুজরান করে। শুনছি ব্যবসায়ীরা নাকি খুব রাশিতে বিশ্বাস করে।
রাশি নিয়া আমি খুব কনফিউশনে আছি। এই কুসংস্কার কি না এইটাও একটা আলোচনার বিষয়। এইটা ট্রাডিশনাল বা ইনডিজেনাস নলেজের অংশ বইলাও কখনো কখনো মনে হয়। আবার কখনো কখনো কুসংস্কারও মনে হয়।
আমার মনে হয়, রাশি নিয়া মানুষের কনফিউশন দূর হওয়ার আশু কোনো কারণ নাই। কারণ বিজ্ঞান অতীতকে জানার নানা টুল আবিষ্কার করছে। একশ বছর পর দুনিয়ার কী হবে সেইটা নিয়া গবেষণা করছে। কিন্তু এক মুহূর্ত পর একজন ব্যক্তির কী হবে, এইটা জানার প্রযুক্তি আবিষ্কার করে নাই। তাই, কেউ যদি আগামী দিনের কোনো কথা কইতে চায় তাইলে আমরা আগ্রহ নিয়া শুনি। সেইটা ফললো কি না সেটা নিয়া লোকে বেশি ভাবে না। অনুমানটা শুনতেই মজা লাগে। মজায় মজায় আবার কথাগুলা ভেতরে নানা প্রভাব তৈরি করে। খানিক বিশ্বাস খানিক অবিশ্বাসের মধ্যে দোলায়িত হইতে থাকে।
ফলে, রাশিফল নিয়া কনফিউশন আরও কিছুকাল থাকবে বইলা মনে হইতেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



