তুমি স্বচ্ছ চাদরে উষ্ণতা লুকিয়ে রাখো
আমার লেপের ভাজে ভাজে থাকে শীতল কোয়া
আমি একটি একটি করে লেপের সুতা খুলে দেই
তবুও তোমার চাদরে এত উষ্ণতা থাকে কি করে!
আমার বিছানায় তুষার জমে
এখানে বড্ড বেশি শীত
আমি তুষারের চাদর গায়ে এক ধবলহাঁস হই
********
আমাকে অন্ধ করে দিয়েছিলো চাঁদ
আমাকে তোমার চোখ দুটি খোলে দিবে?
আমি তোমার চোখের মণি বুকে করে বয়ে বেড়াবো
আমি দুহাত ভরে ঘাসফুল গুঁজবো আমার চুলের বেনীতে
তুমি আর কক্ষনো দেখবে না আমার অপরূপ রূপ
শুধু আমি তোমার হাত দুটি ধরে
অসহ্য সুন্দরের আগুনে পুড়ে মরে যাবো।
*******************
রাখাল, আমি তোকে নিয়ে পালিয়ে যেতে চাই
আমার কোন কালেই কোন বাঁশি ছিলো না
আমার বুকের বোতাম ছিঁড়ে পাখি উড়তে চাইত না
মাঝে মাঝে শুধু বিষাদ সুরে মরা কান্না জুড়ে দিতো
তারপরও আমার সোনার পালঙ্কে কোন বাঁশি শীতঘুম দিতো না
তবুও আমি রাধাঁ সেজে ফুল হাতে
রাখাল, আমি তোকে নিয়ে পালিয়ে যেতে চাই।
*****************
তুই, ফড়িং কিংবা দীঘির টলমল জল
ফড়িং, তাকে মানায় শস্য ক্ষেতের ধানের শীষে উড়ো উড়ো
আর তোকে মানায় আমার বুকের মাঝে সরোবর।
**************
সাঁতার দিও দীঘির জলে, সাঁতার দিও মনে
আমার একটা লাল শাড়ি আছে
শাড়ির আচলে বাধাঁ আছে তোর দুটি চোখ
তুই আমার জন্য আলতা আনবি বলে
"মায়া দীঘির" জলে ডুব সাঁতার দিলি!
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


