একজন আমায় জিজ্ঞেস করেঃ
আমি তার কি হই !
আমি বললামঃ
কবির জন্য অনিবার্য প্রেম
আমি সেই প্রেম।
জলোচ্ছাসের উচ্ছ্বাসে শুভ্র তুষারের রেণু
ধবলের গায়ে পড়ে কুচকুচে কাল ঠোটে
পোয়া মাছদের দাত। কবি হাসে।
মাছরাঙার চঞ্চুতে তার জলে ডুবে যাওয়া
এক ফালি তরমুজ।
কবি দুঃখ গিলে খায়
কবি আনন্দ গিলে খায়।
বুভুক্ষা গিরগিটি মরুচারী বন্ধ্যা বালিতে
সূর্য চোখ চৌচির দেহ দানাদানা
নিশিগ্রস্ত উদ্ভ্রান্তর পরিসমাপ্তির মরুদ্যানে
আমি কবির মরুদ্যান, জলময় তরমুজ।
ঃ সে কবে তোমার প্রেমে পড়ল।
ঃ কবির জন্মের আগে
আমার জন্মের সাথে তার আজন্মের প্রেম।
মৌলভীর আজানুলম্বিত পোশাকে ঢেকে থাকা
আমার শরীরের গন্ধ তার আতরের খোশবু
জিহবায় জলপাই আচার তার বহুমুখী আস্বাদ
রোদে রাখা সর্ষে তেলের উঠোন। জলপাই প্রেম।
কবি তখনও কবি নয়। লালাভরা মুখ।
ঃ তুমি আর সে কি একসাথে থাক ?
আমি বললামঃ কবি কি বেঁচে আছে ?
সে বললঃ না, সে মরে গেছে। শুধু আছে সেই কবিত্ব
আমি বললামঃ আমিও মরে গেছি। শুধু কবির কবিতায় আমার আমিত্ব।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



