তোমার জন্য একটা টি-শার্ট কিনব বলে নামি রাস্তায়
বাসযাত্রীর লাইন থেকে উঠি। নাম দিলাম মধ্যবিত্ত বাস।
সাত শ' টাকায় এলিফেন্ট রোডের মেনজ ক্লাব, লেভিস,
ক্যাটস আই, প্লাস পয়েন্টের একটা হ্যাঙ্গিং ওয়্যার
তোমাকে দেব আমি এ যাত্রায়।
আমার সামনে লম্বা গাড়ির লাইন স্থূল বেঢপভাবে ঢলছে
স্পিডোমিটার মৃদু নড়ে জানান দিচ্ছে জীবিত বাসের নাড়ী।
হাতের ডানে লোকের লম্বা সারি। মুমূর্ষ মানবজাত তিন কেজি
থলে হাতে বি. ডি. আর শপের মুখে দাঁড়ানো। রৌদ্র ফ্রি।
ত্রাতা শপের উল্টো দিকে নোংরা পঁচা ভাগাড়
নাক টিপে তাকিয়ে দেখি অদৃশ্য সব কুকুর
ময়লা খাওয়া কাকগুলোও গেছে ক্ষুধার পেটে
পঞ্চাশ টাকায় চাল কিনছি ভরা গোলার শীতে।
আট টাকায় রিক্সা নিলাম, রিক্সা চলে ধীরে
বিশ্রী জ্যামে আটকা থাকায় মেজাজ চরম খারাপ
'জোরে চালা' বলে আমি দিলাম বেজায় কড়া ধমক।
পা দুলুনি বন্ধ হল ওর তাকানো দেখে
আমার হাতে টি-শার্ট কেনার আনন্দ সুখ,
ওর পেটে চৌদ্দ কেজি খিদে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

