নদী একটা রুমালে ফুল তুলায় ব্যস্ত ছিলো অনেকটা দুপুর। সেই ফুলের উপর বেগুনী রঙের একটা প্রজাপতি চুপটি করে বসেছিলো। যখন নদী ভালবাসায় এক একটা সুচ তুলতো তখন তার কলাপাতা-রঙা চুড়ি রিনিঝিনি বাজত। সেই রিনিঝিনি সুর পাশের পাড়ার শ্রাবনের বুকে তুলপাড় সুরের ঝংকার তুলত। একটা একটা ফুলের পাঁপড়ি যখন নদী বুনে যেতো তখন এক একটা পাঁপড়ির মাঝে যেনো শ্রাবন হেসে যেত। কি অদ্ভুত মায়াকাড়া সেই হাসি! পড়ন্ত বিকেলে নদী আলতা মাখত পায়ে। নুপুরও বাজত পায়ে। তেমনি এক পড়ন্ত বিকেলে আলতা পায়ের সোনার মেয়ে রুমাল দিলো শ্রাবনের হাতে। সোনার মেয়ে জানতই না যে রুমাল দিলে ঝগড়া হয়!(কিংবা বলা চলে-সম্পর্ক টিকে না।)
রুমালের ডান কোনায় হালকা নীল সুতোয় লিখা ছিলো "ভুলো না আমায়"। শ্রাবন নদীকে এক গোছা ডালিম রাঙা চুড়ি পড়িয়ে দিলো। কিংবা বলা চলে, শ্রাবন "কথা দিলাম" নামক কোন অঙ্গীকার নদীর হাতে বেঁধে দিলো। দৃঢ় আশ্বাসের মতই কাচের চুড়িগুলো ছিলো স্বচ্ছ সুন্দর।
কেউ দেয়না মুঠোর ভিতর রোদের রুমাল:
অনেকটা দিন পর শ্রাবন ঢাকা গেলো....এক সময় আধুনিকও হলো। আধুনিক শ্রাবনরা ঘুমানো প্রজাপতির রুমাল রাখে না বুকপকেটে। শ্রাবন রুমাল থেকে প্রজাপতি উড়িয়ে দেয়। তবুও প্রজাপতি মুক্ত হয়না! জানালার মত ছোট্ট আকাশে প্রজাপতি বুক ভরে নিঃশ্বাস নিতে পারে না। এক সময় প্রজাপতি পিচঢালা পথের বুকে মরে লেপ্টে থাকে। শ্রাবন এক এক করে একটা একটা ফুলের পাঁপড়ি ঝরিয়ে দেয়। শ্রাবন জানে না, ফুলের পাঁপড়ি সেতো ঝরে না, একটু একটু করে শ্রাবনের হাসি মলিন হয়ে যায়...যতই রুমাল সাদা হতে থাকে...চিহ্নমুক্ত!...ততই শ্রাবনের অস্তিত্ব মুছে যেতে থাকে।
ছোট হয়ে আসে ডালিমরাঙা চুড়ি!
অনেকটা বছর পরও নদী গ্রামের শান্ত, সহজ-সরল নদীই থেকে যায়-যেখানে পাল তোলা কোন নৌকা ভেসে বেড়ায় না। তবে এক সময় ডালিমরাঙা চুড়ি ছোট হতে থাকে (যদিও লোকে বলে, মানুষ শারীরিকভাবে বাড়তে থাকে)। চুড়িগুলো নদীর হাত কামড়ে ধরে থাকে....সেখানে রক্তক্ষরন হয়। নাহ! নদী আসলে রক্তাক্ত হয় না। শুধু ডালিম রাঙা চুড়ি আরো গাঢ় হয়ে সিঁধূর-রাঙা হয়। তবুও নদীর বুকে একটা স্বচ্ছ জলের দিঘী থাকে, সেখানে আর কেউ কোনদিন ডুব সাঁতার দেয়ার চেষ্টা করে না।
সেদিন থেকে কলাপাতা রাঙা চুড়ি আর রিনিঝিন সুর তুলে না।
****
অবশেষে:
সমুদ্র রাখে না জমা সব সাঁতারের দাগ!
http://www.youtube.com/watch?v=hMKUCnRW7lY
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


