১.
আহ বনবিহারি! ভাড়ের চা এ চুমুক দিয়ে মিটমিট করো চোখ!
তোমার সামনে এ শিশুটি কাগজের পাতা। জাহাজে করে উড়ে এসো।
চোখ বুজে চলে এসো!
২.
কে এঁকে দেবে মানচিত্র সুমতি!
সোনার ঘোড়া আমার। পিঠের উপর সুনীল ছাতি! সোনালী জরির ঝালরে ছায়ায় রোদের আড়ালে দুলে দুলে পাড়ি দিয়ে নি বালুর পাহাড়!
দুচোখের মেঘ নিয়ে আমি তোর কান্না কাঁদি।
আলো আর অন্ধকার পিঠেপিঠি ভাইবোন। হেসে তাকালো আমাদের দিকে!
৩.
আমরা বরফের পাহাড়টাতে ফিরে যাব...
জানালার কাঁচে নিঃশ্বাস এঁকে দেয় ঝাপসা ছবি
আমি তো আমাকে সারাক্ষন দেখি!
জানালাটা পরিচিত লাগে ! আয়নাটা জানালা যখন।
যদি পাহাড়ের পথটাকে দেখে দেখে চেনা মনে হয়!
আমরা কি পুতুলের মত মিথ্যে ?
পাহাড়টা গলে গেল
কি দ্বিধায় ফেলে দিল দেখ!
৪.
ভুল করে প্রচ্ছদকারী যদি সোনার ঘোড়া নামে হাতি এঁকে ফেলে-
আমি তো অরন্যের হাঁটা পথটাকে আকাশের বৌ ভাবি।
কি করে চিৎ হয়ে বুক পেতে থাকে!
৫.
কি তীব্র ইচ্ছে শক্তি আমাদের।
আমরা বেঁচে থাকি নিঃশ্বাস না মেখেই অন্ধকারে।
গভীর অন্ধকারে! করুন অন্ধকারে!
রজত শুভ্র আমার-
ভাল বাসা টাকে ভালবাসা বল! চুরি করে ফেল!
বিনিময় চাই।
কি দেবে দাও। তালুতে সমুদ্র এঁকে চুমুর। কি নেবে নাও।
৬.
বিবেক বাবু বুকের ভেতর এত উচ্ছল থাক!
আমি বলি, ''সেই তো?''
যে হাসিটা ঠোঁটের উপর প্রজাপতির মত কাঁপে!
৭.
আমার মেয়ের বাবা তোমার লুডুর ছকে বয়স কেমন সাপের মত
গিলতে আসে আমাকে। আমি তো মকর থাকি রাত দিন!
সবুজ আপেলে দাঁত কেটে হাসি মুখ!
আমার মেয়ের বাবা, যেও আরেকবার দান খেলে !
বসো আরেকটু। সেরে নি সন্ধ্যার গল্প!
গুটিটা তো খেতে পারতে! এত ভাল দান ছিল তোমার! ছয়-তিন..
ভালবাসা অসুখটা তোমাকে হারতে বলে!
৮.
আমি আয়নাতে দেখি রেলপথ।
সমস্ত স্টেশন জুড়ে আনন্দ। মালগাড়ি পেট ভরে চলে যায়।
আমাদের ট্রেনটাকে খুঁজি।
মৌরী ফুল! আমাকে নিয়ে চলো।
৯.
ঝুমকোটা কানের কাছে উইন্ড চাইমের মত দোলে
তোমার চুমুর হাওয়া পেয়ে! লবনের সমুদ্র উন্মুক্ত করে রাত দিয়ে দি!
স্নানের দৃশ্যটা এমন বেহায়ার মত না দেখো।
১০.
তোমার চোখ তাকিয়ে থাকে! তুমি কি ভাবো আমার শরীরে গোলাপ কাঁটার আঘাত-
শরীর টের পায়না!
আমরা খুব ভালবাসবো।
বুক ঘেসে পিপুলের ছায়ায়
আমরা ঘুমিয়ে গেলে রাতের রোদ বাতাসে দোল খাবে।
আমরা তখনো খুব ভালবাসি!
দুধের মত স্বাদু জোৎস্নায় তুমি গান শোনাবে।
আমি তো অপেক্ষার বন্ধু।
উত্তরের জানালা দিয়ে কেমন হু হু শীত ঢোকে।
আমার ভেতর কেঁপে যায় তোমার উত্তরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


