জৈব যাদু, তাও ব্যর্থ হয়ে যায়
অ-পরবের দিনগুলোতে।
বারুদে সভ্যতা পোড়া চামড়ায়
গুঁজে দেয় অনির্বাণ সলতে।
হাসি কান্নার ঠমক সরিয়ে
এখানে শুধু বাণিজ্যের পসার,
মূল্য সূচকে ওঠানামা করে
ভাগ্যলিপি, ললাটের রূপকার।
সীমান্ত স্বপ্নহীন, তার চাইতে বেশি
বিকৃতির পারদ,
অপধর্মের দাপানিতে, স্রষ্টা লজ্জিত
প্রতি বর্গমাইলে গারদ, গারদ।
'আমার', 'আমি' শব্দের গাঁথুনি
গড়ে যায় আত্মম্ভরিতার ফ্ল্যাট সটান,
'আমরা', 'আমাদের' যৌথ নক্শা
নীরবে নিজেদের গোটান।
এতটুকু ছায়া নেই, নেই স্নেহের জল,
বুকের মাঝে হু হু বয় লু হাওয়া
কোথায় সেই ফুলে ফুলে ঢাকা
'স্বাধীন' বনতল?
**কবি রুবি রহমানের জীবনসঙ্গী নূরুল ইসলাম ও সন্তান তমহর ইসলাম স্মরণে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



