
রাত নির্ঘুম থাকেনা আমার;
সারারাত হিবিজিবি জীবন্ত স্বপ্ন
সমুদ্রসহ বিভাজন...
যে পাড়ে প্রথম দেখা আমাদের!
ভাটায় জলে নেমে আর ফিরতে পারিনা
বড় দূর দেখায়।
যতটা এখন তুমি...
খুব দ্রুত সিদ্ধান্তটা নিয়ে ফেলব ভাবছি।
অযথা কাল ক্ষেপন বড় অস্বস্তিকর।
দূরত্ব নির্ণয় এখন সময়ের ব্যাপার মাত্র।
সিদ্ধান্তটা নিয়ে ফেলব ভাবছি!
হয় তুমি থাকবে নয়ত না...
এমনও না যে তুমি থাকলে বা আছো বলে
আহ্নিক আর বার্ষিক গতি নির্ভুল ছন্দময়;
কিমবা এমনও না
তুমি না হলে তার কিছু বদলে যাবে।
সাগর দাঁতাল স্রোতে সারাক্ষন মাতাল;
তোমার থাকা না থাকায় কিছু যায় আসেনা।
যেসব কবি নির্বোধের মত বলে
তোমার জন্য বৃষ্টি হয়
চন্দ্রে গ্রহন লাগে
যৌবন সুন্দরম...
তাদের আমার নিকুচি করতে ভাল লাগে।
আমৃত্যু বা আজন্ম পক্ষান্তরে একই মত বহন করে,
একই অর্থ।
যখন থেকে তুমি থাকবেনা,
মানে আমার দৃষ্টিতে পলক পড়বেনা,আমি হব একটি
স্থির মানুষ।
আমার ভাবা না ভাবাই যখন মূল আলোচ্য
সিদ্ধান্তটা তখন খুব জরুরী।
শ্বাস নেবার মত-
কিংবা বক্ষব্যাধীতে আক্রান্ত বেবাক বলদের
গ্রহন বর্জনের শুদ্ধনীতি ত্যাগের মত।
তোমাকে ভাববনা মানেই তুমি থাকবেনা।
যখন আমি সাদা কাফনে মোড়ানো
খাটিয়ায় শুভ্র পালকের মত পড়ে থাকবো
তোমাকে ভাবছি বললে,তুমি কি হাসবেনা!
খুব জানি ভালবাসার কথা বলতে নেই;
তোমার একটাই আমি,এমন দিন দুপুর রাত এক করে
তোমাকে কেউ ভাববেনা।ভালবেসে অতিষ্ট করে দেবেনা
তোমার একলা মুহূর্ত।
তারপরও সিদ্ধান্তটা নিয়ে ফেলব দ্রুত।
ভাবতেই পারিনা কালান্তে রাত নির্ঘুম কাটবে আমার!
উবু দশ বিশ তিরিশ...
তুমি থাকবে অথবা থাকবেনা।
আমার সাথে মাটি চাপা পড়তে তোমার খারাপ লাগুক
বিশ্বাস কর,আমি না থাকলে তুমিও থাকবেনা...


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

