বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারেক রহমান আজ আমাদের কাছে কোনো ব্যক্তি নন, রাজনৈতিক প্রতীক। তাকে সম্পূর্ণ মুক্ত অবস্থায় দেশে ফিরিয়ে আনার শপথ আমাদের নিতে হবে।’ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের গণতন্ত্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সারা দেশে জনমত গড়ে তুলতে হবে। তারেকের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আজ শনিবার বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমানের অগ্রযাত্রা গোড়াতেই বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হয়েছে, অপপ্রচার চালানো হয়েছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁকে কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। কিন্তু এইভাবে জাতীয়তাবাদী শক্তিকে স্তব্ধ করা যাবে না।
স্থায়ী কমিটির আরেক সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছিল, সাড়ে তিন বছরে তার একটিরও অভিযোগপত্র দিতে পারেনি। সব অভিযোগই মিথ্যা ও বানোয়াট।
বিএনপির সহসভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুস্তাহিদুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

