গীতি - ১
২০ শে মে, ২০০৮ সকাল ১০:১৭
দেহখানা এই দেহ নয় ঠিক, শুধু সন্দেহ, আজব নেশা
আজব ভাণ্ড, কীর্তিকাণ্ড, ভাণ্ডটা খুব অপর-ঘেঁষা ।।
আগুনেরে বশ করছে পবন
পবনেরে বশ করে কোন্ জন?
তরলে বায়ুর শাসন মণিতে আয়ুর আসন হরহামেশা
দেহখানা এই দেহ নয় ঠিক, শুধু সন্দেহ, আজব নেশা!
আজব ভাণ্ড, কীর্তিকাণ্ড, ভাণ্ডটা খুব অপর-ঘেঁষা ।।
মাটি ও লবণ দুজনেই বশ জলের কাছে
মোম থাকে ভীরু, গলনপ্রবণ, আগুনের আঁচে
মোমে ও মাটিতে, লবণে-পবনে, আগুনে-পানিতে স-ব মেশা...
দেহখানা এই দেহ নয় ঠিক, মিছে সন্দেহ, আজব নেশা
আজব ভাণ্ড, কীর্তিকাণ্ড, ভাণ্ডটা খুব অপর-ঘেঁষা ।।
একে তো ভীষণ মাটির তাপ
তার ’পর ফের পবন-প্রতাপ
কোন্ দিন এই চিলেকোঠা ফেলে কোথা যে পালাই, না পাই দিশা
দেহখানা এই দেহ নয় ঠিক, শুধু সন্দেহ, আজব নেশা
আজব ভাণ্ড, কীর্তিকাণ্ড, ভাণ্ডটা খুব অপর-ঘেঁষা ।।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বি পজেটিভ বলেছেন:
ভাণ্ডটা খুব অপর-ঘেঁষা! বেশ লাগলো! +
চিটি (হামিদা রহমান) বলেছেন:
একে তো ভীষণ মাটির তাপতার ’পর ফের পবন-প্রতাপ
কোন্ দিন এই চিলেকোঠা ফেলে কোথা যে পালাই, না পাই দিশ।
...............খুব ভালো লাগলো।
শুভেচ্ছা রইল। ভালো থাকুন।
মাসুদ খান বলেছেন:
ভাই মানব মানিক, বি পজেটিভ, মৃদুল মাহবুব এবং চিটি,অনেক অনেক ধন্যবাদ, মতামত জানানোর জন্য, তা-ও ফের টাঙানোর সঙ্গে-সঙ্গে! এর আগের পোস্টিং-এ প্রতিক্রিয়া দিতে গিয়ে স্রাফা এই লিরিকটা পড়তে চেয়েছিলেন। তঁারই প্ররোচনায় টাঙিয়েছি। লিরিকটার একটা খসড়া প্রাথমিক ভার্শনে সুর দিয়ে মৌসুমী কাদের গানটা গেয়েছিলেন, বেশ আগে। তঁার গানের অ্যালবামে আছে এটা। আরো কয়েকটা লিরিক লিখেছিলাম। এক-এক করে ঝুলানো যেতে পারে, কী বলেন?
এখন আরো ডেভেলপ লিরিক পেয়ে বেশ সুখ পাচ্ছি...
আপনারা যারা শুনতে চান..তারা
"পথের ধারের ভাঙা মানুষ" এলবামটা সংগ্রহ করেন...
মাসুদ খান কে পুনরায় ধন্যবাদ।
সফেদ ফরাজী...... বলেছেন:
মাসুদ ভাই, কেমন আছেন? আপনার গীতি পাঠ ভালো লাগলো। গীতিগুলোর গীত শুনতে পারলে আরো ভালো লাগতো হয়তো। ভালো থাকবেন মাসুদ ভাই।
সুরিজত স্বপন বলেছেন:
গানটা তাহলে শুনতে হয়। কবিসভায় বোধ করি এই গান নিয়ে একবার মানে এই গতবার খুব মাতামাতি হয়েছিলো।
লেখক বলেছেন: মাতামাতি হয়েছিল নাকি, জানি না তো! ধন্যবাদ স্বপন!
মাসুদ খান বলেছেন:
প্রিয় মানব, বি পজেটিভ, মৃদুল, চিটি, টুকু, স্রাফা, সফেদ, স্বপন ও অপরাপর সহযাত্রীরা...ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে। সুর দিতে পারি না, গাইতে পারি না, লিরিকও খুব একটা লিখতে পারি না, যা-ও লিখি তা-ও ঠিকমতো সুর-উপযোগী, গায়ন-উপযোগী হয় কিনা জানি না, প্রাণে গান নাই মিছা তাই....অক্ষম বেসুরো এক কবি আমি! উড্ডয়ন-অক্ষম মোরগ দাবি করে, সেও পাখি! বেসুরো কর্কশ কাক বলে, সেও গায়ক পাখি! হায়, হলাম গিয়ে সেরকমই এক কবি !
লেখক বলেছেন: সাধুবাদ, সাধু!
লেখক বলেছেন: ধন্যবাদ, স্রাফা। দুই ভার্শনে ফারাক অনেক, তাই এই ডেভেলপড ভার্শনটাতে ষুর লাগিয়ে গাওয়া হলে ভালোই হত মনে হয়।
ফয়সল নোই বলেছেন:
দারুন!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















পবনেরে বশ করে কোন্ জন?
তরলে বায়ুর শাসন মণিতে আয়ুর আসন হরহামেশা "
ভালো লাগলো ।